শনিবার সমকালের এক প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাহারি নামের সন্ত্রাসী বাহিনীর উত্থান সম্পর্কিত যেই সংবাদ প্রকাশিত হইয়াছে, উহা দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিরই প্রতিফলন বলিয়া আমরা মনে করি। প্রতিবেদন অনুসারে, খুলনায় সাম্প্রতিক প্রায় সকল হত্যাকাণ্ডের নেপথ্যে হুমা বাহিনীর নাম আসিয়াছে। একইভাবে রাজশাহী, কুষ্টিয়াসহ চার জেলায় পদ্মা নদী ও চরে দাপট দেখাইয়া চলিয়াছে কাকন বাহিনী। নোয়াখালীর সুবর্ণচর অশান্ত করিয়া রাখিয়াছে চাঁন, ফারুক ও তোতলা বাহিনী। এই সকল বাহিনী সংশ্লিষ্ট এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া প্রতিপক্ষ গ্রুপগুলির সহিত প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হইতেছে; যাহার ফলে শুধু অনাকাঙ্ক্ষিত রক্তই ঝরিতেছে না, এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্কও বিরাজ করিতেছে।

বস্তুত গত বৎসর গণঅভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তনের সময় এবং তৎপরবর্তী সময়ে যেইভাবে একের পর এক দুর্ধর্ষ অপরাধীকে আইন ও বেআইনি প্রক্রিয়ায় কারাগার হইতে মুক্ত করা হইয়াছে এবং বিভিন্ন থানা হইতে অস্ত্র ও গোলাবারুদ লুট হইয়াছে, তাহার পর দেশের বিভিন্ন স্থানে উল্লিখিত সন্ত্রাসী বাহিনীর উত্থান লইয়া বিস্ময়ের অবকাশ সামান্য। বিশেষত ঐ শীর্ষ সন্ত্রাসীরা অদ্যাবধি পুনরায় আইনের আওতায় আসে নাই, যদিও কারাগারের বাহিরে আসিয়া তাহাদের বিরুদ্ধে পুনরায় খুনাখুনিতে লিপ্ত হইবার বহু অভিযোগ পুলিশেরই খাতায় লিখা হইয়াছে। তদুপরি লুটকৃত অস্ত্র ও গোলাবারুদও অনেকাংশেই পুনরুদ্ধার করা হয় নাই–যেইগুলি মূলত অপরাধীদেরই হস্তে গিয়াছে বলিয়া বিশেষজ্ঞদের সহিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাও বলিয়া আসিতেছেন।

আমরা জানি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণকালে ঘোষণা করিয়াছিল, নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান হইবে তাহাদের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। কিন্তু সেই প্রতিশ্রুতি যে এখনও মূলত কাগজেই রহিয়া গিয়াছে, সমকালের আলোচ্য প্রতিবেদনগুচ্ছই বলিয়া দিতেছে। দুর্ভাগ্যবশত, সরকার এই বাস্তবতা একপ্রকার অস্বীকার করিয়া চলিয়াছে। গত জুলাই মাসে পুলিশ সদরদপ্তর পূর্ববর্তী সময়ের অপরাধ পরিসংখ্যান তুলিয়া ধরিয়াছিল, যথায় বিশেষত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে খুন, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির প্রবণতা স্পষ্ট ধরা পড়ে। কিন্তু ঐ সময়েই সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতির মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং হইতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুতর অপরাধ তেমন বৃদ্ধি পায় নাই। এই সময়ে মামলা বৃদ্ধির কারণ হিসাবে বলা হয়, আওয়ামী লীগের ১৬ বৎসরের শাসনামলে সংঘটিত অন্তত বহু খুনের মামলা তাহাদের সময়ে নতুন করিয়া দায়ের হইয়াছে বলিয়া পরিস্থিতি এমন দেখাইতেছে। অর্থাৎ অতীতের সরকারগুলির ন্যায় অন্তর্বর্তী সরকারের মধ্যেও অপরাধের প্রকৃত চিত্র লুকাইবার প্রবণতা স্পষ্ট।

সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা এখনও প্রত্যাশিত পর্যায়ে আসে নাই। কিন্তু পুলিশের এই দুর্বলতার কারণেই তো সেনাবাহিনীকে অধ্যাদেশের মাধ্যমে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করিয়া সর্বত্র নিযোগ করা হইয়াছে। বলা হইতে পারে, অপরাধীদের অনেকেই রাজনৈতিক আশীর্বাদ ভোগ করিতেছে, যাহা বন্ধ না হইলে পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কঠিন। কিন্তু প্রকৃতপক্ষে এই সময়ে সক্রিয় সকল দলই বর্তমান সরকারকে নিঃশর্ত সমর্থন দিতেছে, কাজেই অপরাধীদের গ্রেপ্তারে সরকার যথাযথ উদ্যোগ লইলে রাজনৈতিক দলগুলির পক্ষে আপত্তি থাকিবার কথা নহে। আমরা মনে করি, যদি সরকার দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের দমনে মনোযোগ নিবদ্ধ করিত, তাহা হইলে নিঃসন্দেহে পরিস্থিতির উন্নতি হইত।

প্রসঙ্গত, গত বৎসরের আগস্ট হইতে দেশব্যাপী মহলবিশেষ যে মব সন্ত্রাস চালাইতেছে, উহার প্রতি রহস্যজনক কারণে সরকার কার্যত নমনীয়তা প্রদর্শন করিতেছে। ইহাও ফৌজদারি অপরাধ সংঘটনে সংশ্লিষ্টদের উৎসাহ জোগাইতেছে। আমাদের প্রত্যাশা, অবিলম্বে এই বিষয়ে সরকারের বোধোদয় ঘটিবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হইবে।