ফ্যাসিবাদ মোকাবিলা করতে অবশেষে প্রধানমন্ত্রী ৩৬ জুলাইয়ের মতো এক মঞ্চে দাঁড়ানোর ডাক দেওয়ার পর দেশের পরিস্থিতি উন্নতির দিকে গেছে। গত এক সপ্তাহে সরকার আওয়ামী উচ্ছৃঙ্খলতার লাগাম খানিকটা হলেও টানতে পেরেছে, যদিও বিপদ কেটে গেছে এমনটা মনে করার কোনো সুযোগ নেই। অন্যদিকে জামায়াত এবং এনসিপি কার্যক্রম নিষিদ্ধ, দিল্লির তাঁবেদার দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে রাজপথে নেমে এসে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে সম্মান জানিয়েছে।
প্রধানমন্ত্রী সোমবার এনসিপিকে দিয়ে জুলাই বিপ্লবের সহযোগী দলগুলোর সঙ্গে ধারাবাহিক আনুষ্ঠানিক আলোচনার সূচনা করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে দেশবাসীকে উদ্দীপ্ত করেছেন। এর আগে সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার একান্ত বৈঠকের অব্যবহিত পর সংসদের অভ্যন্তরে উভয়ের ইতিবাচক সমাপনী বক্তৃতাও জাতিকে বেশ বিলম্বে হলেও আশাবাদী করে তুলেছিল। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জামায়াত এবং এনসিপির অতি দ্রুত রাজপথের কর্মসূচি ঘোষণায় মনে হয়েছিল, দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশি ও বিদেশি হুমকি তারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আন্তরিকভাবে একমত হয়েছেন।
৯ মাস ধরে বিভিন্ন লেখা এবং বক্তৃতায় আমি দেশের স্বার্থে জুলাই শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য অব্যাহতভাবে তাগিদ দিয়ে গেছি। দুর্ভাগ্যজনকভাবে, সরকারের অভ্যন্তরের সুবিধাবাদী নব্য বিএনপি এবং ভারতের দালাল গোষ্ঠী সেই ঐক্য প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। সরকারপ্রধানও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভের সাফল্যে উৎফুল্ল হয়ে মিত্রবেশী সেসব দুর্বিনীতের লাগাম টানার কোনো ধরনের প্রয়োজন অনুভব করেননি।
উচ্চমহল থেকে তাদের বিভেদ সৃষ্টিতে বরং বিভিন্নভাবে আশকারা দেওয়া হয়েছে। ফলে এই অপশক্তি প্রকৃত জাতীয়তাবাদী আদর্শকে প্রশ্নবিদ্ধ এবং জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিশাল ফাটল ধরাতে সক্ষম হয়েছে। এই সুযোগে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হওয়ার সময় পেয়ে এখন গোপালগঞ্জসহ কয়েকটি আওয়ামী অধ্যুষিত জেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে
ব্যাপক খুনোখুনিতে লিপ্ত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর তো বটেই, এমনকি গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর মতো হাসপাতালে পর্যন্ত আগুন দিচ্ছে। অপরদিকে বিএনপির তৃণমূল আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাদের অতিরিক্ত প্রীতি প্রদর্শনের নীতিকে প্রথম থেকেই অপছন্দ করেছে।
