কলেজজীবনের শিক্ষক আমিনুল হকের গবেষণার অভিজ্ঞতা থেকে পিএইচডির প্রতি আগ্রহ তৈরি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর করি। শিক্ষা ক্যাডারে যোগ দেওয়ার পর সিইডিপির আওতায় ইউনিভার্সিটি অব নটিংহামের মালয়েশিয়া ক্যাম্পাস থেকে শিক্ষা বিষয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফেলোশিপে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল থেকে টেসল বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর সম্পন্ন করি। পাশাপাশি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছি। যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার কারণ, এখানকার গবেষণাভিত্তিক ডক্টরাল শিক্ষা, আন্তবিষয়ক গবেষণার সুযোগ ও প্রাতিষ্ঠানিক সহায়তা। বর্তমানে ইউএসএফে শিক্ষণপ্রযুক্তিতে পিএইচডি করছি। আমার গবেষণার আগ্রহ শিক্ষণ নকশা, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও শেখার তত্ত্ব।

জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩-এর ২০২৬ সালের সংশোধন অনুযায়ী মাস্টার্স, এমফিল ও পিএইচডির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৭ বছর। তবে বয়সসীমার মধ্যে থাকলেই ছুটি নিশ্চিত হয় না। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সাধারণত আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অর্থায়নের ব্যবস্থা করতে হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এসব কাগজের মধ্যে রয়েছে অফার লেটার, নিয়োগ ও যোগদানের নথি, চাকরি স্থায়ীকরণের প্রমাণ, হালনাগাদ পিডিএস, প্রত্যয়নপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা ও অর্থায়নের নথি। অনুমোদনের ধরন অনুযায়ী অঙ্গীকারনামাও লাগতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভিসা ও সরকারি অনুমতি তিনটি পৃথক প্রক্রিয়া। নীতিমালা পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হয়।

শিক্ষার্থীর সামগ্রিক একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি আকৃষ্ট করেছে। পিএইচডিতে একজনকে শুধু গবেষক নয়, ভবিষ্যতের শিক্ষক ও স্বাধীন চিন্তাশীল একাডেমিক হিসেবেও গড়ে তোলার চেষ্টা করা হয়। তাই কোর্সওয়ার্কে জোর বেশি দেওয়া হয়। এখানে সমালোচনামূলক চিন্তা ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ রয়েছে। শিক্ষকেরা প্রশ্ন করতে, প্রতিষ্ঠিত তত্ত্বের সীমাবদ্ধতা বিশ্লেষণ করতে এবং যুক্তি-প্রমাণের ভিত্তিতে নিজের মত তুলে ধরতে উৎসাহ দেন। সবচেয়ে ইতিবাচক দিক হলো, এখানে কী জানতে হবে, তার চেয়ে কীভাবে চিন্তা এবং নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে, সেটিতে বেশি জোর দেওয়া হয়।

প্রথমেই প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পিত প্রস্তুতি ও ধৈর্য। কেন পড়তে চাই, কী পড়তে চাই এবং দেশে ফিরে অর্জিত জ্ঞান কীভাবে কাজে লাগাব, তা পরিষ্কার থাকা উচিত। গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও পিএইচডিতে শুধু ফল বা পরীক্ষার স্কোর নয়, গবেষণার অভিজ্ঞতা, লেখার দক্ষতা এবং বিষয়ের প্রতি আগ্রহও বিবেচনা করা হয়।

আমার স্নাতকের ফলে কিছুটা সীমাবদ্ধতা ছিল। তবে নটিংহাম ও ব্রিস্টলে স্নাতকোত্তর করার সময় লেখা অ্যাসাইনমেন্ট ও থিসিস আমার একাডেমিক দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করে। অনেক পিএইচডি প্রোগ্রামে একাডেমিক রাইটিং স্যাম্পল জমা দিতে হয়। এগুলো কাজে এসেছে।

তাই গবেষণাপত্র প্রকাশিত না থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার ও থিসিস যত্ন নিয়ে লিখতে হবে। এগুলোকে শুধু নম্বর পাওয়ার মাধ্যম না ভেবে লেখার দক্ষতা তৈরির সুযোগ হিসেবে নিন। ইংরেজিতে দক্ষতা অর্জন এবং নিয়মিত পড়ালেখার চর্চাও জরুরি। আইইএলটিএস, টোয়েফল বা জিআরই লাগবে কি না, তা প্রোগ্রামভেদে নির্ধারিত হয়। আবেদনের ক্ষেত্রে এসওপি, একাডেমিক সিভি ও সুপারিশপত্র প্রয়োজন। অন্তত এক বছর আগে প্রস্তুতি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শর্ত এবং আবেদনের সময়সীমা জেনে নেওয়া ভালো।

প্রথমত, নিজের লক্ষ্য ও গবেষণার আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম বাছাই করতে হবে। শুধু র‍্যাঙ্কিং বিবেচনা না করে পিএইচডির ক্ষেত্রে সুপারভাইজারের গবেষণার ক্ষেত্র ও বিভাগের পরিবেশ যাচাই করা উচিত।

