(গত শুক্রবারের পর)
দিন শুরু হলো জ্ঞান দিয়ে। ব্রেকফাস্ট করতে বসেছি। সুজি হয়েছে। চিনির শিরা দিয়েই মনে হয়। মা পাশেই ছিল। আমাকে বলে কী তেজপাতাটা ফেলে খাস। কী একটা পরিস্থিতি। আমি পাঁচ বছরের বাচ্চা নাকি যে তেজপাতা খেয়ে ফেলব? শেফালিকে দুঃখের কথা বলতে ও বলল, ‘দুই বছরের বাচ্চাও তো তেজপাতা চিবাইয়্যা খায় না। এ ধরনের কথা বলা ভারি অন্যায়।’ আমরা যখন হাঁটি, টোড়ি মাসি তখন সাঁতার কাটে। আমাদের বলেছে ১১টা ৫ মিনিটে টোড়ি মাসিকে সুইমিং পুল থেকে তুলে নিতে। টোড়ি মাসি এভাবেই কাউকে সময় দেয় কোনো কাজ করতে নিয়ে। ৯টা ২৫ মিনিটে দেখা হবে। গাড়ি ছাড়বে ১০টা ২০ মিনিটে। ৪টা ৪০ মিনিটে বাজারে যাব। এ বিষয়ে অনেক ভেবেছি। কেন এভাবে সময় দেয় টোড়ি মাসি? আমার ধারণা চারপাশের মানুষদের ভয় দেখাতেই এমনটা করেন তিনি।
অবশ্য বলবার অপেক্ষা রাখে না যে বাঙালি সমাজের কেউই টোড়ি মাসির দেওয়া এসব সময় রাখতে পারে না। সকাল ১০টায় আসতেই তাদের ‘বারোটা’ বেজে যায়! এই তো কাল! শুনতে পেলাম টোড়ি মাসি বাড়িতে আসা একজন ভদ্রলোককে খুবই উচ্চস্বরে বকছে। ভদ্রলোকের অপরাধ হলো উনি বলেছেন, ‘কাল বিকালের দিকে আসব’। ১২টা ২৫ মিনিটে সময় দেওয়া টোড়ি মাসি বলল, ‘এ আবার কী? বিকালের দিকে আসব মানে কী? হয় বলবেন ৫টা ১০ মিনিটে আসবেন, কিংবা ৬টা ৫ মিনিটে আসবেন। ‘দিকে’ আবার কী রকম কথা?’ হতভম্ব হয়ে যাওয়া ভদ্রলোকের মুখটা দেখবার মতো হয়েছিল! আমার তো কোনোরকম কাজ নেই। আমি এসবই দেখে বেড়াই। আজ হাঁটতে যাওয়ার সময় শেফালি আমাকে বলে কী, ‘মুখটা একটু ঘুরান দেখি। আজ তো খুব সুন্দর লাগতাছে।’ এজন্যই টোড়ি মাসি আমাকে শেফালির বন্ধু বলে। আর আমার মনে হচ্ছে মুখে পেঁপে মাখাটা হয়তো কাজ দিয়েছে। রমনা পার্কে যাওয়ার আগে শেফালিকে আমি বললাম, ‘গেলাম’। শেফালি সঙ্গে সঙ্গে বলে কী ‘গেলাম’ বইলেন না। বলেন ‘আসি’। মনে হচ্ছে শেষ পর্যন্ত আমাকে শেফালির সঙ্গে নাটকেও নামতে হবে। রমনা পার্কে আজ এক অতি অদ্ভুত ব্যাপার দেখলাম। প্রেমিক, প্রেমিকা এসেছে আর সঙ্গে এসেছে মেয়েটির বুয়া! চমকপ্রদ লাগল বিষয়টি। আমি সবসময় সব গাছ চিনি বলে গর্ব করি। কিন্তু আজ দেখি মা আমার থেকে বেশি গাছ চেনে। ক্রমশ হাঁটতে হাঁটতে বলতে থাকল, ‘হিজল, শিরিষ, কড়ই, রাজশিরিষ, স্বর্ণচাঁপা, অশোকৃস্বর্ণচাঁপা গাছটা ফুলে ফুলে ভরে আছে।’
