জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারকের প্যানেল এই রায় দেন। শেখ হাসিনার পাশাপাশি একই মামলার আরেক আসামী ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে এই দুই আসামীর সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৪৫৩ পৃষ্ঠার রায় ঘোষণার পুরো কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় বিকাল তিনটা পর্যন্ত এই রায় ঘোষণা করা হয়। তিনজন বিচারপতি রায় পড়েন এবং শেখ হাসিনাকে মত্যুদণ্ডের আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। রায়ে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় মারণাস্ত্র ব্যবহার করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ট্রাইব্যুনাল কক্ষে ভিডিওতে তাঁরা মৃত্যুর দৃশ্য দেখেছেন। আন্দোলনকারীদের আহত হতে দেখেছেন। ভুক্তভোগীরা ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকে চোখ, নাক, হাত, পা হারিয়েছেন। এ ধরনের দৃশ্য দেখে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। যেকোনো মূল্যে এ ধরনের নৃশংসতার অবশ্যই ইতি ঘটাতে হবে।
ন্যায়বিচার অবশ্যই ব্যর্থ হতে পারে না। রায়ে তিনি বলেন, চার্জ-১-এ তিনটি অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এগুলো হচ্ছে, উসকানি, হত্যার আদেশ এবং অপরাধ সংঘটন প্রতিরোধে নিস্ক্রিয় থাকা ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া। এই তিনটি অপরাধের জন্য স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে কারাবাসের আদেশ দেয়া হলো। চার্জ-২ উল্লেখ করে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ড্রোন, হেলিকপ্টার মোতায়েন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র (লেথেল উইপন) ব্যবহারের আদেশ দিয়ে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। রাজধানীর চনাখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার আদেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন হাসিনা। আশুলিয়ায় ছয়জনকে হত্যার আদেশ দিয়ে তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন। এই তিনটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। রায়ে ট্রাইব্যুনাল বলেছে, এত হত্যাকাণ্ড ঘটানোর পরও শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। আদালত যখন হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন, তখন ট্রাইব্যুনালে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই আন্দোলনকারীরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শুধু তাই নয়, সারাদেশের মানুষের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। রাজধানী পরিণত হয় আনন্দ-উৎসবের নগরী। দুপুর থেকে রাত পর্যন্ত চলে মিষ্টি বিতরণ। রাজপথে ছাত্র ও জনতা সেজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করে। তাদের প্রত্যেকের দাবি রায় দ্রুত কার্যকর করতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনার মৃত্যুদ-ের আদেশ দিয়ে, তা ঐতিহাসিক রায় দিয়েছে। ৩৯৭ দিন ধরে অত্যন্ত স্বচ্ছ ও অকাট্য প্রমাণাদি এবং প্রায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা-পাল্টা জেরার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার এ রায় ঘোষণা করা হয়েছে। বিচারিক কাজে যাতে কোনো ধরনের অন্যায্যতা ও ফাঁকফোকর না থাকে, এজন্য উন্মুক্ত আদালতে সকলের সামনে ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার মাধ্যমে ট্রাইব্যুনাল এ বিচার কাজ সম্পন্ন করেছে। দেশবাসী তো বটেই সারাবিশ্ব এই বিচার কার্যক্রম দেখেছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এই মৃত্যুদ-ের রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযম ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল যথার্থভাবেই বলেছেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য ও জোরালো প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’ দেশে কোনো সাবেক প্রদানমন্ত্রীর মৃত্যুদ-ের আদেশের ঘটনা এটাই প্রথম এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যাকা- নিয়ে করা মামলার এটিই প্রথম রায়।
