রাজধানীতে অটোরিকশার দাপট নতুন কিছু নয়। অনুমোদনহীন এই ত্রিচক্রযান এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এরা এখন তুচ্ছ ঘটনায় সংগঠিত হয়ে মব তৈরি করতে দ্বিধা করছে না। সড়কে এই চালকদের যেমন খুশি তেমনভাবে চলা, দুর্ঘটনা ঘটানো, ঔদ্ধত্যপূর্ণ আচরণ রীতিমতো আতঙ্ক হয়ে রয়েছে। এদের কেয়ারলেস মনোভাব অনেকটা মস্তানসুলভ। কাউকে তোয়াক্কা করে না। বিশ্বের এমন কোনো রাজধানী কি আছে যেখানে অনুমোদনহীন এ ধরনের যান চলে? এমন একটি রাজধানী নেই। অথচ ঢাকায় ব্যাটারিচালিত এই রিকশার সংখ্যা প্রায় ২০ লাখ। যত্রতত্র চলছে। এগুলোর চলাচলের কোনো নির্দিষ্ট সড়ক নেই। ভিআইপি সড়ক থেকে শুরু করে অলিগলিতে পর্যন্ত চলে। এসব রিকশা নিয়ন্ত্রণের কর্তৃপক্ষ আছে বলে প্রতীয়মান হচ্ছে না। থাকলেও নির্বিকার রয়েছে। অথচ এসব রিকাশা চালক প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে সড়ক অবরোধ থেকে শুরু করে স্থাপনা ভাঙচুর করে। এ বছরের ১৮ জানুয়ারি হুট করে বনানীতে সড়ক অবরোধ করে বসে। এতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এর আগে অন্তবর্র্তী সরকারের সময়ও একই এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে ভয়াবহ ত্রাস সৃষ্টি করে। গত রোববার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরায় অবস্থিত স্কয়ার মার্কেটে উগ্রবাদী অটোরিকশা চালকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলার কারণ, মার্কেটের গার্ডের সাথে এক অটোরিকশা চলকের বচসা। এর জেরে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় অটোরিকশা চালককে হত্যা করে মার্কেটে লুকিয়ে রাখা হয়েছে। এতে মুহূর্তে সব অটোরিকশা চালক জড়ো হয়ে মার্কেটে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়।

শুধু গুজবের উপর ভিত্তি করে মবোক্রেসির মাধ্যমে অরাজকতা সৃষ্টি এখন অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। ঘটনার সত্যাসত্য বিচার না করেই কারো উপর একদল উগ্রবাদী হামলে পড়ে। উত্তরার ঘটনাটিও তেমনই। বচসা বা দুজনের হাতাহারি ঘটনাকে হত্যার গুজব ছড়িয়ে অটোচালকরা যে দুর্বৃত্তপণা ও অরাজকতা করেছে, তা নজিরবিহীন। এর পেছনে কারা রয়েছে, কেন তারা এত উগ্র আচরণ করছে? এসব প্রশ্নের জবাবে গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এসব অটোচালকদের অনেকে পতিত আওয়ামী লীগের কর্মী, যারা ছদ্মবেশে আত্মরক্ষায় অটোচালক সেজে বসে আছে। এরাই ছুতা পেলে অরাজকতা তৈরি করে। তারা এতটাই সঙ্ঘবদ্ধ যে, ইচ্ছাকৃত ঘটনার জের ধরে মুহূর্তে জড়ো হয়ে মব তৈরি করতে পারে। আবার এসব অটোরিকশা অবাধে চলার পেছনে রয়েছে রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী নেতারা। শুধু উত্তরায় রয়েছে ১ লাখের বেশি অটোরিকশা। এরা এতটাই বেপরোয়া যে, সড়কের নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা করে না। তাদের অনেকের আচরণ সন্ত্রাসীর মতো। রাজধানীতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে বহু লেখালেখি হয়েছে। এর কুফল কতটা এবং কীভাবে ঘন ঘন দুর্ঘটনাসহ যানজট সৃষ্টি করে নগরজীবনকে ধীর করে দিচ্ছে, তা তুলে ধরা হয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো বিকার নেই। লাইসেন্সবিহীন এসব অটোরিকশা রাজধানীর বিষফোঁড়ায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, অবৈধ বৈদ্যুতিক লাইনে প্রতিটি অটোরিকশার চারটি ব্যাটারি চার্জ দিতে গিয়ে অনেক বিদ্যুৎ খরচ হয়। এতে একদিকে যেমন লোডশেডিং বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আবার এগুলোর চালকরা সংগঠিত হয়ে মববাজ হয়ে উঠছে।

পর্যবেক্ষকদের মতে, বনানী, উত্তরাসহ রাজধানীর যেসব এলাকায় ইতোমধ্যে অটোরিকশা চালকরা মবোক্রেসির মাধ্যমে অরাজকতা তৈরি করেছে, তা এখন ‘সিকিউরিটি থ্রেটে’ পরিণত হয়েছে। উত্তরার ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়, অটোচালকরা তুচ্ছ ঘটনা এবং গুজব রাটনোকে কেন্দ্র করে মুহূর্তে সংগঠিত হয়ে যে তা-ব চালিয়েছে, তা কল্পনাতীত। অটোচালকদের এই আচরণ স্বাভাবিক নয়। এটি সন্ত্রাসীদের আচরণ। এদের নিয়ন্ত্রণ ও দমানো জরুরি। এ ঘটনায় প্রতীয়মান হয়, একটি গোষ্ঠী অটোচালকের আড়ালে নানা উছিলায় অরাজক পরিস্থিতি তৈরিতে ওঁত পেতে বসে আছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মনে রাখা দরকার, এখানে দিনমজুর বা অটোচালক বলে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই। অপরাধীর মধ্যে ধনী-দরিদ্র বলে কিছু নেই। আইনের চোখে সবাই সমান। এসব অপরাধী দমনে অনুকম্পার সুযোগ নেই। মেক্সিকো সরকা মাদক নিয়ন্ত্রণে যে ‘ড্রাগ ওয়ার’ চলিয়ে যাচ্ছে, তাতে কে জড়িত, তা দেখা হচ্ছে না। সে মাদক চোরাকারবারি, এটাই তার পরিচয় এবং তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে। অটোচালকের আড়ালে যেসব সন্ত্রাসী রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। উত্তরার ঘটনায় পুলিশ কেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি, কোথায় গলদ ছিল, তা খতিয়ে দেখতে হবে। এ সন্ত্রাসী ঘটনার নেতিবাচক প্রতিক্রিয়া সেখানে বসবাসরত বিদেশিদের ওপর পড়বে। তারা এখন অটোরিকশায় চড়তে ভয় পাবে, নিরাপত্তাহীনতায় ভুগবে। বিনিয়োগকারিরা বিনিয়োগে নিরুৎসাহী হবে। অটোরিকশা নিয়ে যেসব সমস্যা তৈরি হচ্ছে, তা আর বাড়তে দেয়া সমীচীন হবে না। রাজধানী থেকে অটোরিকশা কীভাবে তুলে দেয়া যায়, এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।