দ্বিতীয়ত, অর্থায়নের বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা ব্যয়বহুল হলেও পিএইচডি পর্যায়ে অ্যাসিস্ট্যান্টশিপ ও ফেলোশিপের সুযোগ রয়েছে। আমার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টশিপের সঙ্গে টিউশন ওয়েভার ও স্বাস্থ্যবিমা আছে। অফার পেলে টিউশন ফি কতটা মওকুফ হবে, স্টাইপেন্ড কত, কত মাস অর্থায়ন পাওয়া যাবে, স্বাস্থ্যবিমা আছে কি না এবং কী দায়িত্ব পালন করতে হবে, তা জানা জরুরি।

প্রথম চ্যালেঞ্জ ছিল ভর্তি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের কাগজপত্র, আই-২০, ভিসা এবং সরকারি চাকরির আনুষ্ঠানিকতা নির্দিষ্ট সময়ে সমন্বয় করা সহজ ছিল না। যুক্তরাষ্ট্রে এসে বাজার, রান্না ও ঘরের কাজ নিজেকে করতে হয়। ক্লাস ও গবেষণার ব্যস্ততার মধ্যে এসব সামলানোও কঠিন। একাডেমিক চ্যালেঞ্জও রয়েছে। দীর্ঘদিন শিক্ষকতার পর আবার পূর্ণকালীন শিক্ষার্থী হয়েছি। প্রচুর প্রবন্ধ পড়তে হয়, অ্যাসাইনমেন্ট করতে হয়। পরিসংখ্যান ও গবেষণার দার্শনিক ভিত্তি বুঝতেও বাড়তি সময় দিতে হচ্ছে। অ্যাসিস্ট্যান্টশিপের দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা ও ব্যক্তিজীবনের ভারসাম্য রাখা আরেকটি চ্যালেঞ্জ। একটি মজার অভিজ্ঞতাও আছে। বাংলাদেশে দীর্ঘদিন ইংরেজি পড়িয়েছি, ব্রিস্টল থেকে টেসল করেছি, আইইএলটিএসও দিয়েছি। তবু আন্তর্জাতিক টিচিং অ্যাসিস্ট্যান্টদের জন্য আলাদা ভাষাগত মূল্যায়নে অংশ নিতে হয়েছে। সৌভাগ্যক্রমে সফল হয়েছি। এতে বুঝেছি, এখানে শিক্ষাদানে ভাষাগত যোগাযোগদক্ষতাকে কতটা গুরুত্ব দেওয়া হয়।

সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন নিউইয়র্কে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের মে মাসের তথ্য অনুযায়ী নিউইয়র্ক মহানগর এলাকায় প্রায় ১ লাখ ১০ হাজার, ডেট্রয়েটে প্রায় ১৮ হাজার এবং ওয়াশিংটন ডিসিতে প্রায় ১৫ হাজার বাংলাদেশির বসবাস ছিল। এ হিসাব ২০২১ থেকে ২০২৩ সালের মার্কিন জনগোষ্ঠী জরিপের তথ্যভিত্তিক। তা ছাড়া লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, মায়ামি, বোস্টন ও ফ্লোরিডার বিভিন্ন শহরেও কমিউনিটি আছে।

যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষার্থীদের জন্য এসব কমিউনিটি বাসা খোঁজা, তথ্য পাওয়া ও মানিয়ে নেওয়ায় সহায়ক হতে পারে। তবে শুধু নিজেদের কমিউনিটিতে সীমাবদ্ধ না থেকে অন্য দেশের মানুষের সঙ্গেও মেশা উচিত। এতে ভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি জানা যায়, অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।

প্রধান আগ্রহ শিক্ষণপ্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও মেটাকগনিশনের সম্পর্ক। মেটাকগনিশন হলো নিজের চিন্তা ও শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা এবং তা নিয়ন্ত্রণ করতে পারা।

শিক্ষার্থীরা এখন চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই ব্যবহার করছে। আমার গবেষণার প্রশ্ন হলো, তারা কি এসব প্রযুক্তির মাধ্যমে চিন্তাশক্তি বাড়াচ্ছে, নাকি ধীরে ধীরে উত্তরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে? এআইয়ের তথ্য তারা কতটা যাচাই করছে এবং সেই যাচাই তাদের ওপর কী ধরনের কগনিটিভ লোড তৈরি করছে? ইংরেজি ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার প্রেক্ষাপটে এসব বিষয়ে কাজ করতে চাই। তবে পিএইচডির শুরুতে থাকায় চূড়ান্ত গবেষণার বিষয় এখনো নির্ধারণ করছি।

শেখার আগ্রহের সঙ্গে বয়সের নির্দিষ্ট কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রে আসার পর প্রথমে মনে হয়েছিল, হয়তো একটু বেশি বয়সে পড়তে এসেছি। কিন্তু এক সহপাঠীকে দেখে সেই ধারণা বদলে যায়। বয়সকে কখনো বাধা হতে দেননি। পেশাগত অভিজ্ঞতা নতুন বিষয় বুঝতে এবং তত্ত্বের সঙ্গে বাস্তবতার যোগসূত্র খুঁজতে সহায়তা করছে। তাই শুধু বয়স বা পদবির কারণে স্বপ্ন সীমিত করবেন না। তবে আবেগের পাশাপাশি বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে। পারিবারিক দায়িত্ব, আর্থিক সামর্থ্য, চাকরির বিধিবিধান ও ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই সিদ্ধান্ত

নেওয়া উচিত।