উত্তরবঙ্গের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক শহর বগুড়ায় যেইভাবে যানজট লাগিয়া থাকে, উহা স্বাভাবিক নাগরিক জীবনকে দুর্বিষহ করিয়া তুলিয়াছে। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে চারটি কারণ বর্ণিত, যথায় কেবল যানবাহনের চাপ নহে, এই অচলাবস্থার নেপথ্যে রহিয়াছে ট্রাফিক অব্যবস্থাপনাও। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অঘোষিত বাসস্ট্যান্ড, ফুটপাতে শত শত অস্থায়ী দোকান, যত্রতত্র অটোরিকশার স্ট্যান্ড, দিনের বেলা শহরে কুরিয়ার ট্রাকের প্রবেশ ইত্যাদি কারণে যানজট বৃদ্ধি পাইতেছে এবং দুর্ভোগের শিকার হইতেছেন শহরবাসী। দূরপাল্লা ও আন্তঃজেলা বাসগুলি যত্রতত্র দাঁড়াইয়া যাত্রী উঠানামা করায় যানবাহনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত। ব্যস্ততম এই মোড়ে এহেন অব্যবস্থাপনা যানজটকে তীব্র করিয়া তুলিয়াছে। ফুটপাত বেদখল করিয়া অস্থায়ী দোকানের বিস্তারও যানজট সমস্যার অন্যতম কারণ। ফুটপাত মূলত পথচারীদের জন্য হইলেও তাহারা তথায় চলাচল করিতে না পারিয়া সড়কে নামিবার ফলে স্বাভাবিক পথচলা বিঘ্নিত। সমকালের অনুসন্ধানে দেখা গিয়াছে, ঈদকে কেন্দ্র করিয়া সাতমাথা ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় সহস্র দোকান বসিয়াছে।
সিএনজি ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের কারণেও যানজটে বগুড়া শহর স্থবির হইবার উপক্রম। তাহাদের নির্দিষ্ট জায়গা না থাকিবার কারণে চালকেরা যত্রতত্র গাড়ি থামাইয়া যাত্রী তুলিতেছেন। ইহাতে সড়কের একাংশ কার্যত দখল হইয়া যায় এবং যানজটও বৃদ্ধি পায়। ট্রাফিক পুলিশ মাঝেমধ্যে অভিযান চালাইলেও ইহা নিয়মিত ও পরিকল্পিত না হওয়ায় স্থায়ী সমাধান মিলিতেছে না।
দিনের বেলা শহরের ভেতরে কুরিয়ার সার্ভিসের বৃহৎ ট্রাক প্রবেশ করাও যানজটের অন্যতম কারণ। ব্যস্ত সময়ে এই সকল ট্রাক সড়কে দাঁড়াইয়া পণ্য উঠানামা করায় অপরাপর যানবাহনের চলাচল ব্যাহত হয়। অথচ নিয়ম অনুযায়ী ব্যস্ত সময়ে শহরে ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা বিদ্যমান। যেইখানে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শহরের অভ্যন্তরে বৃহৎ ট্রাক প্রবেশের অনুমতি নাই, সেইখানে শহরে কুরিয়ার সার্ভিসের ট্রাক ঢুকিয়া বিভিন্ন স্থানে মালপত্র উঠানামা করিতেছে।
দুঃখজনক হইলেও সত্য, বগুড়া শহরের এই যানজট সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নাই। মাঝেমধ্যে প্রশাসনের তরফে ভ্রাম্যমাণ আদালত স্থাপন করিয়া ফুটপাতের দোকান অপসারণ করা হয় বটে, কিন্তু অল্প সময়ের মধ্যেই যথাস্থানে (!) যথারীতি (!) দোকান বসিয়া যায়। সপ্তাহখানেক পূর্বে বগুড়ার জেলা প্রশাসক অভিযান চালাইয়া পুলিশ প্লাজার সম্মুখের একটা অবৈধ দোকান উচ্ছেদ করিলেও তিনি চলিয়া যাইবার অব্যবহিত পরই সেই দোকান চালু হয়। প্রশ্ন হইল, ট্রাফিক পুলিশের সম্মুখে সাতমাথা মোড় অবৈধ স্ট্যান্ডে পরিণত হইলে যানজট হ্রাস পাইবে কী প্রকারে? আমরা মনে করি, প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বগুড়ার যানজট নিয়ন্ত্রণ করা অসম্ভবপর নহে। সাতমাথা মোড়ে অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা, সিএনজি ও অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং দিনের বেলায় কুরিয়ার ট্রাক প্রবেশ নিয়ন্ত্রণ করিলে যানজট বহুলাংশে হ্রাস করা সম্ভব। ঈদ উপলক্ষে শহরে মানুষের চলাচল আরও বৃদ্ধি পাইবে। তাই এখনই কার্যকর পদক্ষেপ না লইলে ভোগান্তি আরও তীব্র হইবে।
কেবল বগুড়া নহে, যানজট সমস্যা রাজধানীসহ দেশের অনেক শহরেই তীব্র রূপ ধারণ করিয়াছে। শহরের পরিস্থিতির আলোকে সমস্যাগুলি চিহ্নিত করিলে সমাধান অসম্ভব নহে। এই ক্ষেত্রে বগুড়া উদাহরণ সৃষ্টি করিলে উহা অন্যদের জন্যও অনুসরণীয়। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিতকরণে কর্তৃপক্ষের দ্রুত, সমন্বিত ও কঠোর উদ্যোগ গ্রহণ কাম্য।
