ইরান যুদ্ধের প্রায় এক মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত সোমবার ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এ আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে শত্রুতার চূড়ান্ত অবসান। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান বিষয়গুলোতে একমত হয়েছে। তিনি জানান, রোববার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের একজন শ্রদ্ধেয় নেতার সঙ্গে আলোচনা করছেন। প্রধান প্রধান বিষয়ে মতৈক্য হয়েছে। তিনি বলেছেন, প্রায় সব প্রধান বিষয়েই আমরা একমত হতে পেরেছি। অন্যদিকে, এ আলোচনার দাবি ইরান প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ হয়নি। ইরানের মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ চলছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ট্রাম্পের এই বক্তব্য মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানোর একটি অপকৌশল এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ। ইরানের সংবাদ সংস্থা ফারস এক সূত্রের মাধ্যমে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও ইরানের যোগাযোগ হয়নি। সূত্রের দাবি, উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রা¤প মূলত পিছু হটেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধে ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার যে কথা বলেছেন এবং ইরান তা সরাসরি স্বীকার না করলেও এই উদ্যোগ বিশ্বের জন্য অত্যন্ত মঙ্গলজনক, পাশাপাশি সুখবরও বটে। যুদ্ধ বন্ধের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশ্যে আলোচনা না হলেও অপ্রকাশ্যে আলোচনা চলছে। যেকোনো যুদ্ধে দুই পক্ষ যুদ্ধরত অবস্থায় নিজের ক্ষয়ক্ষতি ও পরাস্ত হওয়ার কথা স্বীকার করে না। উভয়পক্ষই বিজয়ী হতে যাচ্ছে, এমন বার্তা দেয়। বাস্তবতা হচ্ছে, যুদ্ধে জয়-পরাজয়ের চেয়ে উভয়পক্ষই ব্যাপক ক্ষতির শিকার হয়। অনন্তকাল যুদ্ধ চলতে পারে না।
ফলে যুদ্ধ বন্ধে যুদ্ধরত পক্ষগুলো নিজেরা কিংবা কোনো মধ্যস্থতাকারির মাধ্যমে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে আলোচনা চালিয়ে যায়। কৌশলগত কারণে অনেক সময় যুদ্ধাবস্থায়ই ‘ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি’র মাধ্যমে আলোচনা চলে। যুক্তরাষ্ট্র এই কৌশলেই এগুচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। ইরান কৌশলগত কারণে ট্রাম্পের আলোচনার দাবিকে অস্বীকার করছে বটে, তবে আলোচনা যে হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। এক্ষেত্রে মধ্যস্থতাকারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ‘ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি’র মাধ্যমে উভয় দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় তিনটি দেশ মধ্যস্থতা করছে। দেশগুলো হচ্ছে, তুরস্ক, মিশর ও পাকিস্তান।
তাদের প্রতিনিধিরা হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের সাথে এবং তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছেন। মার্কিন সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের অবসান এবং জমতে থাকা সব সমস্যার সমাধান করা। ইরানের মেহের নিউজ বলেছে, উত্তেজনা প্রশমনে কিছু উদ্যোগের কথা তেহরান স্বীকার করেছে। তবে সে চায়, যুক্তরাষ্ট্র সরাসরি এই আলোচনায় অংশ নিক। ইরান মনে করছে, ওয়াশিংটনই এই যুদ্ধের সূত্রপাত করেছে। বলা বাহুল্য, ইরান কৌশলগত কারণে ট্রাম্পের আলোচনার কথা অস্বীকার করলেও আলোচনা যে হচ্ছে না, তা ঠিক নয়।
