খুলনার আদালত প্রাঙ্গণে দিনে-দুপুরে গুলি করে ও কুপিয়ে দু’জনকে হত্যা করা হয়েছে। এদের নাম হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি ওরফে রাজন। পুলিশের তথ্য মতে, তারা সন্ত্রাসী। খুলনার সন্ত্রাসী গ্রুপ পলাশ বাহিনীর সদস্য হিসেবে তারা সন্ত্রাসে সক্রিয় ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর অনুসারীরা এ হত্যাকা- ঘটিয়ে থাকতে পারেন। নিহত দু’জনের বিরুদ্ধে আরও ৬টি মামলা আছে বলে পুলিশ নিশ্চিত করেছে। সোনাডাঙ্গা থানায় একটি মামলার হাজিরা দিতে এসে তারা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। শুধু এই জোড়া হত্যাকা-ের ঘটনাই নয়, ওইদিন ৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় আরও একটি গুলির ঘটনা ঘটেছে। জিন্নাহপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন আহত হয়েছেন।

সাম্প্রতিককালে খুলনা মহানগরী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গুলি, খুন প্রায় প্রতি সপ্তাহের সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তিনটি সন্ত্রাসী গ্রুপ খুবই সক্রিয়। পূর্বোল্লিখিত পলাশ গ্রুপ ও গ্রেনেড বাবু গ্রুপের পাশাপাশি রয়েছে আশিক গ্রুপ। একই সঙ্গে চরমপন্থী কিছু গ্রুপও অতিতৎপর হয়ে উঠেছে। খুলনার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এদের দৌরাত্ম্য বৃদ্ধিতে উদ্বিগ্ন ও আতংকিত দিন কাটাচ্ছে। পুলিশের হিসাবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে গত ৩০ নভেম্বর পর্যন্ত খুলনা নগরীতে ৪৬টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। আগের বছর এসংখ্যা ছিল ১৯। ইনকিলাবের এক খবরে বলা হয়েছে, সন্ত্রাসীরা সীমান্তের ওপারে ভারতে নিরাপদ আশ্রয়ে থেকে খুলনা মহানগরীসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকা-, খুন, চাঁদাবাজি ইত্যাদি করছে। পুলিশও চিন্তিত ও বিব্রত। খুনিসহ অপরাধ প্রতিরোধ করতে পারছে না। পর্যবেক্ষকদের মতে, সামনে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে খুনখারাবী, হত্যা ও অগ্নেয়াস্ত্রের ব্যবহার ইত্যাদি সারাদেশেই বেড়ে যেতে পারে। তার আলামত ইতোমধ্যেই লক্ষ করা গেছে। কিছুদিন আগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদউল্লাহর গণসংযোগের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাবলা নামের একজন নিহত হন। এরশাদউল্লাহ স্বয়ং গুলিবিদ্ধ হন। তিনি এখনো চিকিৎসাধীন আছেন। জানা যায়, দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের বিরোধের কারণে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহত বাবলাও সন্ত্রাসী হিসাবে পরিচিত। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, হানাহানি, মারামারি, খুন-জখমের ঘটনা ততই বাড়ছে। ক’দিন আগে পাবনায় বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের অস্ত্র প্রদর্শন ও গুলি ছুড়তে দেখা গেছে। এ ধরনের ঘটনা একইসঙ্গে অনভিপ্রেত ও উদ্বেগজনক।

নির্বাচন এলে সংঘাত-সহিংসতা, খুন-সন্ত্রাস বাড়ে। নির্বাচনের এখনো তফশিল ঘোষণা করা হয়নি। দলগুলো প্রার্থীদের মনোনয়নই শেষ করতে পারেনি। অথচ, এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকেন্দ্রিক বেশকিছু সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনাও ঘটেছে। নির্বাচনের সময় সন্ত্রাসী গ্রুপগুলো চাঙ্গা হয়ে ওঠে। তারা প্রার্থীদের পক্ষে ভাড়া খাটে। একই সঙ্গে সন্ত্রাস-চাঁদাবাজি ইত্যাদি করে। পত্রপত্রিকার খবর অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে আন্ডার ওয়ার্ল্ড সক্রিয় হয়ে উঠেছে। সন্ত্রাসী চক্রগুলোর অপকর্ম-অপরাধ বেড়ে গেছে। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, সরকার সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বা পারছে না। পুলিশের শীর্ষ কর্মকর্তারা যতই বলুন, আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং নির্বাচনের সময়ও এর ব্যতিক্রম হবে না।

