চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। দেশে ও দেশের বাইরে অবস্থানরত আওয়ামী ফ্যাসিবাদীরা পুনরায় দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তারা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। মানুষ পুড়িয়ে মারা, হাসপাতাল ও থানায় আগুন দেওয়া এবং সড়কের গাছ কেটে সাবাড় করার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পাশাপাশি গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়াও দিয়েছে তারা। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এমন তৎপরতা চরম ঔদ্ধত্যের প্রকাশ। এমতাবস্থায় সরকার জাতীয় সংলাপের যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে চলতি মাসের শেষের দিকে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে ভেতরে ভেতরে সংলাপের প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত হয়েছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর ফলোআপ বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বর্তমানে সংলাপের জন্য দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে।
বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার মাধ্যমে তাদের ফ্যাসিবাদবিরোধী অবস্থানের চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে। রাজনৈতিক দলগুলোকে জনগণের সেই অবস্থানের গুরুত্ব গভীরভাবে অনুধাবন করতে হবে। বর্তমান সরকারি ও বিরোধী—উভয় পক্ষকেই বুঝতে হবে যে, এ দেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পক্ষে নয়। অথচ বিস্ময়ের সাথে লক্ষ করা যাচ্ছে, সরকারি দলেরই একজন সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী শক্তিকে পুনরায় রাজনীতি করতে দেওয়ার পক্ষে কথা বলছেন! এটি পুরোপুরি জুলাই চেতনার পরিপন্থী। যে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ দূর হয়ে গণতান্ত্রিক সংসদের যাত্রা শুরু হয়েছে, সেই সংসদের একজন সদস্যের এমন বক্তব্য শহীদদের অবমাননার শামিল এবং অভ্যুত্থানে অংশ নেওয়া লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত পীড়াদায়ক। এ ধরনের বক্তব্যের বিষয়ে তাকে অবিলম্বে সতর্ক করা উচিত।
আসন্ন সংলাপে সরকারের অন্যতম প্রধান আলোচ্যসূচি হওয়া উচিত গণভোটের আলোকে ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করা। এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় যেমন নির্মূল হবে, তেমনি ভবিষ্যতে আর কোনো শাসকের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথও চিরতরে রুদ্ধ হবে। সুতরাং, সরকারের এই সংলাপ কেবল নিষিদ্ধ ঘোষিত দলের তাৎক্ষণিক দুর্বৃত্তপনা মোকাবিলায় সীমাবদ্ধ না রেখে, সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে এর অন্যতম মূল লক্ষ্য নির্ধারণ করা জরুরি।
আমরা আশা করি, আসন্ন এই সংলাপের মাধ্যমে সরকার গণভোটের রায় বাস্তবায়ন করবে এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা নানা মতানৈক্য আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে পুনরায় পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নেই।
