আমরা গভীর দুঃখ ও মর্মবেদনার সঙ্গে বলছি, সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গত শনিবার এক খুদে বার্তায় একথা জানিয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, সুদানের আচেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের বরাতে উল্লেখ করেছে, ড্রোন দিয়ে হামলা চালানো হয়। সুদানের সেনাসমর্থিত সরকার হামলার নিন্দা জানিয়ে বলেছে, সরকার বিরোধী আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এ হামলার জন্য দায়ী। স্মরণ করা যেতে পারে, ২০২৩ সাল থেকে আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে আসছে।

বিবিসি’র মতে, ২০১৩ সালে জানহাওয়িদ মিলিশিয়াদের দ্বারা গঠিত আরএসএফ’র বিরুদ্ধে দারফুরে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ রয়েছে। সুদান দীর্ঘদিন ধরে জঙ্গী ও সন্ত্রাসী সংগঠনগুলোর অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়ে আছে। হত্যা, সন্ত্রাস, অরাজকতা ইত্যাদি তাদের লক্ষ্যে পরিণত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও রক্ষায় সেখানে জাতিসংঘের তরফে শান্তি রক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা এই বাহিনীর অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা বিদ্রোহী কবলিত এলাকায় প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন। শান্তি প্রতিষ্ঠা ও রক্ষার জন্য যারা নিহত হয়েছেন, তাদের ত্যাগের কোনো তুলনা হয় না। অনুরূপভাবে যারা আহত হয়েছেন তাদের ত্যাগও অপরিসীম। কারণ, তারাও তাদের সাথীদের মতো নিহত হতে পারতেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন: ‘শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনকালে আমাদের ছয় জন বীর শান্তিরক্ষীর শাহাদাতবরণ এবং আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার’। প্রধান উপদেষ্টা তার বিবৃতিতে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একটি ফেসবুক পোস্টে বলেছেন: ‘জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহত শান্তিরক্ষীদের জন্য শোক ও আহতদের আরোগ্য কামনা করেছেন।

সুদানের যে এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হয়েছেন, ওই এলাকায় যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে। সুদান সরকারের ভাষায়, এই হামলা ‘বিপজ্জনক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি’র প্রমাণ। এমতাবস্থায়, জাতিসংঘের উচিত ছিল, শান্তিরক্ষীদের নিরাপত্তা-সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া। আরএসএফ ড্রোন হামলা চালাতে পারে এমন আশংকায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হলে এমন হতাহতের ঘটনা নাও ঘটতে পারতো। অশান্ত ও বিশেষ যুদ্ধ কবলিত দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা খুবই কঠিন ব্যাপার। চারদিকে শত্রু, হামলার আশংকা সর্বত্র যেকোনো মুহূর্তে, এটাই বাস্তবতা। এই দুরূহ ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকালে হতাহতের ঘটনা অস্বাভাবিক নয়। বিভিন্ন দেশে দায়িত্ব পালনকালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অনেক সদস্য ও কর্মকর্তা হতাহতের শিকার হয়েছেন।

বাংলাদেশি শান্তিরক্ষীরাও এর মধ্যে রয়েছেন। ওয়াকিবহাল মহলের জানা, ১৯৮৮ সালে ইরান-ইরাকে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু। সেই থেকে এই ৩৭ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে গর্বিত অংশীদারে পরিণত হয়েছে। এ পর্যন্ত ৪৩টি দেশে ও স্থানে ৬৩টি মিশন সম্পন্ন করেছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। এসব মিশনে মোট দুই লাখ ৫৫৮ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী ৩ হাজার ৬৪৫ জন। বর্তমানে ১০টি মিশনে ৫ হাজার ৬১৯ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। শুরু থেকে সুদানে সর্বশেষ ছয়জন নিহত হওয়া পর্যন্ত মোট ১৬৮ জন শান্তিরক্ষী দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭২ জন।

বিশ্বশান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার বাংলাদেশের এই ত্যাগ অবিস্মরণীয়। জাতিসংঘসহ বিভিন্ন দেশ বাংলাদেশের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশ থেকে অধিক সংখ্যায় শান্তিরক্ষী নেয়ার পেছনে বাংলাদেশি শান্তিরক্ষীদের উন্নত আচার-আচরণ, চরিত্র, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও গণসম্পৃক্ততা বিশেষ ভূমিকা রাখছে বলে পর্যক্ষেকদের অভিমত। শান্তিরক্ষীরা বিভিন্ন দেশের ও স্থানের শান্তিরক্ষার জন্যই কেবল নিয়োজিত হয় না, তারা বাংলাদেশের দূত হিসাবেও ভূমিকা রাখে। সংশ্লিষ্ট দেশ ও স্থানের মানুষের সঙ্গে মেলামেশা, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপন, তাদের সমস্যার সমাধান, এমনকি উন্নয়ন-কর্মকা-ে অংশগ্রহণের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন। আফ্রিকার দারিদ্রপীড়িত, গৃহযুদ্ধ ও সংঘাত কবলিত দেশগুলোতে দায়িত্ব পালনকালে স্থানীয়দের সঙ্গে বাংলাদেশি শান্তিরক্ষীদের সুসম্পর্ক স্থাপনসহ তাদের শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়নে স্বেচ্ছাসেবা দেয়া উচ্চ প্রশংসা অর্জন করেছে। বস্তুত, বাংলাদেশি শান্তিরক্ষীরা বহির্বিশ্বে দেশের মান-মর্যাদাকে সর্বোচ্চ অবস্থানে উন্নীত করেছেন। তারা আগামী দিনগুলোতে একইভাবে জাতিসংঘের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে দেশের দূত হিসেবেও দায়িত্ব পালন করবেন, সঙ্গতকারণেই আমরা এটা আশা করি। পরিশেষে আমরা সুদানে নিহত শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করছি। তাদের পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।