জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাস ভাড়া কিলোমিটারপ্রতি আরও ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে পরিচালন ব্যয় বাড়বে, এটি বাস্তবতা। কিন্তু সে বাড়তি ব্যয়ের সম্পূর্ণ বোঝা আবারও সাধারণ যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়ার উদ্যোগ জনজীবনে যে বাড়তি দুর্ভোগ তৈরি করবে, তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এমন এক সময়ে ঘটলো, যখন সাধারণ মানুষ ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ প্রায় সব ক্ষেত্রেই বাড়তি ব্যয়ের চাপে রয়েছে। মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে গেছে। এমন পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া বাড়ানো মানে শুধু বাসযাত্রার ব্যয় বাড়ানো নয়; এর প্রভাব পড়বে পুরো জীবনযাত্রার ব্যয়ের ওপর। কারণ পরিবহন ব্যয় বাড়লে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের যাতায়াত ব্যয় যেমন বাড়বে, তেমনি পণ্য পরিবহনের ব্যয় বেড়ে তার প্রভাব পড়বে বাজারদরেও।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিআরটিএর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার আগেই কোনো কোনো টার্মিনাল ও রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গাবতলীসহ বিভিন্ন টার্মিনাল এবং দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাড়া সমন্বয়ের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের আগে পরিবহন মালিক বা শ্রমিকদের নিজস্ব সিদ্ধান্তে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকতে পারে না। এখানে বিআরটিএর দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন খাতের প্রকৃত অতিরিক্ত ব্যয় কতটা বেড়েছে, তা নিরপেক্ষভাবে হিসাব করে তারপর ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। শুধু মালিকপক্ষের দাবির ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা যেমন যুক্তিসংগত হবে না, তেমনি পরিবহন মালিকদের বাস্তব ব্যয় ও ব্যবসায়িক সক্ষমতার বিষয়টিও উপেক্ষা করা যাবে না। প্রয়োজন স্বচ্ছ ও গ্রহণযোগ্য একটি ব্যয় বিশ্লেষণ, যাতে জ্বালানি, রক্ষণাবেক্ষণ, চালক-শ্রমিকের মজুরি, গাড়ির অবচয়, টোল ও অন্যান্য ব্যয় বিবেচনায় নেওয়া হবে।
এপ্রিল মাসে ডিজেলের দাম বৃদ্ধির পর আন্তঃজেলা বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগর রুটে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এরপর আবার জ্বালানি তেলের দাম বাড়ায় নতুন করে ভাড়া সমন্বয়ের দাবি উঠেছে। কিন্তু বারবার জ্বালানি মূল্য ও পরিবহন ভাড়া সমন্বয়ের এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করতে হবে। প্রতিবার তেলের দাম বাড়ার পর ভাড়া বাড়ানো এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে অন্যান্য পণ্যের দাম বাড়তে থাকা কোনো টেকসই সমাধান হতে পারে না। সরকারের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অর্থনৈতিক চাপ কীভাবে সাধারণ মানুষের ওপর ন্যূনতম পর্যায়ে রাখা যায়। বিশেষ করে গণপরিবহন ব্যবহারকারী নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করা প্রয়োজন। গণপরিবহনকে দক্ষ, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক করার পাশাপাশি প্রয়োজনে লক্ষ্যভিত্তিক সহায়তা বা অন্যান্য নীতিগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
একই সঙ্গে পরিবহন খাতের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি জরুরি। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়, অতিরিক্ত ভাড়া আদায়ের নামে যাত্রী হয়রানি, টিকিটে ভাড়া উল্লেখ না করা এবং রুটভেদে ইচ্ছামতো ভাড়া নির্ধারণের প্রবণতা বন্ধ করতে হবে। নতুন ভাড়া নির্ধারণ করা হলে তা প্রতিটি বাস, কাউন্টার ও টার্মিনালে স্পষ্টভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা থাকতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বাস্তব প্রভাব পরিবহন খাতের ওপর পড়বে, এটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই চাপ কতটা যাত্রীর ওপর যাবে, সেটিই মূল প্রশ্ন। রাষ্ট্রের দায়িত্ব শুধু নতুন ভাড়া অনুমোদন করা নয়; একই সঙ্গে নিশ্চিত করা যে, ভাড়া নির্ধারণের প্রক্রিয়াটি ন্যায্য, তথ্যভিত্তিক ও স্বচ্ছ এবং যাত্রীরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো হয়রানির শিকার না হন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের ওপর আরেক দফা ব্যয়ের বোঝা চাপানোর আগে সরকারকে তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো প্রয়োজন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অভিঘাত যেন গণপরিবহন ব্যবহারকারী সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে না দেয়, সেটিই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবচেয়ে বড় দায়িত্ব।
