বিলম্বে হইলেও অদ্য একুশের গ্রন্থমেলা উদ্বোধনকে আমরা স্বাগত জানাই। সামান্য ব্যতিক্রম ব্যতীত প্রতি বৎসর সাধারণত ফেব্রুয়ারির পহেলা দিবস হইতেই এই মেলা সূচিত হইয়া আসিতেছে। এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কয়েক দফায় তাহা পিছানো হইয়াছে। রমজানের কারণে যদিও মেলার সময় নির্ধারণে প্রকাশকদের মধ্যেই কিছুটা মতদ্বৈততা ছিল। তবে প্রকাশকদের দাবি অনুযায়ী বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে স্টল বরাদ্দের ফি মওকুফ করা হইয়াছে; উহা সাধুবাদযোগ্য। আমরা প্রত্যাশা করি, গ্রন্থমেলা সকলের সহায়তায় সুন্দরভাবে অনুষ্ঠিত হইবে। বাংলা একাডেমির আয়োজনে এই মেলা কয়েক বৎসর ধরিয়া বিস্তৃত পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানের মধ্য দিয়া ঘুরিয়া ফিরিয়া বই দেখিবার ক্ষেত্রে এক ধরনের স্বস্তি আনিয়াছে।

বলিবার অপেক্ষা রাখে না, ভাষা আন্দোলনের সহিত গ্রন্থমেলার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই মাসে আয়োজিত গ্রন্থমেলা বাংলাকে রাষ্ট্রভাষারূপে প্রতিষ্ঠিত করিবার সংগ্রামের সেই অধ্যায়কে স্মরণ করাইয়া দেয়। আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবের, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য ঐ দিন যাহারা প্রাণ দিয়াছিলেন, তাহাদের স্মৃতিধন্য এই দিবসটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরূপে পরিচিত। তজ্জন্যই ফেব্রুয়ারি মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া এই মেলার ন্যায় দীর্ঘদিনের বইমেলা বিশ্বে বিরল। বইমেলা যদ্রূপ ভাষাশহীদদের স্মারক, তদ্রূপ উহা বাঙালির শিল্প- সাহিত্য-সংস্কৃতি ও জ্ঞানচর্চার স্মারক। তজ্জন্য চিন্তা ও মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমি এই আয়োজনে নেতৃত্ব দিয়া থাকে।

গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ। কারণ ইহার মাধ্যমে লেখক-পাঠকের মেলবন্ধন ঘটিয়া থাকে। অধিক সংখ্যক লেখক ও পাঠক তৈরির মাধ্যমেই গ্রন্থমেলার সার্থকতা। সেই লক্ষ্যে ইহাকে নিছক মেলার মধ্যে আবদ্ধ না রাখিয়া লেখক ও পাঠকের পথ অবারিত করিবার আয়োজন প্রয়োজন। লেখক-পাঠকের পছন্দ-অপছন্দ ও স্বাধীনতায় সম্মান করিবার মধ্য দিয়া জ্ঞানভিত্তিক সমাজ গঠনের উপলক্ষ হউক এই মেলা। গ্রন্থমেলার আয়োজক এবং ভাষা-শিল্প-সাহিত্য সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে যেহেতু জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনে বাংলা একাডেমি ভূমিকা রাখিতেছে, তজ্জন্য প্রতিষ্ঠানটি মানসম্মত গ্রন্থ প্রকাশে ভূমিকা রাখিতে পারে। মানসম্মত ও উন্নত প্রকাশনা শিল্পের পূর্বশর্ত– দক্ষ সম্পাদক কিংবা সম্পাদনা পরিষদ থাকা, সেখানে প্রকাশনীগুলোর ঘাটতি পূরণে বাংলা একাডেমি আগাইয়া আসিতে পারে। আমরা জানি, বর্তমানে প্রকাশনা শিল্প এমনিতেই সংকটকাল অতিক্রম করিতেছে। বিশেষত তথ্যপ্রযুক্তির এই সময়ে একটি শ্রেণির মধ্যে বই পাঠের প্রবণতা হ্রাসমান। অন্যদিকে কাগজসহ বই মুদ্রণের ব্যয়ও বৃদ্ধি পাইয়াছে। তৎকারণেও মানসম্মত বই প্রকাশে অধিক মনোযোগ চাই। এই সকল চ্যালেঞ্জ সত্ত্বেও জ্ঞানের প্রসারে গ্রন্থ প্রকাশনাকার্যে যাহারা সংশ্লিষ্ট, তাহাদের পার্শ্বে দাঁড়াইতে সরকারি প্রণোদনা, কর অব্যাহতি, ‘পাইরেটেড’ বই বিক্রয় বন্ধসহ প্রয়োজনীয় পদক্ষেপ লওয়া দরকার।

অমর একুশে গ্রন্থমেলা সাধারণত সরকারপ্রধান উদ্বোধন করিয়া থাকেন; এইবার যদ্রূপ উদ্বোধন করিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইরূপ উদ্বোধনী অনুষ্ঠান এই বার্তা দেয়– বই ও জ্ঞানচর্চা জাতীয় উন্নয়নের অপরিহার্য ভিত্তি। অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, তৎসহিত নাগরিকের বোধ ও বৌদ্ধিক উৎকর্ষ সাধনও জরুরি। জাতিগতভাবে বাঙালির পড়ার অভ্যাস লইয়া যেই প্রশ্ন রহিয়াছে; আমরা বিশ্বাস করি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাঠক সংখ্যা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করিবে। উন্নত জাতি গঠনে বইয়ের বিকল্প নাই। এই ক্ষেত্রে গ্রন্থমেলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনেও মেলাটি ভূমিকা পালন করিবে বলিয়া আমাদের বিশ্বাস। এইবার গ্রন্থমেলায় তারিখ নির্ধারণ করিতে গিয়া প্রকাশকদের মধ্যে যেই ধরনের মতদ্বৈধতা দেখা গিয়াছে, উহা দুঃখজনক। আমরা প্রত্যাশা করি, প্রকাশকগণ বিভেদ ভুলিয়া ঐক্যবদ্ধ থাকিয়া জাতি গঠনের এই মহৎ কার্যে সদিচ্ছার সহিত সম্পৃক্ত থাকিবেন।