আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনে দায়িত্ব পালনে তাদের ভূমিকাও থাকবে নিরপেক্ষ। যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বলপ্রয়োগের প্রয়োজন হয় তাহলে রুলস অব এনগেজমেন্টে ক্রমান্বয়ে বলপ্রয়োগের যে মাত্রা বাড়ার একটি প্রক্রিয়া আছে, সেটি অনুসরণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার লক্ষ্যে সেনা সদরে গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল। নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২২ জানুয়ারি ২০২৬ থেকে নিরলসভাবে দেশের বিভিন্ন অঞ্চল সফর করছেন।
ইতোমধ্যে ঢাকা, চট্টগ্র্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন। প্রতিটি পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় কৌশলগত নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় সারাদেশে মোতায়েনকৃত সেনা সদস্যদের নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।
এক্ষেত্রে দায়িত্ব পালনের সময় অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ এবং নিয়োজিত সেনা সদস্যদের জনগণের প্রতি নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। দেশের সকল বিভাগ ও জেলার প্রশাসনের সঙ্গে সমন্বিত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য, ভীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর এই তৎপরতার মূল লক্ষ্য। আসন্ন নির্বাচন ঘিরে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে রয়েছেন, যা অন্যান্য নির্বাচনের সময় তুলনায় বেশি। ফলে এবারের নির্বাচনে সেনাবাহিনী ভোটকেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত যেতে পারবে। অতীতে দেখা গেছে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করতেন। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় কাজের গতি যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য আগে থেকেই নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তি ও সরঞ্জাম পরিবহনে সামরিক হেলিকপ্টার ও জলযান প্রস্তুত থাকবে। \r\nত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে নির্বাচন ঘিরে জনগণের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না হলে নিঃসন্দেহে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা বিঘ্নিত হবে। হুমকির মুখে পড়বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। কাজেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্তভাবে কাম্য। সেই সঙ্গে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে দেশের সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেÑ এই প্রত্যাশা।