আমার সালোয়ারগুলো দরজির দোকান থেকে ফেরত এসেছে ৩৬ ইঞ্চি লম্বা হয়ে। বিশেষজ্ঞ হিসাবে ছিল মা, টোড়ি মাসি, রঞ্জনা মাসি। একবার উচ্চতা কমিয়ে বাড়িতে ট্রায়াল রান হিসাবে পাঠানো হয়েছিল। সবাই মত দিয়েছে উচ্চতা ঠিক আছে, আর রাস্তার ধুলা লাগবে না। অথচ আজ রমনা পার্কে হাঁটবার সময় সে সালোয়ার পরেছি। মা আবার শুরু করেছে, ‘সালোয়ারটা গুঁজে পর। অনেক ময়লা।’ আমি আমার তেজ দেখিয়ে বললাম, ‘তোমরা মিটিং করে ৩৬ ইঞ্চি লম্বা সালোয়ার করেছ যেন গুঁজে না পরতে হয়। এখন এসব কথা কেন?’ রমনা পার্কে মা’র গুটি গুটি হাঁটা দেখে একজন মহিলা এসে বললেন, ‘আমার নাম কবি আসমা খাতুন।’ এই প্রথম শুনলাম কেউ নিজের নামের আগে নিজেই ‘কবি’ যোগ করে। তারপর কবি মা-কে বললেন, ‘আপনার হাঁটা দেখে সাহস পাই। এখন রিটায়ার করেছেন?
আপনি কোথায় কাজ করতেন?’ মা বলল, ‘হ্যাঁ।রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াতাম।’ কবি অনেক সাধাসাধি করলেন ওনাদের সাথে বসে রোদ লাগাতে। তারপর হাঁটতে যেতে। মা’র তেজময়ী রুটিন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। মা কবিকে বলল, ‘আমি আগে হাঁটব, তারপর বসব রোদ লাগাতে। আমি দিন শুরু করেছি যথারীতি টোড়ি মাসির বকা খেয়ে। আমি বিছানা করেছি, কিন্তু বালিশের নিচ দিয়ে মশারির দড়ি ঝুলছে। টোড়ি মাসি বলল যে ধর তুই সার্জারি করলি আর নাড়িভুঁড়ি বের হয়ে থাকল। ঠিক তেমন বিছানা তোলা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই আমার করবার নেই। তবে এইভাবে আর কত দিন আমি ঢাকায় টিকতে পারব তাই ভাবছি। আমাদের রমনা পার্কে নিয়ে গিয়েছিলেন কামাল ভাই। আজ কামাল ভাই পিন স্ট্রাইপড নীল রঙের স্যুট পরে এসেছেন। চমৎকার দেখাচ্ছে।
আজ মা চাচ্ছিল খুব চুপিচুপি রমনা পার্কে ঢুকতে যেন কবিদলের সাথে দেখা না হয়। মা’র চলার পথও বদলে ফেলবার চিন্তা করছিল। কিন্তু ‘পড়বি তো পড় মালির ঘাড়ে।’ কবি আসমা খাতুন আমরা রমনা পার্কে ঢোকা মাত্র কোথা থেকে ছুটে এসে মা-কে ‘হাগ’ দিয়ে গেলেন। সৌম্য, শান্ত কাউকে ‘হাগ’ দিলে উনি নাকি শক্তি পান। আমার সাথে উনি যদিও শুধু হ্যান্ডশেক করেছেন। কী যে পরিস্থিতি! আর মা মনে হয় শক্তি পায় অসংখ্য গাছদের দেখে। আজ দেখা হয়েছিল বাসক, লটকন, মহুয়া-র সাথে। মা’র স্মিত হাসি দেখে কে! মা-ও যথেষ্ট স্মার্ট হয়ে উঠেছে। মা-র ফিটবিট ঘড়ি দেখে আমাকে আজ বলে যে এক হাজার পঁচিশ স্টেপ হলো। দুই হাজার স্টেপস নেবার ইচ্ছা ছিল। এইসব ভয়াবহ ইচ্ছা শুনে আমারও মা’কে ‘হাগ’ দিতে ইচ্ছা করল। আমি একটা চমৎকার কাঠঠোকরা দেখতে পেলাম।
হলুদ রং আর মাথার ওপরটা লাল রঙের। আরও কিছু ভালো জিনিস দেখলাম। অনেকগুলো কুকুরকে একজন খাবার দিচ্ছেন। তারপর দেখি অনেকগুলো কাককেও একজন খাবার দিচ্ছেন। মনটা অনেক ভালো হয়ে গেল। যদিও অচেনা একজন এসে আমরা কতজন ভাই-বোন এবং মা-র কাছে কে কে থাকে এইসব জিজ্ঞাসা করে গেল। মা-কে একা রাখাটা যে একদম অনুচিত হচ্ছে তাও জানাল। আমি বললাম ঠিক একা নয়। আমার মাসি আর মেসোও মা-র সাথে থাকে। তখন উনি বললেন তা তারা কতটা যত্ন নিচ্ছেন তাও দেখবার বিষয়। বাংলাদেশে পথে বের হলেই নানা উপকারী উপদেশ পাওয়া যায়। দুপুরে ইউনিসেফের প্ল্যানিং কমিটির মিটিং ছিল আমাদের খাওয়ার টেবিলে। টোড়ি মাসি, মা, আমি সবাই উপস্থিত। টোড়ি মাসি তাড়া দিচ্ছে মেসোকে। ‘তাড়াতাড়ি আস। ফ্যামিলি মিটিং।’ আমি ভাবছিলাম মেসোর শরীরটা আজ বেশি ভালো না। মুখটা শুকিয়ে গেছে।
একটু জ্বর জ্বর। এখন এই ফ্যামিলি মিটিংয়ের অত্যাচার সহ্য করতে হবে! মা আসল তার প্রিয় বিরাট একটা ওয়াল ক্যালেন্ডার নিয়ে কালো কালির কলম, লাল কালির কলম এবং পেন্সিলসহ। নিশ্চয়ই দেওয়াল জোড়া বড় ক্যালেন্ডারটা কোন ব্যাংক থেকে পাঠিয়েছে। এই একটা জিনিস আমার একেবারেই সহ্য হয় না। আমি এদের বাথরুমের দরজার পিছনে লাগাই, যেন লোকজন সহজে দেখতে না পায়। কিন্তু ছেলেবেলা থেকে দেখছি আমাদের বাড়ির দেওয়ালের ঠিক মাঝখানে একটা এমন ক্যালেন্ডার ঝুলবেই ঝুলবে। তাতে লেখা থাকবে আধসের দুধের দাম, কবে কামরাঙা আনা হয়েছে, কবে কেউ রংপুর যাচ্ছে, গান্ধিজীর জন্মদিন থেকে শুরু করে অন্যসব পেতি পেতি লোকদের জন্মদিনও। অলরেডি টোড়ি মাসি একটা বড় ল্যান্ডস্কেপ কাগজকে আট টুকরো করে ফেলেছে। তাতে লিখছে কি কি খাওয়ানো হবে, কোনদিন কোনটা হবে।
