রোববার বন্ডি সমুদ্রসৈকতে সন্ত্রাসী হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন। দুর্ভাগ্যবশত পশ্চিমা নেতা ও মিডিয়া তাঁর বিকৃত যুক্তির ওপর আস্থা রাখছে। নেতানিয়াহু গত দুই বছরে গাজায় ইসরায়েলের হাজার হাজার শিশুহত্যা এবং পঙ্গুত্বের ঘটনায় দায়ী। তিনি পরোক্ষভাবে নিজের এসব অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য সিডনির হনুক্কা উদযাপনের ঘটনাটি কাজে লাগাতে চেয়েছেন, যেখানে দুই বন্দুকধারীর হাতে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়।
নেতানিয়াহু বলেছেন, তিনি কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে চিঠি লিখেছিলেন। এতে তিনি বলেছেন, কেবল অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ হননি আলবানিজ, বরং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ওই ঘটনাকে উস্কে দিয়েছেন।
নেতানিয়াহুর দৃষ্টিতে এমন ‘দোষী’ আরও অনেক বিশ্বনেতা রয়েছেন, যাদের মধ্যে আছেন ব্রিটেনের কিয়ার স্টারমার, ফ্রান্সের ইমানুয়েল মাখোঁ এবং কানাডার মার্ক কার্নি; আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম ও নরওয়ের নেতারা। তারা সবাই সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন, নেতানিয়াহু যে অস্ট্রেলিয়ায় হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনি অধিকারের স্বীকৃতির মধ্যে যোগসূত্র আবিষ্কার করেছেন, এর বিরুদ্ধে এ নেতারা প্রতিবাদ করবেন। সর্বোপরি তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন, ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের সামান্যতম প্রচেষ্টাও ইহুদিদের ওপর আক্রমণকে উস্কে দেয়। তাহলে সম্ভবত পশ্চিমাদের উচিত ফিলিস্তিনিদের অনির্দিষ্টকালের জন্য ভোগান্তিতে ছেড়ে দেওয়া।
পশ্চিমা নেতারা যেন স্টকহোম সিনড্রোমে বন্দি। নেতানিয়াহুর বিকৃত যুক্তি মেনে নিতে তাই তারা খুব বেশি প্রস্তুত। এমনকি যে আলবানিজকে নেতানিয়াহু ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করেছেন, তিনিও মিউ মিউ স্বরে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি কেবল বলেছেন, ‘বিশ্বের বেশির ভাগ মানুষ মধ্যপ্রাচ্যে এগিয়ে যাওয়ার পথ হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানকে স্বীকৃতি দেয়।’
নেতানিয়াহু অর্থহীন এক যুক্তি হিসেবে বলেছেন, ফিলিস্তিনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার জন্ম দেয়। অবশ্য এটি একেবারে অর্থহীন নয়। কারণ বছরের পর বছর পশ্চিমা নেতারা এমন একটি আখ্যানের জন্য ষড়যন্ত্র করে আসছেন, যা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনাকে ইহুদিদের প্রতি ঘৃণার সমতুল্য মনে করে।
ইহুদি বিদ্বেষ সম্পর্কিত ধারণার এই পুনর্বিন্যাস নেতানিয়াহু এবং অন্যদের আশা অনুসারেই এ মতকে পুষ্ট করে, পশ্চিমা সমাজে ইহুদি বিদ্বেষ একটি ক্রমবর্ধমান সমস্যা এবং এর মোকাবিলায় আক্রমণাত্মক পদক্ষেপ প্রয়োজন।
নেতানিয়াহু এই নতুন ধরনের ‘ইহুদি বিদ্বেষ’-এর উত্থানের জন্য সামাজিক মাধ্যমকে দোষারোপ করতে আগ্রহী। কারণ এটি প্রথমবারের মতো ফিলিস্তিনি ও তাদের মিত্রদের ইসরায়েলি বর্ণবাদ ও সন্ত্রাসবাদের সরাসরি সম্প্রচারের সুযোগ করে দিয়েছে। আশ্চর্যজনক নয়, ইসরায়েলি অপরাধের বৃহত্তর প্রকাশ ইসরায়েলবিরোধী মনোভাবকে বিশেষ করে পশ্চিমা তরুণদের মধ্যে আরও গভীর করে তুলেছে। এটি এই জরুরি ব্যাপারটি ঘিরে বৃহত্তর অনুভূতিকেও উস্কে দিয়েছে যে, পশ্চিমা সরকারগুলোকে গণহত্যায় তাদের সক্রিয় যোগসাজশ বন্ধ করার জন্য চাপ দিতে হবে।
পশ্চিমা নেতারা ও মিডিয়া চায় না, আপনি এসব ব্যাপারের কোনোটি নিয়ে ক্ষুব্ধ হন। তারা চায় আপনি কেবল সিডনি বন্দুককাণ্ডের ভুক্তভোগীদের জন্য ক্ষোভ প্রকাশ করবেন এবং গাজায় ইসরায়েল ও তার পশ্চিমা অংশীদারদের দ্বারা লাখ লাখ নিরীহ মানুষের হত্যার প্রতি আপনার ক্রোধকে দমন করবেন। কিন্তু আপনাকে এখানে কোনো কিছুই বেছে নিতে হবে না। আপনি উভয় ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশ করতে পারেন।
জোনাথন কুক: ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতবিষয়ক লেখক; মিডল ইস্ট আই থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
