বিভিন্ন সংস্থা ও অর্থনীতিবিদদের মতে, স্বৈরাচারের দেড় দশকে পরিসংখ্যান ও অর্থনৈতিক সূচকে ভুয়া ও অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে। এটা করা হয়েছে মূলত এলডিসি থেকে উত্তরণ ও উন্নয়নচিত্র তুলে ধরার জন্য। পক্ষান্তরে সব সময় জনগণের প্রকৃত অবস্থা গোপন করতে পরিসংখ্যানকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। জিডিপির আকার অত্যন্ত ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, যা সরকারের ঋণ সহায়তা পেতে সাহায্য করেছে। অন্যদিকে মূল্যস্ফীতির হার সব সময় বাস্তবের চেয়ে কম দেখানো হয়েছে, যাতে এটা বুঝানো সহজ হয় যে, সরকারের উন্নয়ন কার্যক্রম জনকল্যাণে কাজে আসছে। ভূয়া ও মিথ্যা তথ্যভিত্তিক পরিসংখ্যান আখেরে বুমেরাংয়ে পরিণত হয়।

স্বৈরাচারের পতনের আগে-পরে দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাপনের যে চিত্র প্রত্যক্ষ করা গেছে, তাতে তা সম্যক উপলব্ধি করা গেছে। জনসংখ্যা, অর্থনীতির ধরন, বাণিজ্যের আকার ইত্যাদি বিচারে বাংলাদেশের সঙ্গে আফ্রিকার নাইজেরিয়ার তুলনা করা যায়। অথচ, জিডিপির আকারে দু’দেশের মধ্যে ফারাক বিরাট। ২৪ কোটি মানুষের নাইজেরিয়ার জিডিপি ২৮৫ বিলিয়ন ডলার। জনসংখ্যা ও অর্থনৈতিক কাঠামোর নিরিখে উপমহাদেশের পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের তুলনা চলে। ২৫ কোটি জনসংখ্যার এই দেশটিতে জিডিপি ৩৪০ বিলিয়ন ডলার। ১৮ কোটি জন্যসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের জিডিপি এই দুই দেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের বর্তমান জিডিপি ৪৫৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০২৪-২৫ অর্থবছর শেষে জিডিপি যখন ৪৫৬ বিলিয়ন ডলার দাঁড়ায়, তখন সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৭৬ বিলিয়ন ডলার। সে অনুযায়ী কর জিডিপির অনুপাত দাঁড়ায় ৩৮ দশমিক ৩৮ শতাংশ। দেশি-বিদেশি সংস্থা ও অর্থনীতিবিদদের মতে, নাইজেরিয়া ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জিডিপির আকার ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের মধ্যে থাকার কথা। তার জায়গায় দেখানো হয়েছে প্রকৃত পরিমাণের চেয়ে অন্তত ১০০ বিলিয়ন ডলার বেশি। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে অতিরঞ্জিত তথ্যের কথা উঠে আসে। সরকারের তরফে বিষয়টি বিশ্বমহলে তুলে ধরা হয়, সংশোধনের প্রতিশ্রুতিও দেয়া হয়। যে কোনো কারণেই হোক, সংশোধন করা হয়নি। সংশোধন করা হলে কর জিডিপি ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যাতে সরকারের ঋণ নেয়ার সক্ষমতা অনেক কমে যেতে পারে। প্রশ্ন উঠতে পারে, ঋণ নেয়ার সক্ষমতা বাঁচিয়ে রাখতেই কি জিডিপির পরিসংখ্যান সংশোধন করা হয়নি?

বাংলাদেশে জনসংখ্যা, অর্থনীতির সূচক, মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির হার, উৎপাদনের পরিসংখ্যান প্রায় সকল ক্ষেত্রেই আস্থা ও বিশ্বাসযোগ্যতার ঘাটতি রয়েছে। বিবিএসের দেয়া পরিসংখ্যান এখন আর দেশে-বিদেশে কেউই বিশ্বাস করে না। ২০২২ সালে বিশ্বব্যাংক ১৩০টি দেশের তিন দশকের পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে গড় প্রবৃদ্ধির হার ৭ শতাংশ হয়েছে। অথচ, প্রকৃত হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। ওই ১০ বছরে প্রবৃদ্ধির হার ২ দশমিক ৮ শতাংশ বাড়িয়ে দেখানো না হলে প্রকৃত জিডিপির আকার দাঁড়াতো ৩২২ বিলিয়ন ডলার। বলা বাহুল্য, বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ প্রমাণের জন্যই এটা করা হয়েছে, যা বাংলাদেশ আদৌ ছিল না।