মোরগ পোলাও, তেহারি, বিরিয়ানি, সাদা পোলাও, মাছের চপ, খাসির মাংস, ছোলার ডাল, নিরামিষ, পায়েস, দই, মিষ্টি সবাই একে একে ক্যালেন্ডারে উঠে যাচ্ছে। অনেকগুলো ঘটনা সামনে। শুধু যে খেলা, টিকলি, অশ্রু, কমল আর টিটু আসবে তাই নয়। মার্চ মাসে মার জন্মদিন, মে মাসে আমার আর আমার বড় মেয়ে এলার জন্মদিন, জুন মাসে টিকলির জন্মদিন, একদিন মা সব ভাই-বোনকে খাওয়াবে, একদিন আমি খেলা’র বিলেটেড বার্থ-ডে করব। খেলার আসল জন্মদিন ফেব্রুয়ারি মাসে। এলার প্রথম জন্মদিন ঢাকায় হয়েছিল, চাইনিজ রেস্টুরেন্টে। একুশ বছর ধরে আমার ইচ্ছা বাড়ির সবার সাথে খেলার জন্মদিন করবার। পৃথিবী বিখ্যাত ঢাকার চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে। তবে টোড়িমাসির আদেশ, ‘অন্য অনুষ্ঠান বা জন্মদিনের সাথে আনন্দ’র জন্মদিনটা যোগ করে করা যাবে না।
ওর জন্মদিন আমরা এককভাবে সেইদিনেই করব। সেই কোনো বাচচা বয়সে দেশ ছেড়েছে ও। এতদিন ওর আর কোনো জন্মদিন করতে পারিনি।’ সেই তো। সেই ১৮ বছর বয়সে দেশ ছেড়েছি আমি। এ কথায় অনেকবারের মতো আর একবার বিশ্বাস করলাম যে আমি জন্ম নিয়ে ধন্য করে দিয়েছি এইসব মানুষদের। এই প্রেক্ষাপটে ক্ষণে ক্ষণে মন খারাপ করা আর মরণের চিন্তা না করাই ভালো। আমাদের বাসায় আমার মা, মাসি, মামাদের অনেক ছানাপোনা। কিন্তু আমি দাদুভাই, দিদার প্রথম নাতনি বলে আমার প্রতি আদরের উৎপাত এখনো সবচেয়ে বেশি। আমার জন্মদিনের জন্য টোড়ি মাসি বলল তরমুজ কেটে দেওয়া হবে কিংবা তরমুজের শরবত। সাগর কলা অর্ধেক করে, নুডলস, কেক, লিচু, রসগোল্লা এইসব থাকবে মেনুতে। ছেলেবেলায় নুডলসে থাকত চিংড়ি মাছ।
আস্ত সাগর কলা কারো পক্ষে খাওয়া উচিত নয় বলে আমার জন্মদিনে দাদু ভাই তা অর্ধেক করে দিত। আর পান্তুয়া স্বাস্থ্যসম্মত না বলে সবসময় আনত সাদা, নির্দোষ রসগোল্লা। দাদু ভাইয়ের এই মেনুই সবসময় হতো আমার জন্মদিনে। দাদু ভাই চলে গেছে, কিন্তু জন্মদিনের মেনু থেকে গেছে। এবারও বিকালে সেইসবই হবে। আর রাতে বিরিয়ানি, রোস্ট এইসব। তবে মান সম্মান জলাঞ্জলি দিয়ে বলি যে আমার জীবনেও বিশেষ বিশেষ ঘটনা ঘটছে। এত আঁতলামোর পর আমিও আজকাল সিরিয়াল দেখতে শুরু করেছি। আপাতত ‘কার কাছে কই মনের কথা’ দেখছি। আর প্রতি লাইনে সমালোচনা করছি। সিরিয়ালের মাঝখানে বিজ্ঞাপন শুরু হয়েছে। পিয়াশ মেসো বললেন, ‘উফ, আবার বিজ্ঞাপন!’ শেফালি বলে কি, ‘বিজ্ঞাপন কী?’ মেসো বললেন, ‘এড।’ ‘ওহ, তাই বলেন!
