যেসব উপাদান পরিবেশ দূষণের জন্য দায়ী সেগুলো বেশ দৃশ্যমান হলেও মোবাইল সিগন্যাল, নিউক্লিয়ার প্ল্যান্ট, পারমাণবিক অস্ত্র, চিকিৎসা পদ্ধতি ও খনিজ সম্পদ আহরণের ফলে নির্গত রেডিয়েশন (তেজস্ক্রিয়তা) পরিবেশের জন্য এক অদৃশ্য ও নীরব ঘাতক পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান হাজার বছরের পুরোনো কিন্তু আধুনিক সভ্যতার অন্ধ দৌড়ে সেই ভারসাম্য আজ চরমভাবে বিপর্যস্ত। রেডিয়েশন, ইটভাঁটির কালো ধোঁয়া, শিল্পকারখানার দূষিত বর্জ্য, যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং নির্বিচারে গাছ নিধনের ফলে পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। এক সময় যে প্রকৃতি ছিল প্রাণবন্ত, সবুজ ও ফলপ্রসূ, আজ তা ক্রমেই হয়ে উঠছে নিষ্প্রাণ। এই পরিবর্তনের প্রভাব শুধু মানুষের স্বাস্থ্যের ওপর নয়, বরং কৃষি, জীববৈচিত্র্য ও গ্রামীণ অর্থনীতির ওপরও গভীরভাবে পড়ছে।

বিশেষ করে বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে পরিবেশগত বিপর্যয়ের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ থেকে রস পাওয়া যেত শীত এলেই। আর নারকেল গাছে সারাবছরই ডাব ও নারকেলের সমাহার ছিল। কিন্তু আজ সেই দৃশ্য বদলে গেছে। খেজুর গাছে রস নেই, নারকেল গাছে ডাব ধরছে না। এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পরিবেশ দূষণের প্রত্যক্ষ ফল। যার অন্যতম কারণ হলো রেডিয়েশনের প্রভাব। মানুষের অসচেতন কর্মকাণ্ড প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছে, যার পরিণতি ভয়াবহ এবং সুদূরপ্রসারী। পরিবেশ ধ্বংসের এই চিত্র আমাদের জন্য একটি অশনিসংকেত। খেজুর গাছে রস না থাকা বা নারকেল গাছে ডাব না ধরার বিষয়টি শুধু একটি গাছের সমস্যা নয়, এটি পুরো পরিবেশ ব্যবস্থার ভারসাম্যহীনতার প্রতীক।

যদি আমরা এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া কঠিন হয়ে পড়বে।\r\nরেডিয়েশন আধুনিক প্রযুক্তির এক নীরব ঘাতক। মোবাইল ফোন টাওয়ার, বিদ্যুৎ সঞ্চালন লাইন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র থেকে নির্গত তড়িৎচুম্বকীয় রেডিয়েশন ধীরে ধীরে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। রেডিয়েশনের প্রভাবে গাছের অভ্যন্তরীণ জলীয় প্রবাহ ও এনজাইম কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে রস উৎপাদন কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়। গ্রামাঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনের পর অনেক কৃষক অভিযোগ করছেন আগের মতো ফলন হচ্ছে না, গাছ দুর্বল হয়ে পড়ছে। যদিও বিষয়টি এখনো বিতর্কিত। তবুও বাস্তব অভিজ্ঞতা ও পরিবেশগত পরিবর্তন আমাদের সতর্ক হতে বাধ্য করছে। ইটভাঁটির কালো ধোঁয়াও পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস।

বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে ইটভাঁটির সংখ্যা বেড়েছে কয়েকগুণ। অধিকাংশ ইটভাঁটি এখনো পুরোনো প্রযুক্তিতে পরিচালিত হয়, যেখানে কয়লা, কাঠ কিংবা নিম্নমানের জ্বালানি পোড়ানো হয়। ফলে নির্গত হয় কালো ধোঁয়া, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও সূক্ষ্ম বস্তুকণা, যা বাতাসকে বিষাক্ত করে তোলে। এই দূষিত বাতাস শুধু মানুষের শ্বাসতন্ত্রের ক্ষতি করে না, বরং গাছের পাতায় জমে আলোকসংশ্লেøষণ প্রক্রিয়াকে ব্যাহত করে। গাছের পাতায় ধোঁয়ার আস্তরণ পড়লে সূর্যালোক শোষণ কমে যায়। ফলে খাদ্য উৎপাদন কম হয় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে গাছে ফলন দেওয়া বন্ধ করে দেয়। এক সময় যেসব অঞ্চলে শীত এলেই খেজুরের গুড় তৈরি হতো, আজ সেখানে সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

