যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা এমন কোনো যুদ্ধ শুরু করবে না, যার প্রভাব পুরো বিশ্বের ওপর পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, অন্য প্রেসিডেন্টরা অনেক যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু তিনি তা করেননি। এমনকি তিনি গাজা ও ইউক্রেন সংকটের সমাধান করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের জনগণসহ পুরো বিশ্ব কিছুটা স্বস্তি অনুভব করেছিল, যদিও তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারণা নিয়ে কিছুটা সংশয়ও ছিল।
২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত অনেক আলোচনা, দোষারোপ এবং পরিবর্তনের আহ্বান দেখা যায়। এসব ঘটেছিল মূলত ট্রাম্প অন্য দেশগুলোকে মৌখিকভাবে এবং নরম কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে আক্রমণ করতে শুরু করার কারণে। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি সামরিক অভিযান এবং পরে ইরানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালিত হয়। উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রকে সরাসরি আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারাই প্রতিষ্ঠা করেছিল এবং যা আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে ধ্বংসের ঝুঁকির মুখে ফেলতে পারে।
এই দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপের পক্ষে কিছু রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে। ট্রাম্প প্রশাসন দাবি করে যে ভেনেজুয়েলার উপকূলে কিছু বাণিজ্যিক জাহাজ অবৈধ মাদক বহন করছিল এবং সেই অভিযোগে তারা এসব জাহাজের বিরুদ্ধে অভিযান চালায়। তারা এটিকে ‘নার্কো সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করে। এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত উদ্দেশ্যগুলো সরকারি ব্যাখ্যার তুলনায় আরও গভীর ও কৌশলগত বলে মনে হয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আধিপত্যমূলক ক্ষমতা বজায় রাখা।
আধিপত্য বজায় রাখতে কৌশলগত সম্পদের ওপর নিয়ন্ত্রণ অপরিহার্য হয়ে ওঠে। জ্বালানি এখনও বৈশ্বিক প্রভাবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের মজুদ রয়েছে। যে শক্তি এসব সম্পদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে, সে বৈশ্বিক বাজার, জ্বালানির দাম এবং শিল্পের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে সক্ষম হবে। এসব রাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানিয়ে যুক্তরাষ্ট্র বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলের ওপর তার প্রভাব আরও শক্তিশালী করতে পারে। নিয়ন্ত্রণ মানেই সব সময় আনুষ্ঠানিক মালিকানা নয়; এর অর্থ হলো উৎপাদন, বণ্টন এবং রাজনৈতিক অবস্থানের ওপর প্রভাব বিস্তার করা। যদি প্রতিদ্বন্দ্বী সরকারগুলো বড় সম্পদের ওপর স্বাধীনভাবে নিয়ন্ত্রণ রাখে, তবে তারা আমেরিকান চাপ প্রতিরোধ করতে পারে। তাই তাদের নিয়ন্ত্রণ দুর্বল করা দীর্ঘমেয়াদি আধিপত্যের লক্ষ্য পূরণে সহায়ক।
আরেকটি উদ্দেশ্য হলো সম্পদসমৃদ্ধ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোতে শাসনব্যবস্থা পরিবর্তন। যে সরকারগুলো আমেরিকান প্রভাব প্রতিরোধ করে, তারা প্রায়ই অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা বা সামরিক হস্তক্ষেপের লক্ষ্যবস্তু হয়। ভেনেজুয়েলার ক্ষেত্রে নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বহু বছর ধরেই অব্যাহত রয়েছে। ইরানের ক্ষেত্রেও ইসলামী সরকার দীর্ঘদিন ধরে একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। এমন সরকারগুলোকে অপসারণ বা দুর্বল করা হলে এমন নেতৃত্বের উত্থানের সুযোগ তৈরি হয় যারা আমেরিকান স্বার্থের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। শাসন পরিবর্তন সবসময় সরাসরি দখলদারিত্বের অর্থ বহন করে না; এটি রাজনৈতিক দুর্বলতা, অভ্যন্তরীণ বিভাজন অথবা চাপের মুখে বাধ্যতামূলক আলোচনার মাধ্যমে ঘটতে পারে। সম্পদের প্রাচুর্য এসব সরকারকে আরও স্থিতিশীল করে তোলে, আর সেই কারণেই তারা প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠে।
এই সকল সংঘাত আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা। গণপ্রজাতন্ত্রী চীন লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তার অর্থনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি দ্রুত সম্প্রসারণ করেছে। ইরান ও ভেনেজুয়েলা—উভয় দেশ থেকেই চীন বিপুল পরিমাণ তেল আমদানি করে এবং এসব অঞ্চলে অবকাঠামো ও জ্বালানি অংশীদারিত্বে বড় বিনিয়োগ করেছে। যদি চীন দীর্ঘমেয়াদে এসব সম্পদের স্থিতিশীল প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে, তবে তার বৈশ্বিক উত্থান আরও দ্রুত হবে। যুক্তরাষ্ট্রের জন্য তাই সম্পদসমৃদ্ধ অঞ্চলগুলোতে চীনের প্রভাব সংহত হওয়া ঠেকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অঞ্চলে হস্তক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন শুধু প্রতিদ্বন্দ্বী সরকারগুলোর ওপর চাপই সৃষ্টি করে না, বরং বেইজিংয়ের ক্রমবর্ধমান উপস্থিতিকেও ব্যাহত করে। কৌশলগত সম্পদ থেকে চীনকে দূরে রাখা তার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভূরাজনৈতিক প্রভাব সীমিত করার একটি উপায়।
এসব উদ্দেশ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আধিপত্য বজায় রাখতে সম্পদের ওপর প্রভাব প্রয়োজন। সম্পদের ওপর প্রভাব বজায় রাখতে প্রতিদ্বন্দ্বীদের সীমিত করা দরকার। প্রতিদ্বন্দ্বীদের সীমিত করতে হলে চীনের মতো প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিকেও নিয়ন্ত্রণে রাখতে হয়। যদি এসব লক্ষ্য একসঙ্গে অর্জিত হয়, তবে যুক্তরাষ্ট্র তার অনন্য বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারবে। তখন কোনো প্রতিদ্বন্দ্বীই অর্থনৈতিক, সামরিক বা রাজনৈতিকভাবে তাকে চ্যালেঞ্জ করতে পারবে না।
এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সংঘাতগুলো তাৎক্ষণিক নিরাপত্তা হুমকির চেয়ে কাঠামোগত ক্ষমতার প্রতিযোগিতার সঙ্গে বেশি সম্পর্কিত বলে মনে হয়। বক্তব্যে হয়তো মাদক, সন্ত্রাসবাদ বা আঞ্চলিক অস্থিতিশীলতার কথা বলা হয়, কিন্তু বৃহত্তর ধারা ইঙ্গিত করে একটি পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় আধিপত্যের লড়াইয়ের দিকে। আধিপত্য রক্ষা করা, কৌশলগত সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, প্রতিদ্বন্দ্বী শাসনব্যবস্থাকে পুনর্গঠন করা, চীনকে নিয়ন্ত্রণে রাখা এবং বৈশ্বিক নেতৃত্বের আর্থিক বোঝা কমানো—এই লক্ষ্যগুলোই এখানে প্রধান। সেই অর্থে সাম্প্রতিক সংঘাতগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় আমেরিকার প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠা ও সুরক্ষিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ।
এইচ এম সাব্বির হোসেন: শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