শাসকদের আওয়ামী লীগের চরিত্র না বোঝার কাফফারা জাতিকে পুনরায় কতখানি ও কতদিন ধরে দিতে হবে, সেটি আমাদের আপাতত অজানা। এদের সম্পর্কে বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক উক্তি অরণ্যে রোদন হবে জেনেও পাঠকদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন, ‘সাপকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।’ তার মূল্যায়নের সঙ্গে আমি সবসময়ই একমত ছিলাম। আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা বেগম জিয়ার রাজনৈতিক দূরদৃষ্টি নতুন করে প্রমাণ করেছে। আশ্চর্যের বিষয়, এমন ভয়ংকর সন্ত্রাসী দল ও তার কর্মী-সমর্থকদের ঠিক কীভাবে মোকাবিলা করা হবে, এ নিয়ে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দলের বর্তমান ‘স্ট্র্যাটেজিস্ট’দের মধ্যে দোদুল্যমানতা এবং ক্ষেত্রবিশেষে মতদ্বৈধতা বিপ্লবের পর থেকেই জনগণ দেখতে পেয়েছে।
আমি যেহেতু কখনো সুবিধাবাদী রাজনীতিবিদের গোত্রভুক্ত ছিলাম না, তাই আওয়ামী লীগ সম্পর্কে গত তিন দশকে আমার অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। প্রকাশ্যে অথবা আড়ালে, কিংবা সুদিনে অথবা দুর্দিনে কোনো প্রাপ্তির লোভে চিরচেনা রাজনীতিবিদদের মতো কথা উল্টে ফেলতেও আমি জানি না। বিপ্লবের মাস দুয়েক পর পাঁচ দিনের কারাবাস শেষে জাতীয় প্রেস ক্লাবে আমার প্রথম বক্তৃতায় ইউনূস সরকারের কাছে যে সাত দফা দাবি উত্থাপন করেছিলাম, তার প্রথমটিই ছিল সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা।
তাজ্জব হওয়ার মতো ঘটনা হলো, বেশ কজন বিএনপি নেতা আমার সেই প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছিলেন। তারা ভোটের লোভে জনগণের দোহাই দিয়ে সেদিন আওয়ামী লীগের রক্ষাকর্তা হতে চেয়েছিলেন। আওয়ামী লীগের ওপর ফুলের টোকাও পড়তে দেবেন না, এমন সব কথা বিএনপির প্রভাবশালী নীতিনির্ধারকরা প্রকাশ্যে বলে বেড়িয়েছেন। এই শ্রেণির বিএনপি নেতাদের দৃষ্টিতে আমি একজন উপদ্রব সৃষ্টিকারী ভয়ানক হঠকারী ব্যক্তি ছিলাম এবং আছি। আসলেই বোধহয় আমি তা-ই।
হঠকারী না হলে তো এক-এগারোর সময় যখন বিএনপির সব ডাকসাইটে নেতা হয় জেলে, নয়তো জেনারেল মইনের পদতলে চাটাচাটিতে ব্যস্ত, কিংবা বিদেশে নিরাপদ আশ্রয়ে, আমি নির্বোধের মতো গণতন্ত্র, বিএনপি এবং জিয়া পরিবারের পক্ষে কলম ধরতাম না। সেই বিপজ্জনক পরিস্থিতিতে তৎকালীন দিল্লির দালাল সরকারের ৭ নভেম্বরের ছুটি বাতিলের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে ছুটতাম না। বেকুব ও হঠকারী না হলে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে ২০০৯ সালের ডিসেম্বরে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির অভিযোগের খবর আমার দেশ-এ ছাপিয়ে চরম প্রতিহিংসাপরায়ণ হাসিনার ব্যক্তিগত ও পারিবারিক শত্রুতে পরিণত হতাম না। ২০১০ সালে আওয়ামী বিচার বিভাগের মুখোশ উন্মোচন করে আদালত অবমাননার মামলায় জেলে যেতাম না।
২০১২ সালে স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেশি-বিদেশি ষড়যন্ত্র জনসম্মুখে আনতাম না। কিংবা ২০১৩ সালে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনির কথা বলে দেশপ্রেমিক জনগণকে সতর্ক করতাম না। নব্য বিএনপির মতো বুদ্ধিমান হলে স্রোতের সঙ্গে গা ভাসিয়ে বাংলাদেশকে চিরদিনের মতো দিল্লির আশ্রিত রাজ্যে পরিণত হতে দিতাম, বেচারা ভারতীয় মুসলমানদের মতো এ দেশের মুসলমানদেরও হিন্দুত্ববাদের গোলামে পরিণত হওয়া অবধারিত দেখেও চোখ বুজে থাকতাম। বিএনপির অনেক সুশীল নেতাই তো বেগম খালেদা জিয়াকে শাহবাগে গিয়ে প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছিলেন। বেগম জিয়ার গভীর দেশপ্রেম এবং প্রবল ব্যক্তিত্বের কাছে সেই সব দিল্লিপন্থি নেতাকে সেদিন পিছু হঠতে হয়েছিল।
