বুকের ব্যথা লইয়া হাসপাতালে পৌঁছানো রোগীকে চিকিৎসকের সিদ্ধান্তের উপর নিঃশর্ত আত্মসমর্পণ করিতে হয়। তখন তাঁহার কাছে সময়ের মূল্য অর্থ অপেক্ষা অধিক। তিনি বিশ্বাস করেন, তাঁহার জীবনের প্রশ্নে কোনো আপস চলিবে না। কিন্তু সেই বিশ্বাসের জায়গাটি কীভাবে বাণিজ্যে পরিণত হইতেছে; রবিবার সমকালে প্রকাশিত ‘হার্টের অবৈধ রিং ব্যবসা, জড়িত চিকিৎসক-নার্স’ শিরোনামের প্রতিবেদনখানি উহার প্রমাণ।

প্রতিবেদনমতে, চোরাই পথে হার্টের চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম দেশে আনিতেছে একটি চক্র। হার্টের স্টেন্ট বা রিংয়ের তথ্য গোপন, কম মূল্যের রিংয়ের অধিক মূল্য নির্ধারণ এবং রোগীকে বিকল্প চিকিৎসা ব্যবস্থা অনুসন্ধানের সুযোগ দেওয়া হইতেছে না। অর্থাৎ যেই রোগীর ঔষধেও ভালো হইবার সুযোগ ছিল, তাঁহাকেও রিং পরিতে হইতেছে। কথা হইল, স্বাস্থ্য ব্যবস্থাপনা অত্যন্ত জটিল বিষয় হইলেও তাহা কি নজরদারির বাহিরে?

সমকালের প্রতিবেদনে প্রমাণ রহিয়াছে, হার্টের রিং বাণিজ্য চলিতেছে কয়েকটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কয়েক স্তরের ব্যক্তির যোগসাজশে। সরকারের অনুমোদন লইয়া চিকিৎসার সরঞ্জাম আমদানিকারক কেহ কেহ এই চক্রের প্রধান। বলিয়া রাখা প্রয়োজন, হার্টের স্টেন্ট বা রিং দেশে তৈয়ার হয় না। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান, ভারত ও কোরিয়া হইতে আমদানি করিতে হয়। সমাধান হইতে পারে, আমদানিনির্ভর হইলেও তাহার মূল্য নির্ধারণ করিয়া প্রকাশ বাধ্যতামূলক করা।

কিন্তু তাহাও যে অসাধু চক্রের নিয়ন্ত্রণে! করোনা অতিমারির পর ২০২৩ সালের ডিসেম্বরে ঔষধ প্রশাসন অধিদপ্তর হার্টের স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিয়া দিয়াছিল। জনসাধারণের জ্ঞাতার্থে হাসপাতালে স্টেন্টের মূল্য তালিকা টাঙাইয়া দেওয়া হইয়াছিল। কিন্তু সকল চিকিৎসাপ্রার্থী উক্ত মূল্যে স্টেন্ট ক্রয় করিতে পারেন নাই। রোগীদের অধিক মূল্যে স্টেন্ট ক্রয় করিবার খবর উঠিয়া আসিয়াছিল সংবাদ মাধ্যমের বরাতে। অর্থাৎ ইহা ক্রয়-বিক্রয় এবং ব্যবস্থাপনার সহিত যাহারা সংশ্লিষ্ট তাহাদের কাছে হার্টের রোগী ও স্বজনেরা জিম্মি।

উল্লেখ্য, ইতোপূর্বে পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত জরিপ জানাইয়াছিল, চট্টগ্রাম বিভাগে প্রতি সহস্রজনে ৩৪-৩৫ জন হৃদরোগী। সমকালের রবিবারের প্রতিবেদনমতে, বর্তমানে ঢাকায় প্রশাসনিক নজরদারি বৃদ্ধি পাওয়ায় চক্রটি চট্টগ্রামকে কেন্দ্র করিয়া কার্যক্রম বিস্তারে অপচেষ্টিত। উহারা প্রতিটি রিংয়ে চিকিৎসকদের ১৫ থেকে ২০ হাজার টাকা করিয়া কমিশন দিয়া থাকে। চট্টগ্রামের কয়েক হাসপাতালে গত ছয় মাসে যেই সকল হৃদরোগ চিকিৎসার সরঞ্জাম ব্যবহৃত হইয়াছে, তন্মধ্যে অবৈধভাবে আনীত সরঞ্জামের প্রমাণ পাওয়া গিয়াছে। আমরা মনে করি, এই সমস্যার সমাধান কেবল আইন প্রয়োগে সম্ভব নহে। রোগীর শরীরে কোন কোম্পানির, কোন ব্যাচ নম্বরের স্টেন্ট ব্যবহৃত হইয়াছে, তাহার নির্ভুল তথ্য সংরক্ষিত থাকিতে হবে। তজ্জন্য দেশে ব্যবহৃত প্রতিটি স্টেন্টের আমদানি, নিবন্ধন, সরবরাহ ও ব্যবহারের পূর্ণাঙ্গ ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা গড়িয়া তুলিবার বিকল্প নাই। রোগী যেন চিকিৎসার পূর্বে সম্ভাব্য ব্যয়, স্টেন্টের ব্র্যান্ড এবং বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লিখিত জানিতে পারেন। অনিয়মকারীদের দ্রুত শনাক্ত করিয়া কঠোর শাস্তি দিতে হইবে। ইহাও স্মরণ রাখিতে হইবে, দেশের অধিকাংশ হৃদরোগ বিশেষজ্ঞ সততা ও পেশাদারিত্বের সহিত সেবাকার্য করিতেছেন। তাহাদের দক্ষতায় প্রতিদিন অসংখ্য রোগী নূতন জীবন পাইতেছেন। সেই চিকিৎসগণও ইহা অবগত, হৃদয়ের চিকিৎসা কখনোই বাজারের পণ্য হইতে পারে না। এখন সরকারকেও উহা নিশ্চিত করিতে হইবে।