আগামী ১১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এই বাজেট এমন এক সময় পেশ করা যাচ্ছে, যখন দেশের সার্বিক অর্থনীতি অত্যন্ত নাজুক। বলা বাহুল্য, উত্তরাধিকারসূত্রে বিএনপি সরকারকে একটি ভঙুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করতে হয়েছে। রাজস্ব ঘাটতি, তহবিল সংকট, উচ্চ ঋণনির্ভরতা এবং মন্থর ব্যবসা-বাণিজ্যের বিশাল চাপের মধ্য দিয়ে সরকারকে চলতে হচ্ছে। এই চাপ সামলে অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর চ্যালেঞ্জ এখন তার সামনে। এ চ্যালেঞ্জ সহজ নয়। অর্থ ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। সাধারণত বাজেটের মাধ্যমে অর্থনীতির দিকনির্দেশনা এবং উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আসন্ন বাজেটেও এ লক্ষ্য নিয়ে প্রণীত হচ্ছে। বাজেটের অর্থসংস্থানের অন্যতম বড় উৎস রাজস্ব। নতুন অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। দেখা যায়, কোনো বছরই লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। চলতি অর্থবছরেও (২০২৫-২০২৬) তা অর্জিত হয়নি। এ বছর রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪ হাজার কোটি টাকা। ফলে টানা দশম বছরের মতো রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের ঘাটতির কারণে আসন্ন বাজেট নিয়ে নিয়মিত করদাতা ও ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে গেছে। কারণ, নতুন করদাতা খুঁজে না পেলে ঘুরেফিরে তাদের উপরই বাড়তি করের বোঝা চাপবে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের ছোট ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। অসংখ্য শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার ব্যাংক হিসাব বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। এতে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। যে ঘাটতি দেখা দিয়েছে, তা পূরণে তাদের উপরই রাজস্বচাপ বাড়বে। যদিও এনবিআর জানিয়েছে, আসন্ন বাজেটে ৩ কোটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে করের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। এটি বাস্তবায়ন করা গেলে নিয়মিত করদাতাদের উপর চাপ কমবে। তবে তা বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, এক্ষেত্রে আতঙ্ক যাতে তৈরি না হয়, মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ও আনন্দ নিয়ে রাজস্ব প্রদান করে, সেজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। বলার অপেক্ষা রাখে না, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে রাজস্ব আহরণের আওতা বাড়ানোর বিকল্প নেই। কর ব্যবস্থা সংস্কার ও করজাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব বাড়ানোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। ব্যবসায়ীদের মতে, তাদের যারা কর দেন, তারা নিজেরটাও দেন, আবার যারা দেন না, তাদেরটাও দেন। বিষয়টি একই জালে বারবার একই মাছ ধরার মতো হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে করের খাত বাড়ানো জরুরি। অর্থনীতিবিদরা পরামর্শ দিয়েছেন, রাজস্ব দেয়ার ক্ষেত্রে টিনধারীদের উৎসাহিত করতে হবে।
একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং করব্যবস্থা সহজ ও স্বচ্ছ করতে হবে, যাতে ব্যবসায়ীরা লাভ করে আনন্দের সঙ্গে কর দিতে উৎসাহী হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্থ করে বলেছেন, আসন্ন বাজেট ব্যবসায়ীদের জন্য সহনীয় হবে। বাজেট যাতে ব্যবসাবান্ধব হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে। উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের অর্থনীতির আকার ক্রমাগত বাড়ছে, এ তুলনায় করদাতার সংখ্যা বাড়েনি। প্রায় বিশ কোটি মানুষের মধ্যে টিনধারির সংখ্যা মাত্র ১ কোটি ২৮ লাখের মতো। এর মধ্যে নিয়মিত কর দেয় প্রায় ৪৬ লাখ। এর অর্থ হচ্ছে, অনেকেই করের আওতার বাইরে রয়েছে। ফলে ঘুরেফিরে নিয়মিত করদাতা ব্যবসায়ী ও পেশাজীবীদের উপরই করের চাপ পড়ে। এই করদাতাদের করের সুফল করের বাইরে থাকারা পাচ্ছে। অনেকটা সূর্যের আলোর মতো সবাই এর আলো পাচ্ছে।
অথচ সুষ্ঠু করব্যবস্থাপনা এবং করযোগ্যদের শনাক্তের মাধ্যমে কর আদায় করতে পারলে রাজস্বের লক্ষ্যমাত্রা যেমন পূরণ হতো, তেমনি নিয়মিত করদাতাদের উপরও চাপ কমত। চলমান অর্থনৈতিক পরিস্থিতিকে শোচনীয় বললেও কম বলা হবে। সরকারের জন্য এ পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জের। এর মধ্যে ইরানযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। সরকার চেষ্টা করছে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে। সরকারের ব্যয় কমানোর জন্য কৃচ্ছ্রসাধন চলছে। মন্দা অর্থনীতিতে তা শিশির বিন্দুর মতো। বলা হয়ে থাকে, উন্নতি করতে হলে ব্যয় কমানো নয়, আয় বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে হয়। সরকারকে সেদিকেই মনোযোগী হতে হবে। রাজস্ব বাড়াতে হবে। রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, তা যাতে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে আয়-ব্যয়ের হিসাব থাকলেও আয় কতটা বাড়বে, নাকি ঘাটতি থেকে যাবে, তা বাস্তবায়ন প্রক্রিয়ার উপর নির্ভর করবে।
অর্থনৈতিক চরম মন্দাবস্থার মধ্যে এবারের ঈদ অর্থনীতিকে সাময়িক চাঙা করতে পেরেছে। কোরবানির পশু কেনাবেচা, চাকরিজীবীদের ঈদ বোনাস, রেমিট্যান্স ইত্যাদির কারণে বিপুল অংকের অর্থ লেনদেন হয়েছে। এতে অর্থপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। তবে এই অর্থপ্রবাহ স্থায়ী কোনো ভিত্তি নয়, উপলক্ষ্যমাত্র। উপলক্ষ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি করা যায় না। ঈদুল আযহায় সাধারণত একটি খাতকে কেন্দ্র করেই বেশি লেনদেন হয়। অর্থনীতির আরও যে অনেক খাত রয়েছে, সেগুলো প্রায় স্থবির হয়ে থাকে। অর্থনৈতিক সংকটের কারণে এবারের ঈদে সাধারণ মানুষ পোশাক-আশাক বা কসমেটিক জাতীয় পণ্যের দিকে কম মনোযোগ দিয়েছে। অথচ এই খাতগুলো অর্থনীতির বিরাট একটি অংশ জুড়ে রয়েছে। মন্দাবস্থার কারণে এ খাতের সাথে জড়িত লাখ লাখ মানুষের হাতে পর্যাপ্ত অর্থ যায়নি। আবাসন খাত বহুদিন ধরে স্থবির হয়ে রয়েছে। এর সাথে জড়িত নির্মাণ সামগ্রী উৎপাদনকারী কোম্পানিগুলোর উৎপাদন ও ব্যবসা যেমন কমেছে, তেমনি কর্মী ও শ্রমিকদের অনেকে বেকার হয়ে গেছে। ফলে অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে, খাত ওয়ারি উৎপাদন ব্যবস্থা গতিশীল এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং এর প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং নিয়মিত করদাতাদের উপর চাপ কমাতে নতুন করযোগ্যদের খুঁজে বের করতে হবে। পিরামিড আকৃতির অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে, যাতে উপর থেকে তৃণমূল পর্যন্ত মানুষের অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হয়।
