দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবে বেকারত্বের হার বেড়ে চলেছে। তার চেয়েও উদ্বেগের বিষয় হচ্ছে, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি বাড়ছে। অন্যদিকে তৈরী পোশাক খাত, ওষুধ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিপুল সংখ্যক ভারতীয়সহ বিদেশি নাগরিকরা কাজ করে বছরে শত শত কোটি ডলার নিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বাজারের চাহিদা অনুসারে কর্মসংস্থানের উপযোগী জনবল তৈরী করতে ব্যর্থ হচ্ছে। এহেন বাস্তবতায় দেশের শিক্ষাব্যবস্থার কারিকুলাম ও শিক্ষা পদ্ধতি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া জরুরি হয়ে পড়েছে। শিক্ষার মানোন্নয়ন ও চাহিদা অনুসারে দক্ষ জনবল তৈরীর বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের বদলে গতানুগতিক ধারায় নতুন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিকেই সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। এ ক্ষেত্রে এক ধরণের জনতুষ্টিমূলক রাজনৈতিক প্রতিশ্রুতিই যেন প্রাধান্য পাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি’র কেউ কেউ নাকি প্রতি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন। যেখানে এক সময়ে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, প্রকাশনাসহ সামগ্রিক কার্যক্রম নিয়ে ক্রমবর্ধন অভিযোগ ও অসন্তোষ ঘনীভ’ত হয়েছে, সেখানে নতুন নতুন ইউনিভার্সিটির অনুমোদন দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির পেছনে কোটি কোটি টাকার অপচয় ছাড়া আপাতত আর তেমন কোনো অর্জন নেই।
একটি বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে, সময়ের প্রয়োজনে নব্বইয়ের দশকের শুরুতে তৎকালীন বিএনপি সরকার সংসদে প্রাইভেট ইউনিভার্সিটি আইন পাসের মাধ্যমে দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। গত সাড়ে তিন দশকে দেশে শতাধিক প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশে সরকারি বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেড়শতাধিক। অধিভুক্ত কলেজসহ এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধকোটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণ হলেও এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। মোদ্দা কথা, দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর কয়েক লাখ শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি নিয়ে বেরিয়ে যাচ্ছে।
তারা তাদের কাঙ্খিত বা উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছে না। উচ্চ শিক্ষার পেছনে রাষ্ট্রের ও পরিবারের লাখ লাখ টাকা খরচ করে করে পাস করা একেকজন বেকার রাষ্ট্র ও পরিবারের জন্য কার্যত বোঝা হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার অপরিকল্পিত উন্নয়ন ও বিস্তারের শিকার হচ্ছে দেশের শিক্ষিত তরুণ সমাজ। ক্ষমতাসীন দলের নেতারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছামত নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ও বরাদ্দ বাগিয়ে নিলেও শিক্ষার মানোন্নয়ন বা কর্মমুখী শিক্ষার বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে তাদের মাথায় যেন তেমন কোনো উদ্যোগ বা চিন্তা নেই। একদিকে দেশের চাকরির বাজারে হাজার হাজার বিদেশি নাগরিক চাকরি করে শত শত কোটি ডলার নিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশের বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে হাজার হাজার শিক্ষিত যুবক বেকারত্বের দায়ভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেশের অর্থনীতি টিকে আছে শ্রমঘন কর্মী নির্ভর গার্মেন্ট ফ্যাক্টরি, জনশক্তি রফতানির মত দক্ষ জনশক্তির উপর সেখানে প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষা খাতের এমন অপরিকল্পিত উন্নয়ন ও অপচয়ের ওপর ভর করে জাতি সমৃদ্ধির কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবে না।
গতকাল ইনকিলাবে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বগুড়ার শাহজাহানপুরে স্থানীয় জনতা মঙ্গলবার সকালে আড়াই ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয় জনসাধারণ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাসড়কে জড়ো হয়ে সড়ক অবরোধ করার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসকের মৌখিক আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হলে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও উত্তরাঞ্চলসহ দেশের অনগ্রসর অঞ্চলে উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির দাবিকে অগ্রাহ্য করা যায়না। সেই সাথে শিক্ষার সামসগ্রিক বাস্তবতা মাথায় রেখে শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে।
শিক্ষা ও গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা মূল্যায়লণসহ প্রয়োজনীয় উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। সেই সাথে সাড়ে তিন দশকে প্রাইভেট বিশ্ববিদ্যালগুলোর শিক্ষার মান, অবকাঠামোসহ সামগ্রিক বিষয়সমুহ পুর্নমূল্যায়ন করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি), ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গবেষকদের এ বিষয়ে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সার্টিফিকেট বাণিজ্য ও সার্টিফিকেটসর্বস্ব উচ্চশিক্ষা পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারছে না। কর্মমুখী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোমা ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে নজর দিতে হবে। সেই সাথে উচ্চতর গবেষণা, সিভিল সার্ভিস ও শিক্ষা উন্নয়নের উপযোগি উচ্চ শিক্ষিত জনবল গড়ে তুলতে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই তাদের সামগ্রিক কর্মকান্ডের মান সম্পর্কে দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশের সংসদীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। শিক্ষা ও গবেষণা উন্নয়নে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সংসদে আলোচনার মাধ্যমে সরকারকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা বা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবণতা থেকে সরকারের সংশ্লিষ্টদের বেরিয়ে আসতে হবে।