এই রায় শুধু জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য নয়, বিগত দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য তার দল ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী রাজনৈতিকদল দমাতে যে সীমাহীন অত্যাচার, দমন-পীড়ন, শত শত গুম, খুন করেছেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলেন, তারও বিচার হয়েছে। শেখ হাসিনার অপরাধ ও অন্যায় এতটাই সীমাছাড়া যে, তাকে শতবার মৃত্যুদ- দিলেও তা যথেষ্ট হবে না বলে জুলাই শহীদদের পরিবাররা মন্তব্য করেছে। জুলাই অভ্যুত্থান দমাতে হাসিনার নির্দেশে যে গণহত্যা হয়েছে, তাতে সব শ্রেণীপেশার মানুষ তো বটেই, মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত তার হত্যার নির্দেশ থেকে রেহাই পায়নি। প্রতিদিন মানুষ হত্যা করেও হাসিনার মধ্যে কোনো মায়া-মমতার চিহ্ন দেখা যায়নি।
বরং ইটকাঠের ভবনের জন্য তাকে অশ্রুবিসর্জন দিতে দেখা গেছে। মানুষের জীবনের কোনো মূল্য তার কাছে ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের সময় তার নিষ্ঠুরতা ছিল চরম পর্যায়ের। শেখ হাসিনা এতটাই নিষ্ঠুর ছিলেন যে, সে সময় আহতদের চিকিৎসা না দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন। যেসব চিকিৎসক চিকিৎসা দিয়েছিলেন, তাদেরকে তাৎক্ষণিকভাবে বদলি করে দিয়েছিলেন। গণঅভ্যুত্থানে পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, ‘আমি কী দোষ করেছি!’ কতটা ‘ঠান্ডা মাথার খুনি’ হলে নির্বিকারচিত্তে তিনি এ কথা বলতে পারেন! হাসিনার মৃত্যুদ-ের রায়ের খবর সারাবিশ্ব যেমন দেখেছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ব্রেকিং নিউজ’ হয়েছে।
অন্তর্বর্তী সরকার দুই দেশের প্রত্যপর্ণ চুক্তি অনুসারে ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য আহ্বান জানিয়ে বলেছে, তাদের হস্তান্তর করাটা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। তবে ভারত কোনো সাড়া না দিয়ে গত এক বছরের মতোই নীরব রয়েছে। এদিকে, শেখ হাসিনার রায়ের দিন সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দিতে এক্সকেভেটর নিয়ে বাড়ির সামনে হাজির হয়েছিল। এতে পুলিশ বাধা দেয়। ফলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জনতার মধ্য থেকে একটি শ্রেণী তাদের সাথে সংঘর্ষে জড়ায়। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ শক্ত অবস্থান নিয়ে বলেছে, আইন কারো হাতে তুলে নিতে দেয়া হবে না। বারবার বলা সত্ত্বেও একটি উচ্ছৃঙ্খল শ্রেণী পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিশৃঙ্খলাকারীদের মধ্যে ছাত্রশিবিরের কর্মীরাও ছিল। বলার অপেক্ষা রাখে না, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ষড়যন্ত্রকারি চক্র ৩২ নম্বরের ভাঙার নামে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চেয়েছে। এই শ্রেণীটি বরাবরই দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে তৎপরতা চালিয়ে আসছে। তারা শেখ হাসিনার রায়ের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে শেখ মুজিবের বাড়ি পুনরায় ভাঙতে গিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চেয়েছে। এর পেছনে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রয়েছে, তা বুঝতে বাকি থাকে না। কুচক্রি এই মহল বরাবরই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে বিতর্কিত করার চক্রান্ত করে আসছে। ওই দিনও এই একই কাজ করতে চেয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে এদের প্রতিহত করে যথার্থ ভূমিকা পালন করেছে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক ও শিক্ষণীয় হয়ে থাকবে। কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, এ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। যারা ক্ষমতাকামী দল তাদের জন্যও এই রায় একটি বার্তা দিয়েছে। ক্ষমতায় গিয়ে হাসিনার মতো ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী ও স্বৈরাচার হয়ে যা খুশি তা করা যাবে না, এ রায় থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। এই রায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের ক্ষেত্রে যেমন প্রেরণাদায়ক, তেমনি তা গণতন্ত্রকে দৃঢ় ভিত্তি দেয়ার পথনির্দেশক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ঐতিহাসিক এই রায় দিয়ে দেশে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ রচনা করেছে। ট্রাইব্যুনালে আরও মামলা রয়েছে। সেসব মামলাও যাতে শেখ হাসিনার মামলার মতো নির্মোহ, নিরপেক্ষ ও যথাযথভাবে সম্পন্ন হয়, তা সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে। কারণ, এই ট্রাইব্যুনালের দিকে সারাবিশ্বের দৃষ্টি রয়েছে। এর অধীনে চলমান অন্য মামলার রায় নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া ঐতিহাসিক রায়কেও অনেকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার, আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিচারকাজ সংশ্লিষ্টদের অধিক সচেতন ও যতœশীল হতে হবে।
