নগরীর যানজট ও সড়কশৃঙ্খলা ফেরাতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিঃসন্দেহে এটি একটি জরুরি সিদ্ধান্ত কিন্তু এটি নিয়ে বিতর্ক করারও অবকাশ রয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে প্রয়োজনের তুলনায় বিপুলসংখ্যক অটোরিকশা চলাচল, যত্রতত্র থামা, উল্টো পথে চলা এবং ট্রাফিক আইন না মানার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। ফলে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। কিন্তু প্রশ্ন হলো, অটোরিকশা বন্ধ করলেই কি সমস্যার সমাধান হবে?

আমাদের আশঙ্কা, অটোরিকশা সরিয়ে দিয়ে যদি একই সড়কে ম্যানুয়াল রিকশার অবাধ চলাচল শুরু হয়, তাহলে সমস্যার মৌলিক কোনো সমাধান হবে না। বরং এক ধরনের ধীরগতির যান সরিয়ে আরেক ধরনের ধীরগতির যানকে প্রধান সড়কে জায়গা করে দেওয়া হবে। রিকশা ম্যানুয়াল হোক কিংবা ব্যাটারিচালিত, প্রধান সড়কে এর অনিয়ন্ত্রিত চলাচল যানজট বাড়ায় এবং দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করে। সুতরাং নীতিটি হওয়া উচিত কোনো একটি বাহনকে টার্গেট করা নয়, বরং সড়কের ধরন অনুযায়ী যান চলাচল নির্ধারণ করা। রিকশা মূলত গলি, আবাসিক এলাকা ও ছোট সড়ককেন্দ্রিক গণপরিবহন হিসেবে রাখা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রুটে সীমিত পরিসরে চলাচলের সুযোগও থাকতে পারে। কিন্তু প্রধান সড়কে রিকশার অবাধ প্রবেশ বন্ধ করা জরুরি। একই সঙ্গে ম্যানুয়াল রিকশার ক্ষেত্রেও এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে। শুধু অটোরিকশা বন্ধ করে ম্যানুয়াল রিকশাকে ছাড় দিলে সেটি হবে এক ধরনের অসম ও অকার্যকর নীতি।

তবে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের আরেকটি দিকও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। এই যানবাহনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত। একজন চালকের আয় বন্ধ হওয়া মানে শুধু একটি যান বন্ধ হওয়া নয়, একটি পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া। নগরীর যানজট কমানোর প্রয়োজন যেমন অস্বীকার করা যায় না, তেমনি কর্মসংস্থানের বিষয়টিও উপেক্ষা করা যায় না। কোনো বাহন বন্ধ করার আগে সংশ্লিষ্ট চালকদের বিকল্প কর্মসংস্থান, পুনর্বাসন কিংবা বিকল্প পরিবহন ব্যবস্থায় যুক্ত করার বিষয়ে কর্তৃপক্ষের সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত ছিল।

বাস্তবসম্মত সমাধান হতে পারে নিয়ন্ত্রণ, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়। প্রয়োজনের তুলনায় অটোরিকশার সংখ্যা বেশি হয়ে থাকলে নির্দিষ্ট সংখ্যক যানকে রেজিস্ট্রেশন দিয়ে সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। নির্দিষ্ট রুট, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট এলাকায় চলাচলের ব্যবস্থা করা যায়। একই সঙ্গে অবৈধ ও অনিবন্ধিত অটোরিকশা উচ্ছেদ করতে হবে। এতে একদিকে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে যারা এই পেশার ওপর নির্ভরশীল, তাদের জন্য একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে। শুধু যানবাহনের সংখ্যা কমালেই হবে না, চালকদের আচরণও পরিবর্তন করতে হবে। অটোরিকশা কিংবা রিকশাচালকদের মৌলিক ট্রাফিক আইন শেখানো জরুরি। কোন পথে চলতে হবে, কোথায় থামা যাবে, কীভাবে মোড় নিতে হবে, পথচারীকে কীভাবে অগ্রাধিকার দিতে হবে, এসব বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা যেতে পারে। প্রয়োজনে লাইসেন্স বা নিবন্ধনের সঙ্গে প্রশিক্ষণ ও পরীক্ষাকে যুক্ত করা উচিত।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, রং সাইডে রিকশা চলাচল অনেক সময় পুলিশের চোখের সামনেই ঘটে। পুলিশ যদি সামনে দাঁড়িয়ে থেকেও উল্টো পথে চলা বন্ধ না করে, তাহলে শুধু চালককে দায়ী করে লাভ কী? ট্রাফিক আইন সবার জন্য সমান হতে হবে। রিকশা চালক বলে এক ধরনের আইন এবং ব্যক্তিগত গাড়ি, বাস বা মোটরসাইকেলের জন্য আরেক ধরনের আইন চলতে পারে না। যেখানে রং সাইডে চলাচল হচ্ছে, সেখানে পুলিশকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সড়কের নির্দিষ্ট অংশে রিকশার জন্য আলাদা লেন বা নির্ধারিত প্রবেশপথের ব্যবস্থাও বিবেচনা করা যেতে পারে। আরেকটি বিষয়ও পরিষ্কার হওয়া দরকার। অটোরিকশা বন্ধ করে যদি মানুষকে গণপরিবহনের পর্যাপ্ত বিকল্প না দেওয়া হয়, তাহলে ভোগান্তি বাড়বে। গণপরিবহনের সংখ্যা, মান ও রুট উন্নত না করে শুধু একটি বাহন বন্ধ করলে সাধারণ মানুষের ওপর চাপ পড়বে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানোর সহজ ব্যবস্থা থাকা জরুরি। তাই অটোরিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি বাস, মিনিবাস ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। অতএব, অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে একটি বৃহত্তর পরিবহন সংস্কারের অংশ হিসেবে বাস্তবায়ন করা প্রয়োজন। প্রধান সড়ক রিকশামুক্ত করা, গলিতে রিকশার চলাচল সীমিত রাখা, অটোরিকশার সংখ্যা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ, রং সাইডে চলাচল কঠোরভাবে বন্ধ এবং পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করা, এই সবগুলোকে একই নীতির আওতায় আনতে হবে।