আলোচনা হচ্ছে। এর ফলে বিশ্বে কিঞ্চিত স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। বলার অপেক্ষা রাখে না, ইরান যুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে তার সুদৃঢ় অবস্থানকে ইরান তছনছ করে দিয়েছে। এক নম্বর পরাশক্তির দুর্বলতা ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না, এতদিন বিশ্বে যে ধারণা ছিল, তা ইরান ভুল প্রমাণ করে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র আরও ক্ষতির শিকার এবং তার পরাক্রম শক্তির আরও দুর্বলতা প্রকাশের আগেই ব্যাকফুটে চলে গিয়েছে। তাকে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ ধরতে হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, কোনো ধরনের কথাবার্তা ছাড়াই ট্রাম্প খুনি নেতানিয়াহু ও ইহুদী চক্রের তোষামোদির ফাঁদে পা দিয়ে হুট করে যেভাবে ইরানকে আক্রমণ করে বসে, তা ছিল তার চরম বোকামি। তাদের এই যৌথ আক্রমণ বিশ্বে সমর্থন পায়নি। এমনকি, ট্রাম্প তার পশ্চিমা মিত্রসহ অন্যদের অনুরোধ ও হুমকি দিয়েও এ যুদ্ধে তাদের অংশগ্রহণ করাতে পারেননি। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, ট্রাম্প ও নেতানিয়াহু এবং ইহুদী লবীর চক্রান্তের এই যুদ্ধকে কেউই সমর্থন করছে না। এতে ট্রাম্প তার নিজ দেশের জনগণেরও বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। এ যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একাংশের বিদ্রোহ করার খবরও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে স্পষ্টতই প্রতীয়মান হয়, ট্রাম্প ঘরে-বাইরে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন। ফলে বাধ্য হয়েই ইরানের সাথে নেপথ্যের কূটনীতির মাধ্যমে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন।
একা লড়ে যাওয়া ইরানের যুদ্ধশক্তির কাছে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও কোনঠাসা হয়ে পড়েছে। তারা না পারছে ইরানের হামলা থেকে বাঁচতে, না পারছে পাল্টা হামলা করতে। অথচ দেশগুলো যুগের পর যুগ যুক্তরাষ্ট্রকে তাদের মূল রক্ষাকবচ হিসেবে মেনে আসছে। তারা মনে করেছে, যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে। তা যে হয়নি, এখন পরিস্কার বোঝা যাচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো যখন ইরাক পরমাণু, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী হয়ে উঠেছে বলে ভুয়া অভিযোগ তুলে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে হত্যাসহ ইরাককে ধ্বংস করে দিয়েছে, তখন মধ্যপ্রাচ্যের সালাফি মতাবলম্বী ও সুন্নী অধ্যুষিত দেশগুলো তা নিয়ে কোনো টুঁ শব্দ করেনি। মৌনতা অবলম্বন করে এ হামলাকে তারা সমর্থন দিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসলামোফোবিয়ায় আক্রান্ত হয়ে ওয়ার অন টেরর নামে যে অনন্ত যুদ্ধের সূচনা করে হামলা চালিয়ে আগানিস্তান, সিরিয়া, লিবিয়াকে যেভাবে ধ্বংস করেছে, তাতেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো বিকার ছিল না। তারা কেবল যুক্তরাষ্ট্র ও ইহুদীদের চামচামি করে গেছে। বলা বাহুল্য, যুক্তরাষ্ট্র এ যাবতকালে কোনো যুদ্ধেই বিজয়ী হতে পারেনি। ভিয়েতনামে বছরের পর বছর যুদ্ধ করে তাকে পরাজিত হয়ে ফিরতে হয়েছে। আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করে রাতের আঁধারে পালিয়ে যেতে হয়েছে। উত্তর কোরিয়াকে হুমকিÑধমকি দিয়েও দমাতে পারছে না। ইরান যুদ্ধ শুরু করে এখন সেখান থেকে সরে আসার পথ খুঁজছে। আমরা চাই, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য আলাপ-আলোচনা চলছে তা সফল হোক। ‘ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি’ আরও জোরদার করে দ্রুত যুদ্ধ বন্ধ করা হোক। যুক্তরাষ্ট্র এখন নিশ্চয়ই উলব্ধি করছে, সে হাতি হয়ে খাদে পড়ে খাবি খাচ্ছে। যত দিন যাবে, খাদে পড়া হাতি তুলে আনা অত্যন্ত কঠিন হবে। ফলে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যত দ্রুত পদক্ষেপ নেবে, ততই তার মঙ্গল। এক্ষেত্রে ইরানেরও ইতিবাচক সাড়া দেয়া উচিৎ।
