সংবিধান সংশোধন, না সংস্কার– এই লইয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যেই তুমুল বিতর্ক হইয়া গেল, উহার তাৎপর্য দ্বিবিধ। যেই কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হইবে। ইহাই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। গত অন্তত তিনটি সংসদে আমরা সেই বিতর্ক দেখি নাই; উহা ফিরিয়া আসিবার বিষয়টি নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। একই সঙ্গে আমরা মনে করি, বিরোধীদলীয় সংসদ সদস্যগণ ওয়াক আউটের পরিবর্তে অধিবেশনকক্ষে অবস্থান করিয়াই সংসদীয় বিতর্ক অব্যাহত রাখিতে পারিতেন। শুধু উহা নহে, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ইতোমধ্যে ঐ ইস্যুতে রাজপথে বিক্ষোভেরও ডাক দিয়াছে। উপরন্তু তাহাদের দাবি অনুযায়ী সংবিধান সংস্কার না হইলে এনসিপি নেতৃবৃন্দ যেইভাবে নূতন করিয়া গণঅভ্যুত্থানের কথা বলিয়াছেন, উহা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ইতিবাচক নহে।
আমরা জানি, মূলত জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি লইয়া সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক দানা বাঁধিয়াছে। সনদটি প্রণীত হইয়াছিল ৩০টি রাজনৈতিক দলের সহিত অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার মাধ্যমে; জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাস্বরূপ সংবিধান, প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। ঐকমত্য কমিশনের উদ্বোধনী সভায় তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট বলিয়াছিলেন, যেই সকল বিষয়ে যতখানি ঐকমত্য বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে হইবে ততখানিই সংস্কারের জন্য গৃহীত হইবে। সেই হিসাবেই গত বৎসরের অক্টোবর মাসে রাজনৈতিক দলগুলি যেই সনদে স্বাক্ষর করিয়াছিল, উহাতে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ ছিল। যদিও গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের একাংশ লইয়া গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি উহাতে স্বাক্ষর করিয়াছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। ইহাও বলা হইয়াছিল, সনদটি সংসদে পাস হইবার সময় সংখ্যাগরিষ্ঠ দল ইচ্ছা করিলে আপত্তির বিষয়গুলি বাদ দিতে পারিবে। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন। বলা বাহুল্য, অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে, যদিও উহাতে বিএনপি ও মিত্র দলগুলির আপত্তি এবং জামায়াত ও এনসিপির সম্মতি ছিল। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সহিত গণভোট হইলেও বিএনপির বিজয়ী প্রার্থীরা ঐ আদেশের বিধান অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরূপে শপথ লইতে অসম্মতি জানান। তাহারা শুধু সংসদ সদস্যরূপে শপথ গ্রহণ করেন। অপরদিকে জামায়াত-এনসিপি জোটের বিজয়ী প্রার্থীরা উভয় শপথই গ্রহণ করেন।
স্পষ্টতই জুলাই সনদ ও গণভোট লইয়া গণঅভ্যুত্থানের পক্ষভুক্ত দলগুলির মধ্যকার দূরত্ব ও কোনো কোনো ক্ষেত্রে বিরোধ সংসদ পর্যন্ত গড়াইয়াছে। বিএনপির বক্তব্য, সংবিধান সংস্কার পরিষদ বলিতে কোনো কিছুর অস্তিত্ব সংবিধানে নাই। বরং সংবিধানে ইহার বিভিন্ন ধারা সংশোধনের যেই বিধান রহিয়াছে, ঐগুলি অনুসরণ করিয়াই জুলাই সনদের সর্বসম্মত ধারাগুলি বাস্তবায়ন সম্ভব। কিন্তু জামায়াত ও এনসিপি সংবিধান সংশোধন নহে; সংস্কারের পক্ষে। এই জন্য সংবিধান সংস্কার পরিষদও গঠনের পক্ষে তাঁহারা দৃঢ় অবস্থান লইয়াছেন।
আমরা মনে করি, সংবিধান সংশোধন কিংবা সংস্কার লইয়া চলমান বিতর্কের নিষ্পত্তি হউক সংসদেই। আলোচনা ও সংলাপের মাধ্যমেই বিরোধ নিরসন হউক। স্মরণে রাখিতে হইবে, সংশোধন কিংবা সংস্কার লইয়া বর্তমানে দুই প্রান্তে অবস্থানকারী উভয় পক্ষই ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানে অংশ লইয়াছিল। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পদ্ধতি লইয়া উভয় পক্ষের মধ্যে মতদ্বৈধতা কিংবা বিরোধ থাকিতে পারে। কিন্তু ঐ আকাঙ্ক্ষা বাস্তবায়নে উভয় পক্ষের মধ্যে ঐকমত্যের ঘাটতি নাই। সংবিধান সংশোধন কিংবা সংস্কার বিতর্ক সংসদের অধিবেশন কক্ষ হইতে রাজপথে গড়াইলে বরং পুরাতন রাজনীতিরই পুনরাবৃত্তি ঘটিবে।