সুতরাং, আমার মতো একজন হঠকারী ব্যক্তির একগুঁয়ে, মৌলবাদী চিন্তাধারার সঙ্গে বর্তমান বুদ্ধিমান সেক্যুলার বিএনপির কৌশলের সঙ্গে বিশাল ফারাক থাকাটাই তো স্বাভাবিক। গত সপ্তাহেই বিএনপির মধ্য-ডান থেকে মধ্য-বামে সরে যাওয়ার রাজনীতি নিয়ে দীর্ঘ মন্তব্য প্রতিবেদন লিখেছি বিধায় আজ আর তার পুনরাবৃত্তি বাদ দিয়ে ঐক্যপ্রক্রিয়া প্রসঙ্গে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি।
প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেই আজকের লেখা শুরু করেছি। তার এই কাজটি অনেক আগেই করা উচিত ছিল বলে আমি মনে করি। ঐক্যের আহ্বানে দেরি কেন কিংবা কাদের কারণে ঘটেছে, সেটি আমার অজানা। তবে উদ্যোগের সফলতা নিয়ে আমি এখনো পুরোপুরি আশাবাদী হতে পারছি না। বিপ্লবের পর থেকেই বিশেষ উদ্দেশ্যে যারা জুলাই ঐক্যে ফাটল ধরানোর কাজ করে গেছে, তাদের এত সহজে হাল ছেড়ে দেওয়ার কথা নয়। ইতোমধ্যে উদ্ভূত পরিস্থিতি থেকে উভয় ক্যাম্পের রাজনৈতিক ফায়দা হাসিলের দৃষ্টিকটু চেষ্টা ঐক্যপ্রচেষ্টার শুরুতেই অবিশ্বাসের আবহ তৈরি করে ফেলেছে। বিশেষ করে সরকারের বিভিন্ন পদে থাকা সব অর্বাচীন নব্য গোষ্ঠীর বাগাড়ম্বর রাজনীতিকে আবার তিক্ত করে ফেলার উপক্রম করেছে।
একজন অর্বাচীনকে দেখলাম তিনি আওয়ামী বয়ান উৎপাদনকারীদের জুতাপেটা করার নসিহত দিচ্ছেন। অথচ এই একই ব্যক্তি এতদিন তার স্বভাবসুলভ অশালীন ভাষায় জামায়াত ও এনসিপিকে গালমন্দ করে প্রকারান্তরে নিজেই আওয়ামী বয়ান প্রচার করে গেছেন! সরকারি কোনো পদে অধিষ্ঠিত হলে যে আর ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ থাকে না, এ বিষয়টি হয় এই অনভিজ্ঞরা জানে না, অথবা তারা সরকারের অভ্যন্তরে থেকেই প্রধানমন্ত্রীর ঐক্যপ্রচেষ্টা বিনষ্ট করতে কাজ করছে বলেই আমার ধারণা। আমার এই ধারণার মধ্যে কোনটা সত্য, সেটি বের করে প্রধানমন্ত্রীকে অবহিত করার দায়িত্ব সরকারের বিভিন্ন সংস্থায় কর্মরত গোয়েন্দাদের। এই নব্য বিএনপিরা কেমন করে এত শক্তিশালী হয়ে উঠল, সেটা যারা দল এবং সরকার চালাচ্ছেন, তাদেরই ভালো জানার কথা।
ফ্যাসিস্ট আমলে প্রতিষ্ঠিত বিভিন্ন মিডিয়াও ফ্যাসিবাদবিরোধী ঐক্য নির্মাণে সুকৌশলে বাধার সৃষ্টি করছে। প্রতি রাতে সবগুলো টেলিভিশন মিলে বোধহয় শ-খানেক টকশো আয়োজন করে থাকে। এসব টেলিভিশন ১৫ বছর ধরে আওয়ামী লীগের ‘ন্যারেটিভ’ প্রতিষ্ঠা করতে অবিরাম কাজ করে গেছে। বিএনপি-জামায়াত এবং বিশেষ করে জিয়া পরিবারকে হেয় করেছে। বিপ্লবের পর দেখা গেল, বিএনপি সেই সব টেলিভিশনে কয়েকজন করে দলীয় লোক বসিয়ে দিয়েছে। দলের থিংকট্যাংক সম্ভবত ভেবে নিয়েছিল যে, কয়েকজন তথাকথিত নিজের লোক রাতারাতি উঁচু বেতনে বসিয়ে দিলেই বোধহয় মিডিয়া মালিকরা সব নিয়ন্ত্রণে এসে যাবেন। ড. ইউনূসের আমলে আওয়ামী সফট পাওয়ারের প্রতি অন্তর্বর্তী সরকার কঠোর হওয়ায় তারা সে সময় ফণা তুলতে পারেনি।
