অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন টি২০ বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে লওয়ার সিদ্ধান্ত জানাইয়া দিয়াছে। এই খবরে দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় ভাঙিয়া যাইবার কথা। ১৯৯৯ সাল হইতে নিবচ্ছিন্নভাবে সকল বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটপ্রিয় বাংলাদেশ এইবার সেই আসরে না থাকিবার বিষয়টি নিঃসন্দেহে বেদনাদায়ক। যেই ঘটনার জের ধরিয়া এই পরিস্থিতির উদ্ভব হইল, উহাও বিস্ময়-জাগানিয়া বটে।
আমরা জানি, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলিয়া গত মাসে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাকর্মীর একটি অংশ মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলিতে না দিবার দাবি তুলিয়াছিল। উহার সূত্র ধরিয়া ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই মুস্তাফিজকে বাদ দিতে আইপিএলে আমন্ত্রণকারী দল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উহার প্রতিবাদ করে। উপরন্তু ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা লইয়া উদ্বেগ প্রকাশ করিয়া তথায় আমাদের জাতীয় দলকে না প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে। বিসিবি বাংলাদেশ দলের খেলাগুলি শ্রীলঙ্কায় লইয়া যাইতে আইসিসিকে অনুরোধ করে। কিন্তু আইসিসি সেই অনুরোধে সাড়া না দিয়া শেষ পর্যন্ত বিষয়টি লইয়া বুধবার ভোটাভুটি করে, যেইখানে বাংলাদেশ হারিয়া যায়। আইসিসি অবশ্য সিদ্ধান্তটি চূড়ান্ত করিবার পূর্বে বিসিবিকে পুনর্ভাবনার জন্য অন্তত ২৪ ঘণ্টা সময় দেয়। কিন্তু বিসিবি পূর্বের সিদ্ধান্তেই অনড় থাকে।
মুস্তাফিজকে আইপিএল হইতে অন্যায়ভাবে বাদ দেওয়ার নিন্দা জানাইয়া আমরা ইতোপূর্বে এই স্তম্ভে আইসিসির প্রতি বিসিবির আহ্বানকেও সমর্থন জানাইয়াছিলাম। তবে একই স্তম্ভে আমরা বিসিবি, তৎসহিত অন্তর্বর্তী সরকারকেও আইসিসি এবং প্রয়োজনে ভারত সরকারের সহিত কূটনৈতিক তৎপরতা জোরদার করিবার মাধ্যমে বিষয়টির ন্যায্য সুরাহা আদায়ে সচেষ্ট হইবার পরামর্শ দিয়াছিলাম। দুঃখজনক, সেই প্রকার প্রচেষ্টা ইত্যবসরে বিসিবি লইয়াছে বলিয়া আমাদের গোচরীভূত হয় নাই। আমাদের যুক্তি ছিল, ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকিতে দিতে হইবে। উহাতে রাজনীতির কর্দম সংযুক্তকরণের কোনো সুযোগ নাই। ভারতীয় কর্তৃপক্ষ চাহিলেও অন্তত বাংলাদেশ ইহা হইতে দিতে পারে না। কিন্তু রবিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন বলিতেছে, বাংলাদেশি একজন ক্রিকেটারকে কেন অনায্যভাবে বাদ দেওয়া হইল– উহা কখনোই বিসিসিআইর (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) নিকট বিসিবি জানিতে চাহে নাই। এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগও দেওয়া হয় নাই ভারতীয় বোর্ডের নিকট। এমনকি বিষয়টি লইয়া বিসিবির আইসিসির অন্য সদস্যদেরও সাহায্য লইবার চেষ্টা পরিলক্ষিত হয় নাই। যাহার ফলস্বরূপ এক পাকিস্তান ব্যতীত বাকি সকলে বুধবারের ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। দৃশ্যত একটা স্বাধীন সংস্থা হওয়া সত্ত্বেও বিসিবি উক্ত বিষয়ে সম্পূর্ণ সরকারের অবস্থানকে অনুসরণ করে, যাহা নিরেট রাজনৈতিক। তাই ক্রিকেটের ন্যায় একটা নিরেট বিনোদনে ইহার প্রভাব না থাকাই কাম্য।
এই প্রসঙ্গে বাংলাদেশের জন্য আইসিসির টেস্ট মর্যাদা আদায়ে যাহার ক্রিকেট কূটনীতির ভূমিকা সর্বজনস্বীকৃত সেই সৈয়দ আশরাফুল হকের মন্তব্য প্রণিধানযোগ্য। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সহিত এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করিয়া বলিয়াছেন, আমরা হয়তো ভারতের সহিত একটি রাজনৈতিক লড়াইয়ে জয়লাভ করিয়াছি; কিন্তু ক্রিকেটের যুদ্ধে আমরা হারিয়া গিয়াছি। তিনি মনে করেন, ভারতের চরম ডানপন্থি দলগুলির পাতা ফাঁদে পা দিয়াছি আমরা। ইহা তাহাদের জয়; আমাদের সরকারের নয়। তাহার এই মন্তব্য গুরুত্বপূর্ণ এই কারণে যে, টি২০ বিশ্বকাপ হইতে বিদায়ের ফলে বাংলাদেশ ক্রিকেটকে আরও মাশুল গুনিতে হইতে পারে বলিয়া আশঙ্কা রহিয়াছে। তাহাদের মতে, ইহার ফলে বাংলাদেশ শুধু তিনশত কোটির বেশি রাজস্বই হারাইবে না; র্যাঙ্কিংয়ে পিছাইয়া পড়ায় পরবর্তী টি২০ বিশ্বকাপে খেলাও উহার পক্ষে কঠিন হইতে পারে।
আমরা মনে করি, এই মুহূর্তে বিসিবির আত্ম-অনুসন্ধান জরুরি। যেই ক্ষতির সম্মুখীন বাংলাদেশের ক্রিকেট, তাহা হ্রাসকরণ এবং আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে স্বীয় অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা দ্রুত করিতে হইবে। খেলোয়াড়সহ কেবল ক্রিকেট-সংশ্লিষ্ট মহলের মতকে প্রাধান্য দিয়া কাজ করিলেই ইহা সম্ভব বলিয়া আমাদের বিশ্বাস।
