প্রতিবারের মতো এবারও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছর এনবিআরকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা। ঘাটতি হলেও চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৫ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৩ হাজার ৪০৭ কোটি টাকা।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। চার মাসে ঘাটতি ৯ হাজার ১৯৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৪৭ হাজার ৪৩ কোটি টাকা। আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা। আমদানি খাতে চার মাসে ৪১ হাজার ৫০৭ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা। এ খাতে ঘাটতি হয়েছে ৬ হাজার ৭৫৬ কোটি টাকা।\r\nগত জুলাই-অক্টোবরে ভ্যাট বা মূসক আদায়েও লক্ষ্য পূরণ হয়নি। এই খাতের লক্ষ্য ছিল ৪৮ হাজার ১৪৭ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা। এ সময়ে এ খাতে ঘাটতি ১ হাজার ২৬৯ কোটি টাকা।\r\nব্যবসা-বিনিয়োগে আস্থাহীনতা, উৎপাদন, সরবরাহ ও বিপণনে ধীরগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ব্যবসা প্রসার ও নতুন বিনিয়োগ নিয়ে নির্বাচিত সরকারের অপেক্ষা বাড়ছে।

সেই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতিতে চাহিদা কমায় এর প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ছাড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রায় তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। সে হিসাবে সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বছরে ৩৬৫ দিনের প্রতিদিন গড়ে ১ হাজার ২৭০ কোটি টাকা আদায় করতে হতো। তবে প্রথম ৯ মাসে আদায়ের ক্ষেত্রে বিরাট রাজস্ব ঘাটতি দেখা দেওয়ায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, যা আদায়ের কাছাকাছি যাওয়াও খুবই চ্যালেঞ্জিং। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট কয়েকটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এবারের বাজেট হবে ক্ষমতাচ্যুত বিগত সরকারের পতনের পর প্রথম জাতীয় বাজেট। দেশে বিদ্যমান অর্থনৈতিক সংকট, বিশেষ করে বিগত কয়েক বছরে অর্থনীতির ক্ষেত্রে চলমান সংকট মোকাবিলা করার পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তী সরকার এবারের বাজেট কাঠামোগত সংস্কারের লক্ষ্যে কাজে লাগাতে চায়। বাংলাদেশ আগামী ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ হতে যাচ্ছে। সুতরাং উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি জোরদার করার দায়িত্বও রয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর।\r\nরাজস্ব নীতি সরকারের আর্থিক নীতিমালার অন্তর্ভুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, যা অর্থনীতিতে ভারসাম্য বয়স ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে।

বাংলাদেশের অর্থনীতি এখন উচ্চ মুদ্রাস্ফীতি ও অপর্যাপ্ত রাজস্বের সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আবার একই সঙ্গে স্বল্পোন্নত দেশের বাণিজ্যিক সুবিধা শেষ হওয়ার সময়ও ঘনিয়ে আসছে। এমন অবস্থায় উদ্ভূত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক।\r\nঅন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংকোচনমূলক বাজেট পেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে। এর প্রধান লক্ষ্য ব্যয় সংকোচন করে বাজেট-ঘাটতি কমিয়ে আনা ও অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সংস্কার বাস্তবায়ন করা। সরকারের রাজস্ব আহরণ হার খুব কম হওয়ার কারণে বাংলাদেশের সরকারি খাত বিশ্বের সর্বনিম্ন রাজস্ব আদায়ের সরকারি খাতগুলোর মধ্যে একটি। এর পরিমাণ জিডিপির ১৩-১৪ শতাংশ। রাজস্ব সংগ্রহ দক্ষতা নির্ণয়ের প্রধান সূচক কর-জিডিপি অনুপাত।

বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে ৭ দশমিক ৪ শতাংশ, যা দক্ষিণ এশিয়াসহ বিশ্বে সর্বনিম্ন। অথচ নেপালের কর-জিডিপি অনুপাত ২৩ দশমিক ৪ শতাংশ ও ভারতের ২০ শতাংশ।\r\nসরকারি খাতের ছোট আকার সত্ত্বেও বাংলাদেশ বাজেট-ঘাটতি জিডিপির প্রায় ৫ শতাংশের কাছাকাছি বজায় রেখে এসেছে প্রধানত বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ২০২৪-২৫ অর্থবছরে ঋণ-জিডিপি অনুপাত বেড়ে ৩৬ দশমিক ৩০ শতাংশ হয়, যা ২০২১ অর্থবছরে ছিল ৩২ দশমিক ৪১ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ অর্থবছরে জাতীয় বাজেটের ১৪ দশমিক ২৪ শতাংশ বরাদ্দ হয় শুধু সরকারি ঋণের সুদ পরিশোধের জন্য! তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক জাতীয় বাজেটে ৯৮০ বিলিয়ন টাকার বেশি ঋণ সরবরাহ করেছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিশাল অঙ্কের ঋণ গ্রহণের কারণে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশে উঠে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুসারে, এ বছর মার্চ মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।\r\nবাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাজেটে ৩৬ হাজার ১৭৬ দশমিক ৫ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঋণ বুলেটিন প্রতিবেদন অনুযায়ী ঋণের সুদ পরিশোধ বাবদ সরকারের ব্যয় জাতীয় বাজেটের ছয় ভাগের এক ভাগ।\r\n২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট ঋণ-জিডিপি অনুপাত ছিল ৩৩ দশমিক শূন্য ২ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৯ শতাংশ এবং বৈদেশিক ঋণ ১৪ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে মোট ঋণ-জিডিপি অনুপাত বেড়ে ৩৬ দশমিক ৩০ শতাংশ হয়।

২০২৫-২৬ অর্থবছরে ৪০ দশমিক ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। অবশ্য জিডিপির অনুপাত অনুসারে বাংলাদেশে সরকারি ঋণের পরিমাণ বিশ্বের অনেক দেশের তুলনায় যথেষ্ট কম। মোট ঋণ-জিডিপি অনুপাত ৪০ শতাংশ, যা আইএমএফ নির্ধারিত ৫৫ শতাংশ সীমার যথেষ্ট নিচে। তবে উল্লেখ্য, সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা জিডিপির ওপর নির্ভর করে না। নির্ভর করে রাজস্ব সংগ্রহের ওপর।\r\nসরকারি ব্যয়ের উল্লেখযোগ্য অংশ সরকারের ঋণ পরিশোধ বাবদ বরাদ্দের কারণে সরকারি খাতের আর্থিক নমনীয়তা হ্রাস পায়।

দ্রুত মূল্যস্ফীতি কমিয়ে আনার পদক্ষেপ হিসেবে কঠোর মুদ্রানীতি গ্রহণের ফলে টি-বিল ও বন্ডের সুদহার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আর্থিক নমনীয়তার অবস্থা আরও খারাপ হতে পারে।\r\nঅভ্যন্তরীণ রাজস্ব আহরণ জোরদার করে আর্থিক ভিত্তি শক্তিশালী করা ও ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে প্রবৃদ্ধির গতি বাড়ানোর লক্ষ্য সামনে রেখে অন্তর্বর্তী সরকার সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। গত এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মধ্য ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল (এমএলটিআরএস) প্রকাশ করেছে। ওই রাজস্ব কৌশল অনুযায়ী ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে দেশের কর-জিডিপি অনুপাত সাড়ে ১০ শতাংশ করার লক্ষ্য তুলে ধরা হয়ে হয়েছে।

২০২৫-২৬ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত মধ্য মেয়াদ এবং ২০৩০-৩১ থেকে ২০৩৪-৩৫ অর্থবছর পর্যন্ত দীর্ঘমেয়াদ ধরা হয়েছে। মে মাসে অন্তর্বর্তী সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করেছে। রাজস্ব নীতি বিভাগ কর আইন নির্ণয় ও কর-হার নির্ধারণ এবং আন্তর্জাতিক শুল্ক চুক্তি তদারকের দায়িত্বে নিয়োজিত থাকবে। কর ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব পালন করবে।\r\nবাংলাদেশের মোট রাজস্বের দুই-তৃতীয়াংশ সংগ্রহ করা হয় পরোক্ষ কর থেকে এবং এক-তৃতীয়াংশ প্রত্যক্ষ কর থেকে। পরোক্ষ কর সংগ্রহ করা সহজ এবং তা সরকারের রাজস্ব বাড়াতে যথেষ্ট সহায়ক।