ইটভাঁটির কালো ধোঁয়া গ্রামবাংলার আকাশ ঢেকে দিচ্ছে, নিঃশব্দে ধ্বংস করছে কৃষি ও প্রকৃতির স্বাভাবিক ছন্দ।\r\nঅন্যদিকে প্লাস্টিক পণ্য আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এটি পরিবেশের জন্য এক নীরব ঘাতক। পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতল, মোড়ক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্লাস্টিক মালচ ও পাইপ সবকিছুই মাটিতে দীর্ঘদিন অবিকৃত অবস্থায় থেকে যায়। প্লাস্টিক সহজে পচে না, শত শত বছর মাটিতে রয়ে যায় এবং মাটির স্বাভাবিক বায়ু ও পানি চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে মাটির উর্বরতা কমে যায় এবং উদ্ভিদের শিকড় স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় না। প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হলে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা আজ বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যা। এই মাইক্রোপ্লাস্টিক মাটির সঙ্গে মিশে গাছের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে।

পরবর্তীতে তা মানুষের শরীরেও জমা হয়। গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক মানুষের রক্ত, ফুসফুস এমনকি মাতৃদুগ্ধেও পাওয়া যাচ্ছে। এটি দেহের কোষে প্রদাহ সৃষ্টি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। মাটিতে থাকা কেঁচো, পোকামাকড় ও উপকারী অণুজীব প্লাস্টিকের কারণে মারা গেলে প্রাকৃতিক মাটির চক্র ভেঙে পড়ে। অনেক শিল্পকারখানা তাদের তরল ও কঠিন বর্জ্য সরাসরি নদী, খাল ও জমিতে ফেলে দেয়। এতে মাটি ও পানির গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দূষিত মাটিতে জন্মানো গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে ফলন কমে যায়। অনেক অঞ্চলে ভূগর্ভস্থ পানিতে নাইট্রেটের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেছে, যা কৃষি ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এভাবে রাসায়নিক সার একটি অদৃশ্য বিষে পরিণত হয়ে পুরো পরিবেশ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।\r\nকৃষিক্ষেত্রে অধিক ফলন লাভের আশায় নির্বিচারে রাসায়নিক সার ব্যবহার এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিক পণ্যের অতিরিক্ত ব্যবহার পরিবেশকে ধীরে ধীরে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই দুইটি বিষয়ই আজ মাটি, পানি, বায়ু এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের নামে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার ভয়াবহ পরিণতি শেষ পর্যন্ত মানুষকেই ভোগ করতে হয়, এ কথা আমরা দিন দিন আরও স্পষ্টভাবে উপলব্ধি করছি। রাসায়নিক সার কৃষিক্ষেত্রে দ্রুত ফলন বৃদ্ধির একটি কার্যকর উপায় হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি প্রভৃতি রাসায়নিক সার মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে দেয়।

প্রাথমিকভাবে ফসল ভালো হলেও ক্রমাগত ব্যবহারে মাটির উর্বরতা কমে যায়, উপকারী অণুজীব ধ্বংস হয় এবং মাটি শক্ত ও অনুজ্জ্বল হয়ে পড়ে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ হ্রাস পেলে পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে খরা বা অতিবৃষ্টিতে ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া রাসায়নিক সারের অবশিষ্টাংশ খাদ্যশস্যে থেকে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার, কিডনি রোগ, লিভারের সমস্যা ও হরমোনজনিত নানা জটিল রোগ সৃষ্টি করতে পারে। রাসায়নিক সার শুধু মাটির জন্য নয়, পানিসম্পদের জন্যও ভয়ঙ্কর। বৃষ্টির পানি বা সেচের পানির সঙ্গে সার ধুয়ে নদী, খাল, বিল ও হ্রদে চলে যায়। ফলে পানিতে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা বেড়ে যায়, যা ইউট্রোফিকেশন নামক এক ধরনের পরিবেশগত সমস্যা সৃষ্টি করে।

এতে পানিতে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, অক্সিজেনের মাত্রা কমে যায় এবং মাছসহ জলজ প্রাণী মারা যায়। \r\nপ্রকৃতি তার প্রতিশোধ নেয় ধীরে ধীরে, কিন্তু তার আঘাত হয় দীর্ঘস্থায়ী ও নির্মম। তাই উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সচেতনতা, নীতিমালা ও ব্যক্তিগত দায়িত্ববোধের সমন্বয়েই কেবল মাটি, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব। পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে-এই সত্য উপলব্ধি করাই আজ সবচেয়ে বড় প্রয়োজন। তাই টেকসই ও পরিবেশবান্ধব বিকল্পের দিকে এগোতে হবে, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, কম্পোস্ট, ভার্মি-কম্পোস্ট, সবুজ সার ও গোবর ব্যবহারে উৎসাহ দিতে হবে। সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে সীমিত ও নিয়ন্ত্রিত সার ব্যবহার নিশ্চিত করা গেলে মাটির স্বাস্থ্য রক্ষা করা সম্ভব। একই সঙ্গে প্লাস্টিক ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ, পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ এবং বায়োডিগ্রেডেবল বা পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, ইটভাটায় আধুনিক জিগজ্যাগ প্রযুক্তি চালু করা, শিল্পবর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা, রেডিয়েশন নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং ব্যাপক বৃক্ষরোপণ পদক্ষেপ এখন সময়ের দাবি।