পুলিশের মহাপরিদর্শক আলি হোসেন ফকিরের একাধিক বক্তব্য সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে দেশে জননিরাপত্তায় ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় তিনি এড়াতে পারবেন না। জুলাই অভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের নিগড় থেকে জাতি মুক্তি পেয়ে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। এহেন পরিস্থিতিতে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাবিধ ষড়যন্ত্রমূলক অপৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং শেখ হাসিনার কথিত ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করে তোলার প্রেক্ষাপটে পুলিশ মহাপরিদর্শক আলি হোসেন ফকির সরকার অনুমতি দিলে সন্ত্রাস সৃষ্টিকারীদের ক্রসফায়ার দেয়ার বিষয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। গণতান্ত্রিক বাংলাদেশে পুলিশের আইন ও বিচার বহির্ভূত হত্যাকা-ে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। আইজিপির বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও আইজিপির বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে, আইনশৃঙ্খলার প্রয়োজনে পুলিশ প্রধানের ক্রসফায়ার দাওয়াই সরকার গ্রহণ করছে না। সরকারের এ অবস্থান গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসনের উপর আস্থা ও প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবনতির পেছনে কি কি বিষয় কাজ করছে, কারা এর সাথে জড়িত, এর সম্ভাব্য সামাজিক-অর্থনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব। মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ, গুম-খুন, ক্রসফায়ার ও গণগ্রেফতারের মাধ্যমে সমাজে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তা বিগত সরকারের সরকারের কর্মকা-, পতন ও পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। পতিত স্বৈরাচারের দোসররা দেশে আগের অবস্থা ফিরিয়ে এনে পতিত সরকারের কর্মকা-কে নরমালাইজ করার অপচেষ্টা করবে, তাতে বিস্ময়ের কিছু নেই।

কিন্তু গণতান্ত্রিক সরকারের পুলিশ প্রধান আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে ক্রসফায়ারের যে আবদার করেছেন, তা সরকারের ভাবমর্যাদার জন্য হানিকর ও আত্মঘাতী। নিষিদ্ধ আওয়ামী লীগের বিচ্ছিন্ন তৎপরতাকে পুঁজি করে আইনশৃঙ্খলা রক্ষায় নিজের বাহিনীর ব্যর্থতা ঢাকতেই আইজিপি ক্রসফায়ার বক্তব্য দিয়ে হয়তো মাঠ গরম করতে চেয়েছেন। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি মব সন্ত্রাস বেড়ে যাওয়ার মত পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রধানকে যে ধরনের বিচক্ষণ ও দূরদর্শী পদক্ষেপ নেয়া জরুরি ছিল তা নিতে তিনি ব্যর্থ হয়েছেন। উপরন্তু তিনি অস্বাভাবিক ও অনভিপ্রেত বক্তব্য দিয়ে সরকারকে বিব্রত করছেন। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, পুলিশ প্রধানের বক্তব্যে তাৎক্ষণিক ব্যাপক সামাজিক প্রতিক্রিয়া দেখা গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বিলম্বে সরকারের অবস্থান জানিয়েছেন। রুহুল কবির রিজভী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেন গুরুত্ব হারিয়েছে। তবে তাদের বক্তব্যে এটাই প্রমাণিত হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষায় আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকার সমর্থন করছে না।

দেশে আইনের শাসন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রধানত আইনশৃঙ্খলা বাহিনী দায়ী। এ ক্ষেত্রে প্রকৃত তথ্য খুঁজে বের করে যথা স্থানে যথাযথ সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সর্ষের ভেতর ভূত থাকলে সর্ষের তেলে ভূত তাড়ানো যায় না। বিচার বহির্ভূত ক্রসফায়ার বা গুম-খুনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কিংবা পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার অতি উৎসাহী পুলিশ মহাপরিদর্শকের প্রস্তাব নাকচ করে দিয়েছে। এতেই সবকিছুর সমাধান হচ্ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের ব্যর্থতায় নমনীয়তা বা ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। পুলিশ প্রধান দায় এড়াতে পারবেন না।

বিগত সময়ের স্বৈরতান্ত্রিক দুঃশাসনের ক্ষতচিহ্ন মুছে দিতে আইনের শাসনের নিশ্চয়তা বিধান করার কোনো বিকল্প নেই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে বিগত দুই দশকে প্রায় তিন হাজার মানুষ ক্রসফায়ারে নিহত হয়েছে। এর শুরুটা ২০০৪ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গঠনের মধ্য দিয়ে হলেও বেশিরভাগই ঘটেছে শেখ হাসিনার আমলে তারই নির্দেশে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত নতুন বাংলাদেশে সে অবস্থার পুনরাবৃত্তি কেউ চায় না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নতুন বোতলে পুরনো পানীয় পরিবেশন করার চেষ্টা চলছে। রাজনৈতিক সরকারের পরিবর্তন ঘটলেও বিভিন্ন বাহিনী ও আমলাতন্ত্রের দৃশ্যমান পরিবর্তন হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে পুলিশ হেফাজতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

এ ধরনের বাস্তবতা পুরনো চিত্র ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। বিচার বহির্ভূত বা পুলিশ হেফাজতে একজন মানুষের মৃত্যুও গ্রহণযোগ্য নয়। আইজিপি’র বক্তব্য এসব অনাকাক্সিক্ষত মৃত্যুকে বৈধতা দেয়ার চেষ্টা কিনা তা খতিয়ে দেখা জরুরি। শুধু ক্রসফায়ার বক্তব্যই নয়, সাংবাদিকদের নিয়ে আইজিপির বিতর্কিত বক্তব্য গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পুলিশ মহাপরিদর্শকের এসব বিতর্কিত বক্তব্যে তার দায়িত্ব পালনে ব্যর্থতা ও অক্ষমতাকে আড়াল করা যাচ্ছে না। তার এ ভূমিকা সরকারের ভাব-মর্যাদার উপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে। বিতর্কিত কর্মকা-ের কারণে যেখানে সরকারের মন্ত্রী-এমপিরাও রেহাই পাচ্ছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে পদ হারাতে হচ্ছে। সেখানে একজন আইজিপির ব্যর্থতা ও বিতর্কিত বক্তব্যের দায় সরকার বহন করবে না। তিনি নিজে পদত্যাগ করে সরে না দাঁড়ালে প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁকেও হয়তো সরে যাওয়ার নির্দেশ দিবেন। যা’ই হোক, জননিরাপত্তা, আইনের শাসন ও স্থিতিশীলতা নিশ্চিতে সরকারকে অবশ্যই আরো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।