‘এড’ তো চিনি।’ মা সকাল থেকে বলে যাচ্ছে তার নাকি ১০০টা ফোন করতে হবে। সব আত্মীয়স্বজনকে নাকি জানাতে হবে যে খালারা এলে ১৫ জুন পরিবারের জেঠতুত, খুড়তুত ভাই-বোন সবাইকে নিয়ে আমরা আমার দাদুবাড়ি পুড্ডা যাব। কিন্তু কোথায় ফোন কোথায় কী! দেখলাম বেলা ১১টার সময় মা ঘুমাতে চলে গেছে। বাইরে থেকে বাড়ি এসে দেখি টোড়ি মাসির কোনো এক বন্ধু তিন ক্রেট ভরতি লিচু আর আম পাঠিয়েছেন। টোড়ি মাসি আমাকে বলছে, ‘লিচু খেয়ে নে। এত ভালো লিচু! কাল আর এত ভালো থাকবে না।’ আর মাকে টোড়ি মাসি বলছে, ‘চল্লিশটা লিচু খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দাও। খেলা আর অশ্রুরা এসে খেতে পারবে। আমি তো রুমকি, ঝুমকির জন্য এভাবে লিচু রেখেছিলাম। ওরা ডিসেম্বর মাসে এসে লিচু খেয়েছিল।’ ঝুমকি টোড়ি মাসির বড় মেয়ে।
আমেরিকা থেকে ঢাকায় অশ্রুদের আর খেলার আসবার নানা প্রস্তুতি চলছে। সামনের সপ্তাহেই ওরা এসে পড়বে বলে এই বাড়িতে শুরু হয়ে গেছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। আমাকেও সেই অভিযানে অংশগ্রহণ করতে হবে কিনা তা ঠিক বুঝতে পারছি না। একটু পর তাকিয়ে দেখি শেফালি সব সোফার কভার খুলছে। আর মেঝের ওপর ডাই করে রাখছে সেসব। খচে খচে নাকি ধোবে। কামাল ভাই একটা বালতিতে সার্ফ গুলে তা দিয়ে সব আলমারির কাচ মনের মাধুরি দিয়ে মুছছেন। আর বলছেন, ‘কোনো চিন্তা নাই। আমি সব নীট অ্যান্ড ক্লিন কইর্যা ফেলুম।’ মা আর টোড়ি মাসি এই জন্যই বারবার বলে, ‘কামাল একদম বাড়ির ছেলের মতো।’ আমি অবশ্য এ বিশাল পরিবারের কোনো ‘বাড়ির ছেলেকে’ বালতিতে সার্ফ গুলে এঘর থেকে ওঘর ঘুরতে দেখিনি। শেফালি আমার ঠিক পাশেই মেঝেতে খবরের কাগজ বিছাচ্ছে। আর আমায় বলছে, ‘এগুলান আবার সরায়েন না।’ আমি বললাম, ‘আমার ঘাড়ে কয়টা মাথা? আর ন্যাড়া কয়বার বেলতলা যায়?’ আজ দুপুরেই শেফালি আমায় ‘ব্যাক্কলের ব্যাক্কল’ বলেছে। ঘটনা এত বেশি কিছু না। আমি যখন স্নান করি, তখন বাথরুমের দরজার সামনে শেফালি মাটিতে একটা তোয়ালে ভাঁজ করে দেয়। স্নানঘর থেকে যেন জল বাইরে এলেও তোয়ালে তা শুষে নেয়। আজ আমি ভাবলাম, ‘নিজের কাজ নিজে করি।’ তোয়ালে ওর মতো করেই দিয়েছি বলে আমি ভাবলাম। কিন্তু যথারীতি ভুল করেছি। শেফালি আমায় বলে কী, ‘আপনি তোয়ালে দিছেন ঠিকোই কিন্তু ডাইনে আর বামে ফাঁক রাখছেন। এখন এই দুই দিক দিয়া জল ঘরে ঢুকছে।’ আমি চেঙ্গিস খানের গল্পের মতো শিকার করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গেলাম। তার পরই মৃত্যু।
(ধারাবাহিক)
লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)