বিবিএস গত মার্চের মূল্যস্ফীতির একটি পরিসংখ্যান দিয়েছে। বলেছে, ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ । বিবিএস দাবি করেছে, মূল্যস্ফীতি গত মাসের তুলনায় কমেছে। তার মতে, ফ্রেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। বিবিএসের এ পরিসংখ্যান নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বিবিএস মার্চের যে পরিসংখ্যান দিয়েছে, তা বিশ্বাসযোগ্য হয়নি। ইরান যুদ্ধের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে। সেবার ব্যয় ও হয়রানি বেড়েছে। কিন্তু বিবিএস মূল্যস্ফীতি কমার তথ্য দিয়েছে। পরিসংখ্যান দেয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিবিএসের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা সর্বনি¤œ পর্যায়ে এসে উপনীত হয়েছে। এর বাইরে যেসব প্রতিষ্ঠান তথ্যসংগ্রহ ও প্রদানের দায়িত্ব পালন করে, তাদের অবস্থাও একই রকম। এমতাবস্থায়, প্রকৃত তথ্যের নিশ্চয়তা ও তার বিশ্বাসযোগ্যতার বিষয়ে আস্থাশীল হতে হলে বিবিএসের কাঠামোগত সংস্কারের বিকল্প নেই। অন্যান্য প্রতিষ্ঠানকেও আস্থাযোগ্য ও গতিশীল করতে হবে। বিবিএস সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের সময় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। টাস্কফোর্স রিপোর্ট দিয়েছে। সংস্কারের সুপারিশ করেছে। কিন্তু সংস্কার এখনো হয়নি। বস্তুতপক্ষে পরিবর্তনহীন, সংস্কারহীন বিবিএস এখনো দায়িত্ব পালন করছে। আগের মতই ভুয়া ও মিথ্যা তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান দিচ্ছে। বিবিএস সরকারের নিয়ন্ত্রণের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যার দায়িত্ব সরকারের পরিসংখ্যান বা তথ্যচাহিদা পূরণ করা। দেশ-বিদেশের ব্যক্তি-প্রতিষ্ঠানও বিবিএসের কাছ থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে সহায়তা পেতে পারে। কাজেই এই সরকারি প্রতিষ্ঠানের সচ্ছতা, দক্ষতা ও তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা অপরিহার্য।

রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে প্রকৃত তথ্যের প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যা, উৎপাদন, চাহিদা, সরবরাহ, আমদানি, রফতানিসহ এমন কেনো ক্ষেত্র নেই যেখানে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তা অপরিহার্য নয়। যে কোনো ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করতে হলে সঠিক পরিসংখ্যান লাগবে। পরিসংখ্যান যদি ভুয়া হয়, মিথ্যা হয়, তথ্যনির্ভর না হয়, তাহলে কোনো পরিকল্পনাই সঠিক ও বাস্তবসম্মত হতে পারে না। আর পরিকল্পনা যথাযথ না হলে তা থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। অনেক সময় বিপত্তি ঘটে, সংকট তৈরি হয়। দেশের জনসংখ্যা কত তার পরিসংখ্যান বিবিএস যা দেয়, অনেকে মনে করেন, জনসংখ্যা তার চেয়ে বেশিÑ ১৮ কোটির স্থলে ২০ কোটি। জনসংখ্যার পরিসংখ্যানের সঠিকতার ওপর সকল পরিকল্পনার সফলতা নির্ভর করে।

প্রতিবছর সরকারের তরফে যে বাজেট দেয়া হয় তা বাস্তবায়নের জন্য পরিসংখ্যানগত সঠিকতা ও নির্ভুলতা খুবই আবশ্যক ও জরুরি। পরিসংখ্যানে ভুল হলে সংকট, এমনকি বিপর্যয় ঘটা অসম্ভব নয়। জনসংখ্যার পরিসংখ্যান মোতাবেক খাদ্যশস্য ও অন্যান্য পণ্যের উৎপাদন, চাহিদা, সরবরাহ, আমদানি ইত্যাদি নির্ভর করে। জনসংখ্যার পরিসংখ্যান যদি কম বা বেশি হয়, তবে ওইসব ক্ষেত্রেও ব্যত্যয় বা বিভ্রাট ঘটতে বাধ্য। প্রকৃত জনসংখ্যার চেয়ে বেশি জনসংখ্যা ধরে পরিকল্পনা করলে পণ্যের উৎপাদন, চাহিদা, সরবরাহ, আমদানি বেশি হবে। কম ধরে পরিকল্পনা করলে পণ্যের সংকট দেখা দেবে। ইরানযুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকটাশংকা করা হচ্ছে। সরকারের তরফে আশ্বাস দেয়া হচ্ছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। মানুষ তা আস্থায় নিতে পারছে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৪টি তেলবাহী জাহাজ আসছে। কিন্তু আসলে দেখা গেলো, তথ্যটি সর্বাংশে সঠিক নয়। বলা বাহুল্য, এই তথ্যটিও সরকারের কোনো না কোনো কর্তৃপক্ষ সরকারকে দিয়েছিল। ওই কর্তৃপক্ষ দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। এতে সরকারকে বিব্রত হতে হয়েছে। এখনো তথ্যের গরমিল, ভুল বা মিথ্যা তথ্য দেয়া অব্যাহত আছে। এটা অত্যন্ত দুঃখজনক। সরকারকে বিষয়টি গভীরভাবে আমলে নিয়ে যথার্থ প্রতিকারের পদক্ষেপ নিতে হবে। পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, ভুল ও মিথ্যা পরিসংখ্যানের কারণে অতিরিক্ত ঋণের খপ্পরে পড়েছে দেশ, এলডিসি উত্তরণ বিলম্বের শিকার হতে যাচ্ছে, পণ্যসংকট ও মূল্যস্ফীতি সীমা ছাড়িয়ে গেছে। এখনও অতীতের মতোই মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, এ প্রসঙ্গে তা স্মরণ করা যেতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী-কাঁচপুর অংশকে এতদিন ৮ লেন বলে চালিয়ে দেয়া হয়েছে। অথচ, এখন দেখা যাচ্ছে, এটি ৬ লেনের কম। এসব তথ্যবিভ্রান্তি অমার্জনীয়। যে কোনো মূল্যে সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে হবে। আর সেটা করতে পারলে দেশের মানুষের উন্নয়ন প্রত্যাশা, জীবনমানের উন্নতি এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা মোটেই অসম্ভব হবে না।