গত পহেলা জানুয়ারি প্রকাশিত বিনামূল্যে সকল নাগরিকের নিরাপদ পানি পাইবার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতিদানকারী হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়কে আমরা স্বাগত জানাই। এই রায়ের ফলে নিরাপদ পানি সরবরাহ করা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হইল। উক্ত অধিকার হইতে বঞ্চিত হইলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হইতে পারিবেন। রায়ে আদালত বলিয়াছেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ মোতাবেক প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করিবার দায়িত্ব রাষ্ট্রের। গুরুত্বপূর্ণ জনপরিসরে বিনামূল্যে পানি সরবরাহে কী ধরনের ব্যবস্থা লওয়া হইয়াছে, রায়ে সরকারকে সেই ব্যাপারে একটি প্রতিবেদন আগামী ২৭ ফেব্রুয়ারি আদালতে দাখিল করিবার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে।
উপরন্তু, আদালতের নির্দেশনা অনুসারে, আগামী এক বৎসরের মধ্যে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জনপরিসর অর্থাৎ আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেলস্টেশন, হাটবাজার, বিমানবন্দর ইত্যাদি জায়গায় পানযোগ্য পানি নিশ্চিত করিতে হইবে। আগামী এক দশকের মধ্যে দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করিবার পাশাপাশি দেশের সকল পানির উৎস যেমন পুকুর, খাল, বিল, নদী যাহাতে শুকাইয়া না যায় এবং পানি যাহাতে অনিরাপদ ও দূষিত না হয়, সেইগুলি সংরক্ষণ করিবার জন্য সরকারকে নির্দেশ দিয়াছেন হাইকোর্ট। উল্লেখ্য, প্রতিবেদন মতে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করিতে ২০২০ সালে জনস্বার্থে সুয়োমোটো রুল জারি করিয়াছিলেন হাইকোর্ট। রুলে সকল নাগরিকের জন্য এই পানি সরবরাহ করিবার দায়িত্ব রাষ্ট্রের কিনা অথবা এই অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা–তাহা জানিতে চাওয়া হইয়াছিল। পাঁচ বৎসর পর আসিয়া ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করিয়াছেন আদালত।
এমন সময়ে এই রায় আসিয়াছে, যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পানি একটি সম্পূর্ণ বাণিজ্যিক পণ্যে পরিণত হইয়াছে। তদুপরি, অর্থ ব্যয় করিয়াও নিরাপদ পানি প্রাপ্তি অনেকাংশেই কঠিন হইয়া পড়িয়াছে। শুধু উহা নহে, দেশের অনেক স্থানে, বিশেষত দক্ষিণ-পশ্চিমাংশের উপকূলীয় অঞ্চলে বৎসরের সিংহভাগ সময় নিরাপদ পানি তো দূরের কথা, পানযোগ্য পানিপ্রাপ্তিই অসম্ভব হইয়া পড়িয়াছে। ঐ সকল অঞ্চলে মাইলের পর মাইল হাঁটিয়া নারীকে পানি সংগ্রহ করিতে হয়। পার্বত্য চট্টগ্রামের বহু দুর্গম এলাকায়ও একই অবস্থা চলিতেছে। হতাশাজনক হইল, দশকের পর দশক উক্ত অঞ্চলসমূহে পানির এহেন সংকট চলিলেও সরকারকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করিতে দেখা যায় নাই। বিপুল অর্থব্যয়ে প্রকল্পের পর প্রকল্প গৃহীত ও বাস্তবায়িত হইলেও, ভুক্তভোগীদের পানির কষ্ট দূর হইতেছে না। অন্যদিকে, দেশের সর্বত্র পুকুর, খাল, বিল ও নদীর অবস্থা সঙ্গিন। প্রাণ-প্রকৃতির আধার নদী ও জলাশয়সমূহ দখল-দূষণে বিপর্যস্ত। নদী রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করিলেও পরিস্থিতির কোনো ইতরবিশেষ ঘটিতেছে না। এই প্রেক্ষাপটে উক্ত রায় কিছুটা হইলেও সরকারকে জবাবদিহির আওতায় আনিবে।
আদালতের এই রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন আন্তরিক হইলেই সাধারণ মানুষের পানির সংকট দূর হইবে, ইহা আমরা জানি। তাহার জন্য আদালতকে ধারাবাহিকভাবে উক্ত বিষয়ে নজরদারি চালাইতে হইবে। দুঃখজনকভাবে, এমন অভিজ্ঞতা বিরল নহে যে, জনস্বার্থে প্রদত্ত অনেক যুগান্তকারী রায় সংশ্লিষ্ট সকলের নজরদারির অনুপস্থিতিতে এক পর্যায়ে হিমঘরে স্থানলাভ করিয়াছে। এই কারণে সংশ্লিষ্ট রিটকারীর সহিত সমাজের সচেতন অংশকেও আলোচ্য রায়টির যথাযথ বাস্তবায়ন বিষয়ে সজাগ দৃষ্টি রাখিতে হইবে।