ফলে বিএনপির জন্য সেই অনুকূল পরিস্থিতিতে চিহ্নিত আওয়ামী মিডিয়ায়ও দলের লোকজন ভালোই সুযোগ-সুবিধা পেয়েছে। কাজ মিটে যাওয়ার পর মিডিয়া মালিকরা তাদের প্রতিষ্ঠান থেকে সেসব অনাহূতকে এখন বের করতেও শুরু করেছেন। অনিশ্চিত সময়ে আওয়ামী সফট পাওয়ারও বুদ্ধিমানের মতো সময় ও সুযোগের অপেক্ষায় ধৈর্য ধরেছে। তাদের জন্য অনুকূল পরিস্থিতি আসতে অবশ্য খুব একটা সময়ের প্রয়োজন হয়নি। ফেব্রুয়ারির নির্বাচনের পর পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। বিএনপির বাম ঘরানার, ইসলামবিদ্বেষী ‘মিডিয়া স্ট্র্যাটেজিস্টরা’ নতুন মিত্র খুঁজতে গিয়ে সমচরিত্রে ফ্যাসিস্ট সফট পাওয়ারের ওপর নির্ভর করা মাত্র তারা স্বরূপে প্রত্যাবর্তন করেছে। দলের কৌশলের অংশ হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী সফট পাওয়ারের সখ্য জন্মেছে।
ফলে নির্বাচন-পরবর্তী ৯ মাস ধরে ডিএনএগতভাবে আওয়ামী টেলিভিশনগুলোর বেশুমার টকশোতে জুলাই গণহত্যা এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বৈধতা উৎপাদন করতে তেমন কোনো বেগ পেতে হয়নি। এ সময়ের মধ্যে মিডিয়ায় সরকারের মৌন সম্মতিতে, শেখ হাসিনার জায়গায় প্রফেসর ইউনূসকে প্রধান ভিলেন হিসেবে প্রচার করা হয়েছে। প্রশাসন থেকে ঘটা করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ধরনের তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। হাসিনার ক্ষমার অযোগ্য, হিমালয়সম অপরাধ সুপরিকল্পিতভাবে আড়ালে ঠেলে দেওয়া হয়েছে। স্রোতের বিপরীতে নির্বোধের মতো একমাত্র একগুঁয়ে আমার দেশ হাসিনা আমলের জুলুম ও দুর্নীতির কাহিনি অদ্যাবধি ছাপিয়ে যাচ্ছে।
রাজনীতি বড়ই নির্মম। প্রফেসর ইউনূস সরকারের একাধিক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বর্তমান সরকারেও প্রভাবশালী মন্ত্রী এবং অন্য পদে অধিষ্ঠিত থাকলেও তারা নিজেদের গদি রক্ষার্থে বিএনপির এই আত্মঘাতী নীতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা থেকে বিরত থেকেছেন। এরা বুঝতে চেষ্টা করেননি যে, মিডিয়ায় বিনা বাধায় যত ‘ইউনূস ব্যাশিং’ চলেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সড়ক ততই মসৃণ হয়েছে। অন্তর্বর্তী সরকারকে হেয় করার মাধ্যমে তারা প্রকারান্তরে বিপ্লবকেই প্রশ্নবিদ্ধ করে গেছেন, যার প্রতিক্রিয়ায় দেশ ও বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা উৎসাহিত হয়েছে। ফ্যাসিবাদের সমর্থকদের সাম্প্রতিক তাণ্ডব তাই প্রত্যাশিতই ছিল। গত সপ্তাহে গোপালগঞ্জে ফ্যাসিস্ট গোষ্ঠীর রীতিমতো সহিংস বিদ্রোহ ঘোষণার পরও বাংলাদেশের বেশ কিছু মিডিয়ায় প্রকারান্তরে দিল্লিতে পলাতক শেখ হাসিনার পক্ষে আওয়ামী সফট পাওয়ারের বক্তব্য প্রদানের স্পর্ধার দায় বিএনপি সরকারকেই গ্রহণ করতে হবে। সরকারদলীয় সংসদ সদস্যও যখন ফ্যাসিস্টদের পক্ষ টেনে নিয়মিত টেলিভিশনে বক্তব্য দেওয়ার পর শাস্তির বাইরে থাকেন, তখন সরকারের সদিচ্ছা সম্পর্কেও স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহের উদ্রেক হয়।
সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, শেখ হাসিনার হাতে সময় খুব বেশি নেই। সার্টিফিকেট অনুযায়ী তার বর্তমান বয়স ৭৯ বছর। নির্বাচিত সরকার মেয়াদ পুরো করতে সক্ষম হলে আগামী নির্বাচনের সময় দিল্লির দাসীর বয়স হবে প্রায় পঁচাশি বছর। আওয়ামী লীগ যে ধরনের সহিংসতা চালাচ্ছে, তাতে করে দলটিকে সংসদে নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে যুক্তি জোরদার হয়েছে। ফলে বর্তমান সংসদের সব দল একমত হলে, আগামী জাতীয় নির্বাচনেও ফ্যাসিস্ট দলটিকে নির্বাচনের বাইরে থাকতে হতে পারে। সে ক্ষেত্রে অশীতিপর, প্রতিহিংসাপরায়ণ বৃদ্ধার বিএনপি সরকারকে মেয়াদপূর্তির আগেই ক্ষমতাচ্যুত করার কোনো বিকল্প নেই। ভারত সরকারও জুলাই বিপ্লবে হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারে বাংলাদেশের ওপর সর্বক্ষেত্রে চাপ প্রয়োগ করে চলেছে।
আমাদের জাতীয় স্বার্থেই সবাই মিলে এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ফ্যাসিবাদ এবং দিল্লির আধিপত্যবাদবিরোধী। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের সাহস ও দেশপ্রেম আমাকে বিপুলভাবে অনুপ্রাণিত করে। মহান জুলাই বিপ্লবে তারা কোনো দল কিংবা ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অকাতরে প্রাণ বিসর্জন দেয়নি। একমাত্র সুগভীর দেশপ্রেম তাদের এভাবে জীবন দিতে উদ্বুদ্ধ করেছিল। সরকারের সব মন্ত্রীর কিশোর আনাসের চিঠিটি সপ্তাহে অন্তত একবার করে পড়া দরকার। ক্ষমতাসীনদের অভ্যন্তরে আওয়ামী সফট পাওয়ার আস্তানা গাড়লেও আমাদের জেন-জি তাদেরও উৎখাত করতে সক্ষম। সরকারের প্রতি আমার আহ্বান, প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক শুধু মুখে নয়, কর্মের মাধ্যমে প্রমাণ করুন।
সরকার ও দলের মধ্যে ঐক্য বিনষ্টকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত অপসারণ করা হলে অবশ্যই জাতি সর্বতোভাবে সরকারকে সহযোগিতা করতে অনুপ্রাণিত বোধ করবে। নব্যদের জায়গামতো রেখে দিয়ে শুধু মুখে ঐক্যের ডাক সরকারের সদিচ্ছা প্রমাণ করে না। বিরোধী দলকে বলব, প্রধানমন্ত্রীর আহ্বানের পেছনে অনর্থক দুর্বলতা খুঁজে ঐক্য বিনষ্টকারীদের সুযোগ করে দেবেন না। আপনাদের মধ্যকার বিভেদ সৃষ্টিকারী ও অতি উৎসাহীদের ব্যাপারেও সতর্কতা আবশ্যক। বিরোধী দলের রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য অবশ্যই ভুলতে বলছি না। তাহলে তো ভিন্ন রাজনৈতিক দল ও আদর্শ থাকারই কোনো প্রয়োজন নেই। তবে গণতন্ত্রে মতপার্থক্য মেনে নিয়েও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে ঐক্য গড়তে কোনো পক্ষের দ্বিধা থাকা প্রত্যাশিত নয়। আওয়ামী ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ের মতো আপসহীন লড়াই বর্তমান অবস্থায় আমাদের একমাত্র শর্ত হওয়া উচিত। অনতিবিলম্বে সেই শর্ত পূরণে সরকার ও বিরোধী দলকে আন্তরিক আলোচনায় বসার আহ্বান জানাই। ঐক্যের আহ্বান জানাতেই ৯ মাস লেগে গেছে। আশা করি, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে আবার ৯ মাসের প্রয়োজন হবে না। দিল্লির ফ্যাসিস্ট গোষ্ঠী সেই সময় নাও দিতে পারে।
