প্রতি অর্থবছর শেষে হিসাবের খাতায় দেখা যায় বিশাল অঙ্কের ট্রেন ভর্তুকি। কিন্তু ট্রেনে দেখা যায় তার উল্টো চিত্র, যাত্রীদের উপচেপড়া ভিড়; এমনকি দাঁড়ানোরও জায়গা থাকে না। তাহলে হিসাবের খাতায় কেন এত বৈপরীত্য?
অথচ প্রতিদিন সিটিং টিকিটের প্রায় সমানসংখ্যক যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করেন। তাঁদের মধ্যে অনেকেই টিকিট না কাটলেও টিকিটের টাকা ঠিকই খরচ করেন। এই টাকা চলে যায় টিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেটে। এই অনিয়মের প্রধান কারণ স্ট্যান্ডিং টিকিটের অতিরিক্ত মূল্য।
রেলস্টেশনে গেলে দেখা যায় যে, শোভন চেয়ার ও স্ট্যান্ডিং টিকিটের ভাড়া প্রায় সমান। তাই মানুষ স্ট্যান্ডিং টিকিট না কেটে দায়িত্বরত কর্মকর্তাদের অবৈধভাবে ম্যানেজ করেন।
স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখার পেছনে রেল কর্তৃপক্ষ “শোভন চেয়ারের টিকিট বিক্রি শেষ হবে না” এমন হাস্যকর যুক্তি দাঁড় করায়।
এই অনিয়ম বন্ধে শোভন চেয়ারের টিকিট বিক্রি শেষ হওয়ার পরই কেবল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করার নিয়ম চালু করা যেতে পারে। আর, এই দুই টিকিটের মূল্যের পার্থক্যটাও বাড়ানো উচিত। অন্যথায় এর প্রতিকার সম্ভব নয়।
সবশেষে, সেবার মূল্য বেশি রেখে রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করা এবং গ্রাহকদের অনৈতিক পথ অবলম্বনে উৎসাহিত করার এই সংস্কৃতির দ্রুত অবসান হোক।
-যিয়াদ হাতিফ হাম্মাদ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রেস্তোরাঁ-হোটেলে চাই নিয়মিত অভিযান
শহরের অলিগলি থেকে অভিজাত এলাকায় গড়ে উঠছে একের পর এক রেস্তোরাঁ ও হোটেল। খাবারের বাহারি আয়োজন বাড়লেও অনেক প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কতটা নিশ্চিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরিচ্ছন্ন রান্নাঘর, অনিরাপদভাবে খাবার সংরক্ষণ, নি¤œমানের উপকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশ শুধু ভোক্তাকে প্রতারিত করে না, জনস্বাস্থ্যের জন্যও তৈরি করে নীরব ঝুঁকি। বিচ্ছিন্ন অভিযান ও জরিমানা দিয়ে এ পরিস্থিতির স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত, আকস্মিক ও কার্যকর তদারকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে প্রতিটি প্রতিষ্ঠানের খাদ্যমান, পরিচ্ছন্নতা, সংরক্ষণব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা যাচাই করতে হবে। অনিয়মের প্রমাণ মিললে জরিমানার পাশাপাশি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। একই প্রতিষ্ঠানে পুনরাবৃত্তি হলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ভোক্তার নিরাপদ খাবারের অধিকার নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়; এটি কর্তৃপক্ষের দায়িত্ব। তাই লোকদেখানো অভিযান নয়, চাই নিয়মিত নজরদারি ও জবাবদিহি।
-মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
