দেশে হাম ও ইহার লক্ষণ লইয়া শিশুমৃত্যুর এই সংকটকালে স্বাস্থ্য ব্যবস্থার নাজুকতা ব্যাপকভাবে পরিলক্ষিত। যথাযথ চিকিৎসা নিশ্চিত করিতে পারিলে হয়তো অনেক শিশুকে বাঁচানো সম্ভব হইত। জরুরি মুহূর্তে পিআইসিইউ তথা পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট সেবা না পাইয়া প্রাণ হারাইয়াছে কোনো কোনো শিশু। বৃহস্পতিবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে চট্টগ্রামের পরিস্থিতি বর্ণনা করা হইয়াছে, যেইখানে মুমূর্ষু শিশুরাও আসন সংকটে পিআইসিইউ সেবা পাইতেছে না। বস্তুত এই সংকট কেবল চট্টগ্রামে নহে; রাজধানীসহ সমগ্র দেশের পরিস্থিতি তথৈবচ।
সমকালের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে সরকারিভাবে পিআইসিইউ শয্যা রহিয়াছে কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-চমেকে। হাসপাতালটির শিশু বিভাগে ২০টি পিআইসিইউ শয্যার মধ্যে ১৫টি শয্যায় হাম আক্রান্ত শিশুদের রাখা হইতেছে; সরকারিভাবে পুরো বিভাগে হামে আক্রান্ত শিশুদের জন্য এই শয্যাই ভরসা। অথচ প্রতি দিবসেই অন্তত ১০ শিশুর পিআইসিইউর প্রয়োজন পড়ে; মুমূর্ষু শিশুকেও পিআইসিইউ সেবা প্রদান করিতে পারিতেছেন না চিকিৎসকরা। এহেন অবস্থায় অসহায় হইয়া মৃত্যুমুখে পতিত হইয়াছে কোনো কোনো শিশু।
গুরুতর অসুস্থ শিশুদের জন্য বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র-পিআইসিইউ নিউমোনিয়া, দুর্ঘটনাজনিত আঘাত এমনকি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্যও জরুরি। কিন্তু দেশের জনসংখ্যা ও চাহিদার তুলনায় পিআইসিইউর সংখ্যা অত্যন্ত সীমিত। সরকারি হাসপাতালে বেড সংখ্যা কম, আর বেসরকারি হাসপাতালগুলির ব্যয় অধিকাংশ পরিবারেরই নাগালের বাহিরে। চট্টগ্রাম বিভাগে সরকারি হাসপাতালে ২০টি পিআইসিইউ আসন থাকা কেবল স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা নহে, ইহার সহিত রাষ্ট্রের নীতিগত অগ্রাধিকারও প্রশ্নের মুখে পড়িয়া যায়। আমরা জানি, কোনো শিশুর মৃত্যু কেবল পরিবারের বেদনা নহে; জাতির জন্যও ক্ষতি। দেশের ভবিষ্যৎ শিশুদের এহেন অসহায়ত্ব কাম্য নহে। সরকারকে জাতীয় পর্যায়ে পিআইসিইউ সম্প্রসারণের সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করিতে হইবে। দেশের প্রতিটি বিভাগীয় হাসপাতালে যদ্রূপ পর্যাপ্ত পিআইসিইউ স্থাপন করিতে হইবে, তদ্রূপ ধাপে ধাপে জেলা পর্যায়ে এই সেবা বিস্তৃত করা জরুরি। ইহার সহিত এই সেবাসংশ্লিষ্ট বিশেষায়িত জনবল তৈয়ার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামেও বিনিয়োগ বৃদ্ধি করিতে হইবে।
সরকারি হাসপাতালের আসন ব্যবস্থাপনা ও তথ্য সমন্বয়ে কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা যাইতে পারে, যাহাতে অভিভাবক ও চিকিৎসকগণ দ্রুত জানিতে পারেন, কোথায় শয্যা খালি। ইহাতে মূল্যবান সময় বাঁচিবে এবং অনেক শিশুর জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে। স্মরণে রাখিতে হইবে, দেশের নাগরিকদের চিকিৎসার দায় রাষ্ট্রের উপরেই বর্তায়। এইখানে কোনোভাবেই অবহেলা করা যাইবে না। সময়মতো পিআইসিইউ বেডের সংকটে শিশুর মৃত্যুর দায় সরকার উপেক্ষা করিতে পারে না। শিশুদের জীবন রক্ষার এই মৌলিক অবকাঠামো নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আর দেরি করিবার অবকাশ নাই।
এই বৎসর যেইভাবে হাম ও ইহার উপসর্গে শিশুর মৃত্যু ঘটিতেছে, তদ্রূপ গত বৎসর ও ইহার পূর্বে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করিয়াছে। তখনও পিআইসিইউর সংকট এবং সার্বিক চিকিৎসার অব্যবস্থাপনা আমরা দেখিয়াছি। ইহার পূর্বে করোনার সময়েও সমগ্র দেশে আইসিইউর অপ্রতুলতা প্রথমবারের মতো স্পষ্ট হইয়াছিল। সরকারের উচিত ছিল, ঐ সময় হইতেই এই দিকে বিশেষ নজর দেওয়া। ইহার সহিত সরকারকে এই ক্ষেত্রে সহায়তায় বেসরকারি খাতেরও অগ্রসর হওয়া উচিত। বেসরকারি হাসপাতালগুলিতে পিআইসিইউর চার্জ মানুষের আয়ত্তে রাখিবার জন্য সরকারেরও দৃষ্টি প্রয়োজন। ডেঙ্গু ও হামের কারণে আমাদের শিশুর চিকিৎসায় যেই সকল ঘাটতি, অব্যবস্থাপনা ও সংকট দেখিতেছে, দীর্ঘ মেয়াদে সেই সকল সংকট হইতে উত্তরণে ব্যবস্থাপনা গ্রহণ করিতেই হইবে।