তবে পরোক্ষ কর আরোপ করা হয় পণ্য ও সেবার ওপর, যা নিম্ন আয়ের মানুষসহ দেশের সব মানুষ গ্রহণ করে থাকেন। ফলে নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর অসামঞ্জস্যপূর্ণ আর্থিক চাপ পড়ে। পরোক্ষ করের ওপর অধিক নির্ভরতা সমাজে আয়ের বৈষম্য বাড়িয়ে তুলতে ভূমিকা রাখে। পক্ষান্তরে প্রত্যক্ষ কর, যেমন- আয়কর, করপোরেট কর, সম্পত্তি, সম্পদ ও উত্তরাধিকার কর ইত্যাদি করের বোঝার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করে। এশিয়ার যেসব দেশ সফলভাবে অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে পেরেছে, দেখা গেছে তারা ক্রমান্বয়ে পরোক্ষ কর থেকে সরে প্রত্যক্ষ করের ওপর অগ্রাধিকার দিয়েছে। যেমন- ভারত, থাইল্যান্ড, চীন, কোরিয়া।\r\nবাংলাদেশ বর্তমানে উন্নয়নের যাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

অর্থনীতির ভারসাম্য বহাল রেখে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থনীতিতে স্বচ্ছতা আনা, কর সংগ্রহের পরিধি বাড়ানো, ভ্যাট কাঠামোর আধুনিকায়ন, শুল্ক কাঠামো সংস্কার, অব্যাহতি হ্রাস ও করব্যবস্থার কাঠামোগত দুর্বলতা দূর করে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে ব্যাপক পরিসরে উদ্যোগ নিতে হবে। কর নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা একটি চলমান প্রক্রিয়া। সে জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা অব্যাহত রাখতে হবে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে। বড় ব্যবসায়ীরা অনেকেই ব্যবসা-বাণিজ্য রেখে পালিয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। \r\nগত ২০২৪-২৫ অর্থবছরে ৯ মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছিল ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকা।

যদিও এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রায় ৯ মাসে মোট তিন লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছিল। অর্থাৎ, এখন বাকি তিন মাসে লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রতিদিন রাজস্ব আদায় করতে হবে ২ হাজার ২৭৫ কোটি টাকা, যা অর্থবছরের দৈনিক গড় আদায়ের চেয়ে ১ হাজার কোটি টাকা বেশি। লক্ষ্য পূরণে কর ফাঁকি রোধ, নন-কমপ্লায়েন্ট করদাতাদের নোটিস দিয়ে সর্বোচ্চ রাজস্ব আদায়ের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। গত বছরের তুলনায় মোটামুটি প্রবৃদ্ধি আছে। তবে লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়া খুবই চ্যালেঞ্জিং। আলোচ্য এ সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এই তিন খাতের কোনোটির লক্ষ্য পূরণ হয়নি।

তিন খাতেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে।\r\nআলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ২৯ হাজার ৭৫৫ কোটি টাকার মতো। আয়কর খাতে ঘাটতির পেছনে মূল কারণ এ সময়ে আয়ের সুযোগই তৈরি হয়নি। ব্যবসা-বাণিজ্য সীমিত থাকায় এ খাতে তার প্রভাব পড়েছে। এছাড়া আমদানি কমে যাওয়ায় অগ্রিম আয়কর আদায়ও কমেছে। রাজস্ব আদায়ে বড় অবদান রাখে ভ্যাট খাত। আমদানি, স্থানীয় পর্যায়ে উৎপাদন, সরবরাহ, জোগানদার পর্যায় পর্যন্ত এ খাতের বিস্তৃতি। এর সর্বশেষ ধাপ ক্রেতা বা ভোক্তা। আমদানি, উৎপাদন, সরবরাহের পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার ফলে এ খাত বড় ধাক্কা খেয়েছে।\r\nএছাড়াও ব্যাংকে টাকা রাখার ওপর আবগারি শুল্ক আদায় করে এনবিআর। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ কমায় আবগারি শুল্কেও পড়েছে এর প্রভাব। ভোগ কমে যাওয়ায় কমেছে উৎপাদনও। শিল্প কাঁচামাল ও পণ্য আমদানি কমে যাওয়ায় আমদানি শুল্ক আদায়ে ঘাটতি দেখা গেছে। ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি না হলে আমদানি সহজে বাড়বে না। কিছু ভোগ্যপণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়ায়ও এ খাতে আদায় কমেছে। যদিও এতে দেশের মানুষ উপকৃত হয়েছে। জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলন হয়। তখন প্রায় সব কিছু বন্ধ ছিল বললেই চলে। সাধারণ ছুটির পাশাপাশি কারফিউও ছিল বেশ কয়েক দিন। এসবের প্রভাব পড়েছে শুল্ক-কর আদায়ে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে সরকার পরিবর্তনের পরও আবার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। যার প্রভাব এখনো রয়ে গেছে।\r\nলেখক : সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন