সরকার গঠনের পর আট মাস অতিক্রম হলেও দুর্নীতি দমনের ব্যাপারে বর্তমান সরকারের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। অতীতে বার্লিনভিত্তিক দুর্নীতি-গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘করাপশান পারসেপশন ইনডেক্স’-এর কান্ট্রি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যে কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কয়বারই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি। এ প্রেক্ষাপটে ২০০৭-০৮ মেয়াদের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসেছিল। তখন দুর্নীতি দমন কমিশন বেশ সক্রিয় হওয়ায় দেশে দুর্নীতিবাজরা ‘প্রচণ্ড ঝাঁকি’ খেয়েছিল। সম্ভবত সেই কারণেই বাংলাদেশও দুর্নীতিতে ন্যক্কারজনক ওই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিষ্কৃতি লাভ করেছিল।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যে অনেকগুলো সংস্কার কমিটি গঠন করে, যেগুলোর মধ্যে দুর্নীতি দমনে সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয় ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন কমিটিকে। ড. ইফতেখারুজ্জামান বহু বছর ধরে দুর্নীতিবিরোধী গবেষণা সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের’ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই আশা ছিল, তাঁর নেতৃত্বাধীন কমিটি সমস্যার মূলে হাত দেবে। কিন্তু ওই বছরের ডিসেম্বরে সরকারের কাছে জমা দেওয়া কমিটির সুপারিশমালা দেখে আমার মনে হয়েছিল, কমিটি সমস্যাটার সমাধানে অন্তত সাহস দেখাতে পারেনি। এটি সত্ত্বেও অন্তর্বর্তী সরকার ওই সুপারিশগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেওয়ায় বিএনপি সরকার সুপারিশগুলোর বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাবে বলে আশা করেছিলাম।
এ দেশের অর্থনৈতিক উন্নয়ন আশানুরূপ না হওয়ার জন্য প্রধানত দুর্নীতি দায়ী। ভিয়েতনামের সঙ্গে তুলনা করলে বিষয়টা কিছুটা হলেও স্পষ্ট হতে পারে। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রকে পরম রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত করে অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে ১৯৭৫ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশের প্রায় চার বছর পরে। কী নিদারুণ কষ্টকর ছিল ১৯৭৫-পরবর্তী বছরগুলোতে ভিয়েতনামের জনগণের জীবন! ১৯৭৪ সালে তাদের মাথাপিছু জিডিপি ছিল মাত্র ৬৫ ডলার এবং ১৯৮৬ সালে ‘দোই মোই’ সংস্কার কার্যক্রম শুরুর আগের বছর–১৯৮৫ সালে–তা ছিল মাত্র ২৮৫ ডলার। কিন্তু আইএমএফের হিসাব বলছে, ২০২৫ সালে ভিয়েতনামের মাথাপিছু নমিনাল জিডিপি চার হাজার ৮০৬ ডলার, যেটাকে ‘মিরাকল’ বলা হচ্ছে। ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ভিয়েতনামের মাথাপিছু জিডিপি একই বছর ছিল ১৭ হাজার ৪৮৪ পিপিপি ডলার। ২০২৪ সালে সেখানে মাত্র ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছিল। অন্যদিকে ২০২৬ সালের জুনে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল দুই হাজার ৭২০ ডলার। আর দারিদ্র্যসীমার নিচে বাংলাদেশের জনগণের ২১ শতাংশের অবস্থান।
২০২৫ সালেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের পর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে শেখ হাসিনার ২০০৯-২৪ শাসনামলে বেধড়ক দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের সংস্কৃতি চালু হয়েছিল। তিনি দুর্নীতি দমন কমিশনকে একেবারেই অকার্যকর করে ফেলেছিলেন। তখন একের পর এক অপ্রয়োজনীয় ও স্বল্প প্রয়োজনীয় মেগা-প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি সারাদেশে বেলাগাম গৃহীত হয়েছে শত শত উন্নয়ন প্রকল্প। মেগা প্রকল্পসহ সব প্রকল্পে প্রকৃত ব্যয়ের তিন-চার গুণ ব্যয় দেখানোর মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে, এ অভিযোগ বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির অন্যান্য শীর্ষ নেতা অসংখ্যবার তুলেছেন। শেখ হাসিনার সরকার ‘ডেটা ডক্টরিং’-এর মাধ্যমে বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি প্রশংসনীয় গতিতে বাড়ার গল্প সাজিয়েছিলেন, এমন অভিযোগও আছে। এসব লুটপাটের সঙ্গে জড়িত ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন, তাদের সঙ্গে যুক্ত অলিগার্ক ব্যবসায়ী এবং হাজার হাজার লুটেরা রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা। গত দুই বছরে অর্থনীতিবিদদের কাছে প্রমাণিত হয়েছে যে গণঅভ্যুত্থানে ক্ষমতা না হারালেও ‘অর্থনৈতিক মেল্টডাউনে’র অবশ্যম্ভাবী পরিণতি থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে পারতেন না শেখ হাসিনা।
কিন্তু শুধু ক্ষমতাচ্যুত সরকারের নেতিবাচক কার্যক্রমের দোহাই দিলে কি অর্থনীতি ঘুরে দাঁড়াবে? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল, ওই অর্থনৈতিক মেল্টডাউন বা অধঃপতন ঠেকিয়ে তার পুনরুজ্জীবনের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, যেখানে সরকারি প্রকল্প প্রণয়ন এবং তার অধীনে কেনাকাটায় দুর্নীতি-অনিয়ম বন্ধে কার্যকর প্রক্রিয়ার অন্তত সূচনা করা। সেটা অন্তত উল্লেখ করা যায়, এমন হারে দেখা যায়নি।
সবাই মনে করেছিল, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের জায়গায় জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতা নিলে পরিস্থিতির উন্নতি দেখা যেতে পারে। কিন্তু এ প্রশ্ন এখন করাই যায়, শুধু শেখ হাসিনার দুর্নীতির ভয়াবহতা বর্ণনা করা ছাড়া বিএনপি গত আট মাসে সমাজকে দুর্নীতিমুক্ত করতে কী কী ‘কংক্রিট পদক্ষেপ’ গ্রহণ ও বাস্তবায়ন করেছে? সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে এখনও দুর্নীতির জাঁতাকলে পিষ্ট হয়ে চলেছেন। ভূমিসংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রকোপ আগের মতোই রয়ে গেছে। কাস্টমস, ভ্যাট এবং আয়কর বিভাগের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কোনো আঁচড়ই পড়েনি।
সড়ক পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর অফিসে এখনও প্রতি পদক্ষেপে ঘুষের কারবার। বিচার বিভাগের ঘুষ-দুর্নীতির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আগের মতো বহাল রয়ে গেছে। বস্তুত, সরকারি যে কোনো অফিসেই সেবা পেতে হলে আগের মতো ঘুষ দিতে হচ্ছে। কিন্তু ঘুষ-দুর্নীতির জন্য কোনো স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর চাকরি গত আট মাসে যাওয়ার কোনো খবর পত্রপত্রিকায় পড়েছি বলে মনে পড়ছে না।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতির ক্ষেত্রগুলো এখন বিএনপির নেতাকর্মীদের দখলে। তাদের ব্যাপক চাঁদাবাজিতে আবার জনগণের নভিশ্বাস উঠছে। এ ধরনের অভিযোগ উঠলেই সরকার বা বিএনপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহণের ফিরিস্তি তুলে ধরা হয়। কিন্তু দলীয় পদক্ষেপের সঙ্গে রাষ্ট্রীয় বা আইনি শক্ত ব্যবস্থা গৃহীত না হলে কোনো দুর্নীতিবাজই যে ভয় পায় না, তা তো এ দেশে বিগত সময়ে বারবার প্রমাণিত হয়েছে।
ড. মইনুল ইসলাম: একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম
