সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী দেশের বৃহত্তম শিক্ষা কমিউনিটি। ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে চার লাখের বেশি শিক্ষক এবং এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। বছরের এ সময়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা যখন বার্ষিক পরীক্ষা ও নতুন ক্লাসে পদার্পণের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের অর্থনৈতিক সুবিধাদি ও পদমর্যাদা সংক্রান্ত তিন বা চার দফা দাবি নিয়ে স্কুলে তালা দিয়ে ঢাকার রাজপথে আন্দোলন করছে। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক চালচিত্রে নানাবিধ সংকট বিদ্যমান। অবকাঠামোসহ শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি পূরণ ও পরিকল্পনা বাস্তবায়ন খুব ধীর গতিতে হলেও চলছে।

তবে নন-রেজিস্টার্ড, নন-এমপিও শিক্ষকদের তুলনায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকরা তুলনামূলকভাবে অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধাও বাড়ছে। দেশের অর্থনীতির সামগ্রিক বাস্তবতার বাইরে গিয়ে লাখ লাখ শিক্ষকের প্রত্যাশিত দাবি-দাওয়া একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। সর্বস্তরের শিক্ষকরা সমাজের শিক্ষিত-সচেতন জনগোষ্ঠির অংশ। তাদের কাছে মানুষ বিবেক ও বিচার বুদ্ধিহীন বেপরোয়া তৎপরতা প্রত্যাশা করে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন যেসব দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন, তার সাথে নিজেদের স্বার্থসিদ্ধির বাইরে শিক্ষার্থী ও সামগ্রিক শিক্ষা উন্নয়নের কোনো সম্পর্ক নেই। নিজেদের বেতন-ভাতা ও পদমর্যাদার দাবি আদায় করতে গিয়ে তারা কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে তাদের শিক্ষাজীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। শিক্ষাবছরের শেষে তারা যখন বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখছে, তখন স্কুল বন্ধ করে শিক্ষকদের আন্দোলন শিক্ষার্থীদের জন্য মানসিক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের কর্মবিরতি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিঘ্ন ও বিক্ষুব্ধ করে তুলছে। কিছু শিক্ষক বিদ্যালয় খোলা রেখে পরীক্ষা গ্রহণ করছে বলে জানা যায়। কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় কোথাও কোথাও অভিভাবকরাই স্বপ্রণোদিত হয়ে পরীক্ষা গ্রহণ করছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। ঐতিহ্যগতভাবে আমাদের সমাজে শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে গুরুজন, অভিভাবকতুল্য। তাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর। সেই মানুষ গড়ার কারিগররা সন্তানতুল্য শিক্ষার্থীদের জিম্মি করে নিজেদের ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থ হাসিলের আন্দোলনে যোগ দিয়ে তাদের শিক্ষাজীবনকে বিপর্যস্ত করে তুলতেও কুণ্ঠিত হচ্ছেন না! সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শিক্ষাব্যবস্থার বুনিয়াদ। এ স্তরের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে যা কিছু শেখে, যা কিছু দেখে তার মধ্য দিয়ে পরবর্তী উচ্চশিক্ষার ভিত্তি গড়ে ওঠে। সরকারের কাছে দাবি আদায়ের নামে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালনের এমন নজির তাদের প্রতি শিক্ষার্থী, অভিভাবক তথা সমাজের মানুষের ঘৃণা ও বিক্ষোভের জন্ম দিচ্ছে। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলন বন্ধ করে তাদেরকে অবিলম্বে শিক্ষা কার্যক্রমে যোগ দিতে হবে। শিক্ষার্থীদের ও অভিভাবকদের জিম্মি করে দাবি আদায়ের কোনো নৈতিক অধিকার তাদের নেই।

কিছুদিন আগে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির আন্দোলনের প্রতি সরকারের সংশ্লিষ্টদের নমনীয়তা ও দাবি মেনে নেয়ার দৃষ্টান্তকে সামনে রেখে এখন হঠাৎ করেই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাঠে নেমেছে। এর জন্য শিক্ষা উপদেষ্টা দায় এড়াতে পারেন না। তিনি শিক্ষক-কর্মচারিদের আন্দোলন ও দাবি-দাওয়া সংক্রান্ত কোনো কিছুই সঠিক সময়ে সঠিক প্রক্রিয়ায় সমাধান কিংবা মোকাবেলা করতে পারেননি। সাধারণ শিক্ষক-কর্মচারিদের ব্যবহার করে আন্দোলনকারী জামায়াতপন্থি শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে সনদ জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ঠেকাতেও তিনি শিক্ষক-কর্মচারিদের নিয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের পেছেনেও আজিজির মতো কোনো মতলববাজ শিক্ষকনেতা জড়িত থাকতে পারে। তাদেরকে শনাক্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। পতিত স্বৈরাচারি রেজিম সবকিছু ধ্বংস করে পালিয়েছে। দেশের নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছেন এবং চাকরি শেষে অবসরভাতাও পাচ্ছেন। দেশের বহুধাবিভক্ত ও বৈষম্যপূর্ণ শিক্ষাব্যবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে বেসরকারি স্কুল-মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষকরা অনেক কম বেতন ও কম সুযোগ-সুবিধা নিয়ে চাকরি করছেন। সমাজের সর্বস্তরের মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষক সমাজের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের ক্ষেত্রেও বৃহত্তর সমাজের সমর্থন থাকবে। কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে, বার্ষিক পরীক্ষার সময় তাদেরকে শ্রেণীকক্ষের বাইরে রেখে দাবি আদায়ের আন্দোলন সমর্থনযোগ্য নয়। এ ধরনের আন্দোলন প্রাথমিক শিক্ষকদের নৈতিক অধঃপতন ও অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের তৎপরতা চলতে দেয়া যায় না। শিক্ষার্থীদের জিম্মি ও শিক্ষাজীবন বিপর্যস্ত করে দাবি আদায়ের আন্দোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।