আবারও আদালতপাড়ায় প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনা ঘটিল। এইবারের ঘটনাস্থল খুলনা মহানগর দায়রা জজ আদালতের সম্মুখের সড়ক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার দ্বিপ্রহর ১২টার দিকে আদালতের সম্মুখ ফটকের নিকটবর্তী জনবহুল স্থানে প্রকাশ্যে দুই যুবককে গুলি করিয়া ও কোপাইয়া হত্যা করিয়াছে দুর্বৃত্তরা। একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়া বহির্গমনকালে জনসমক্ষে এই নৃশংস ঘটনা ঘটে। স্মর্তব্য, নভেম্বর মাসেরই ১০ তারিখে প্রকাশ্য দিবালোকে ঢাকার আদালতপাড়ায় হত্যা মামলায় হাজিরা শেষে একজন প্রায় অভিন্ন কায়দায় সন্ত্রাসীর গুলিতে খুন হইয়াছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে আদালত যদ্রূপ ন্যায়বিচারপ্রত্যাশী যেই কোনো মানুষের শেষ ভরসাস্থল, তদ্রূপ তথায় নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হইয়া থাকে। কিন্তু উক্ত দুই খুনের ঘটনায় আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা উৎকট ও উদ্বেগজনকরূপে প্রকাশিত হইল।
আমরা জানি, বিচারাঙ্গনের নিরাপত্তার দায়িত্ব সর্বতোভাবে পুলিশের, যাহারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অদ্যাবধি কার্যত ব্যর্থ। গত ১৮ নভেম্বর মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কমকর্তাকে উদ্ধৃত করিয়া দ্য ডেইলি স্টার জানাইয়াছিল, গত ১০ মাসে রাজধানীতে প্রায় দুইশত হত্যাকাণ্ড ঘটিয়াছে; গড়ে মাসে প্রায় ২০টি খুনের ঘটনা আইনশৃঙ্খলার স্বাভাবিক অবনতিরূপে দেখিবার অবকাশ নাই। দেশের অন্যত্রও কিরূপ আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজমান, সমকালেরই সাম্প্রতিক এক প্রতিবেদনে স্পষ্ট; গত ১৫ মাসে চট্টগ্রাম শহর ও জেলায় ৩৫ জন, খুলনায় ৪১ জন, বগুড়ায় ৮৪ জন খুন হইয়াছেন। তাহাদের উল্লেখযোগ্যসংখ্যক প্রাণ হারাইয়াছেন সন্ত্রাসীর গুলিতে।
ইহাও সত্য, গণঅভ্যুত্থানের পর হইতে উল্লেখযোগ্যসংখ্যক শীর্ষ সন্ত্রাসী কারাগার হইতে মুক্তি পাইয়াছে, যাহাদের অনেকেরই পুনরায় অপরাধ জগতে সক্রিয় হইবার তথ্য মিলিতেছে। রহস্যজনক হইল, পুলিশ তাহাদের পুনরায় গ্রেপ্তার করিবার পরিবর্তে বারংবার নজরদারির মধ্যে রাখিবার বাণী শোনাইতেছে। এই পরিস্থিতিতেই দেশের বিভিন্ন এলাকায় বহু নূতন সন্ত্রাসী বাহিনীরও উদ্ভব ঘটিয়াছে। চাঁদাবাজি-লুটপাটে বাধাপ্রাপ্ত হইলেই তাহারা গুলি ছুড়িতেছে। রাজশাহী-কুষ্টিয়ার ‘কাকন বাহিনী’ এবং খুলনার ‘হুমা বাহিনী’ ও ‘মুন্না বাহিনী’ প্রভৃতির তাণ্ডব লইয়া কিছুদিন পূর্বে অত্র স্তম্ভেই আলোচনা করিয়াছি। অপরাধীদের হস্তে উল্লেখযোগ্যসংখ্যক আগ্নেয়াস্ত্র থাকিবার কথা খোদ আইনশৃঙ্খলা রক্ষায় জড়িতরা বলিলেও বিভিন্ন থানা হইতে লুটকৃত এক সহস্র ৩৪২টি অস্ত্র এখনও উদ্ধার হয় নাই। সংশ্লিষ্টদের আমরা পুরাতন আপ্তবাক্যটি পুনরায় স্মরণ করাইয়া দিতে চাহি– নগর পুড়িলে দেবালয় রক্ষা পায় না। দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আদালত অঙ্গন অনিরাপদ দেখিয়া বিস্ময়ের কী থাকিতে পারে?
এই কথাও অস্বীকারের অবকাশ নাই, গত বৎসরের গণঅভ্যুত্থানের পর আদালতে বিভিন্ন মামলার আসামি, বিশেষত বিভিন্ন রাজনৈতিক নেতার উপর ডিম্ব নিক্ষেপ হইতে শারীরিক হামলার যত ঘটনা ঘটিয়াছে এবং আইন-আদালত-সংশ্লিষ্টরা যেইভাবে সেই সকল ঘটনায় নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হইয়াছেন, উহার সহিত আদালতের নিরাপত্তা ব্যবস্থায় নাজুকতার সম্পর্ক বিদ্যমান। তখন যদি আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলাকে ‘বিচারপ্রার্থীর ক্ষোভ প্রকাশ’ আখ্যা না দিয়া পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হইত, তাহা হইলে সম্ভবত সন্ত্রাসীরা বিচারাঙ্গনে গিয়া বেপরোয়া হইবার সাহস পাইত না। সরকার ও সংশ্লিষ্ট সকলকে স্মরণে রাখিতে হইবে, আদালতপাড়ায় বাদী-বিবাদী সকলের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একদিকে আদালতের উপর মানুষের আস্থা হ্রাস পাইবে, অন্যদিকে সরকারেরও ব্যর্থতার বোঝা ভারী হইবে। অন্তত আইনের শাসনপ্রত্যাশী মানুষের নিকট ইহা কাম্য হইতে পারে না। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে বিচার বিভাগের স্বতঃপ্রণোদিত সক্রিয়তা যদ্রূপ প্রত্যাশিত, তদ্রূপ জানমালের নিরাপত্তা বিধান-সংক্রান্ত স্বীয় প্রতিশ্রুতি পূরণে সরকারকেও দ্রুত কার্যকর পদক্ষেপ লইতে হইবে।