কিন্তু বাস্তবতার সঙ্গে তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না। খবর বেরিয়েছে, পাঁচ জেলায় কয়েকদিনে পাঁচজন খুন হয়েছে। ব্যবসায়ী, কিশোর, চালক, গৃহবধু, ব্যাংক কর্মকর্তা প্রমুখ খুনের শিকার হয়েছেন। এরপর খুলনা মহানগরীতে হলো জোড়া খুন। এইসঙ্গে মব সন্ত্রাসও চলমান আছে। এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি শনাক্ত করে, উদ্বেগ ও আতংক সৃষ্টি করে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আইনশৃঙ্খলার উন্নয়নকে উচ্চ অগ্রাধিকার দিলেও কার্যত আইনশৃঙ্খলার তেমন কোনো উন্নতি হয়নি। অনেকাংশ অবনতিই হয়েছে। আইনশৃঙ্খলা সুরক্ষার প্রধান প্রতিষ্ঠান পুলিশকে এখনো সরকার কার্যকর হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি। গোয়েন্দা শাখাগুলোও কাজের ক্ষেত্রে কাক্সিক্ষত পারঙ্গমতা প্রদর্শন করতে পারছে না।

অবৈধ অস্ত্র আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে হুমকিস্বরূপ। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সবটা উদ্ধার করতে পারেনি। ওদিকে সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্রের চালান দেশের অভ্যন্তরে ঢুকছে বলে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। বিজিবি-পুলিশ অবৈধ অস্ত্রের অনুপ্রবশে এবং দেশের অভ্যন্তরে পরিবহন রোধ করতে পারছে না। এক্ষেত্রে চরম ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। ইতিহাস থেকে দেখা যায়, যখন কোনো দেশে রাজনৈতিক-সামাজিক অস্থিতিশীলতা বিস্তার লাভ করে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে, প্রশাসন দুর্বল হয়, ন্যায়বিচার বিলম্বিত হয়, বৈষম্য বাড়ে, অপরাধীরা প্রশ্রয় পায় তখন সেইদেশে একটা অরাজগতা নেমে আসে। শান্তি, স্বস্তি, নিরাপত্তা, উন্নয়ন, অগ্রগতি: সব কিছুই অনিশ্চিত হয়ে পড়ে। রাষ্ট্র পরিণত হয় ব্যর্থরাষ্ট্রে। নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ইত্যাদির কথা প্রসঙ্গত উল্লেখ করা যায়। হঠাৎ করে বা দু’চার দিনে কোনো রাষ্ট্র ব্যর্থরাষ্ট্র হয় না, ধীরে ধীরে একটু একটু করে রাষ্ট্র ব্যর্থরাষ্ট্রের দিকে এগিয়ে যায়। এ ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

সুষ্ঠু আইনশৃঙ্খলা ও কাম্য নাগরিক নিরাপত্তার ওপর যে কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও বিকাশ নির্ভর করে। আমরা একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের জগদ্দল পাথর হটিয়ে মুক্তি লাভ করেছি। স্বৈরাচারের সাড়ে ১৫ বছরে কীভাবে আমাদের দিন কেটেছে, তা আমরা সবই জানি। দেশে গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, মতামত প্রকাশের স্বাধীনতা ছিল না, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের নামে ছিল শোষণ, বঞ্চনা ও নির্বিচারে লুণ্ঠন। জুলাই গণঅভ্যুত্থান আমাদের মুক্তি দিয়েছে। মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই মুক্তি ও সুযোগ কাজে লাগাতে হবে। এমন একটা দেশ গড়ে তুলতে হবে, যেখানে সুশাসন থাকবে, ন্যায়বিচার থাকবে, নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দ মতো সরকার গঠন করতে পারবে, চলাফেরা ও মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, কাজ থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা থাকবে, খাদ্য-বস্ত্রের নিশ্চিত সংস্থান থাকবে। স্বপ্নের এই বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক ঐকমত্যের বিকল্প নেই। জাতি যখন একপথের পথিক হয়, নির্ধারণকৃত পথে চলতে দৃঢ়প্রতিজ্ঞ হয় তখন তার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। নির্বাচন জাতীয় সম্মতির প্রকাশমাধ্যম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেই কেবল জাতীয় সম্মতির প্রকৃত প্রতিফলন ঘটে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, এগিয়ে যাবে, তা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে সঙ্গতকারণেই। সংঘাত-সহিংসতা, খুনাখুনি যে কোনোমূল্যে প্রতিহত করতে হবে। স্মরণ রাখতে হবে, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সচল-গতিশীল রাখার জন্যও সুষ্ঠু আইনশৃঙ্খলা অপরিহার্য।