এইবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে অকৃতকার্য শিক্ষার্থীর যেই বিশাল সংখ্যা আমরা প্রত্যক্ষ করিতেছি, উহা উদ্বেগজনক। মোট পরীক্ষার্থীর মধ্যে এক-তৃতীয়াংশেরও অধিক অকৃতকার্য হইবার বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থার সংকটেরই বহিঃপ্রকাশ। একদিকে শহরের প্রতিষ্ঠানগুলিতে শতভাগ কৃতকার্য হওয়া কিংবা শতভাগ শিক্ষার্থীরই সর্বোচ্চ জিপিএ অর্জন, অন্যদিকে পল্লি অঞ্চলের প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীর অকৃতকার্য হইবার চিত্র শিক্ষাব্যবস্থার বৈষম্যকেই প্রকটতর করিয়া তুলিয়াছে। সাকল্যে এইবারের ফল লইয়া সন্তুষ্ট হইবার অবকাশ নাই।
শিক্ষা প্রশাসন এইবার ‘নির্মোহভাবে’ উত্তরপত্র মূল্যায়নের কথা বলিয়াছে। উহাতে শিক্ষার্থীর প্রকৃত অবস্থান প্রকাশ পাইয়াছে বটে। প্রশ্ন হইল, ১০ বৎসর যাহারা অধ্যয়ন করিয়া আসিয়াছে, তাহারা কেন চূড়ান্ত পরীক্ষায় আসিয়া অনুত্তীর্ণ হইবে? তাহাদের জন্য পরিবার ও সরকার যেই বিনিয়োগ করিয়াছে, উহারই বা কী হইবে? বস্তুত এই সকল প্রশ্ন হইতেও আমরা মনে করি, দেশের পাবলিক পরীক্ষার সংস্কারে দৃষ্টিদান জরুরি হইয়া পড়িয়াছে।
এইবারের পরীক্ষায় অর্ধেক সংখ্যক শিক্ষার্থীই জিপিএ ৩ অতিক্রম করিতে পারে নাই। বোর্ড-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ন্যূনতম জিপিএ লইয়া যাহারা উত্তীর্ণ হইয়াছে, তাহাদের বৃহৎ অংশই দরিদ্র ও প্রান্তিক পরিবারের সন্তান। অন্যদিকে জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থী অধিকাংশই শহরের। শহরাঞ্চলে দক্ষ শিক্ষক থাকিলেও পল্লিতে তাহাদের পাওয়া দুর্লভ। শিক্ষক সংকটসহ বিবিধ কারণে শহর অপেক্ষা পল্লির শিক্ষার্থীরা অনগ্রসর থাকিতেছে। কিন্তু ব্যবধান এমনই যে, বৈষম্যই মুখ্য ব্যাদান করিয়া রহিয়াছে। শিক্ষার মান ও ফলে পল্লি-শহরের এই বৈষম্য হ্রাস করিতেই হইবে। অধিক হারে শিক্ষার্থীর অকৃতকার্য হইবার অন্যতম কারণ শিখন ঘাটতি, যথায় অধিকাংশ পরীক্ষার্থীই ইংরাজি ও গণিতে উৎকর্ষ লাভ করিতে ব্যর্থ। যদিও প্রাথমিক স্তরেই এই শিখন ঘাটতির সূচনা। কারণ ইতোমধ্যে বিভিন্ন গবেষণায় উঠিয়া আসিয়াছে, প্রাথমিকের অধিকাংশ শিক্ষার্থীই বাংলা পঠনেই ধাক্কা খাইতেছে। ইংরাজি ও গণিতের দুর্বলতা বলাই বাহুল্য। তৎকারণেই আমরা মনে করি, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ভিত্তি শক্তিশালীকরণের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হইবে।
এইবার যাহারা অকৃতকার্য হইয়াছে, তাহাদের ব্যাপারে শিক্ষা প্রশাসনের বিশেষ পরিকল্পনা থাকা জরুরি। এই ক্ষেত্রে প্রথম করণীয় হইবে শিক্ষার্থীদের অনুত্তীর্ণ হইবার কারণ অনুসন্ধান করা, যাহার প্রাপ্ত ফল পরবর্তী বৎসরের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখিবে। অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সহিত যোগাযোগে শিক্ষাপ্রতিষ্ঠানই প্রধান ভূমিকা পালন করিতে পারে। তাহাদের পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুত করাও প্রতিষ্ঠানের দায়িত্ব। এই ক্ষেত্রে শিক্ষকদের যদ্রূপ অগ্রসর হইতে হইবে, তদ্রূপ অভিভাবকদেরও সংবেদনশীল আচরণ করা আবশ্যক। তৎসহিত শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও জবাবদিহির আওতায় আনয়ন করা অত্যাবশ্যক। প্রতি বৎসর পাবলিক পরীক্ষার ফলে এমন সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের অকৃতকার্য হইবার তালিকা আমরা দেখিয়া থাকি। প্রতিষ্ঠানে যদি দক্ষ শিক্ষক থাকেন, প্রয়োজনীয় অবকাঠামো থাকে এবং তথা হইতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে তবে এমন করুণ দশা হইবে কেন? সাম্প্রতিক সময়ে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যামিকে অংশগ্রহণ ও ফলের দিক হইতে ছাত্রদের অপেক্ষা ছাত্রীদের অগ্রগামী থাকিবার ইতিবাচক ধারা আমরা প্রত্যক্ষ করিতেছি। কী কারণে ছাত্ররা পশ্চাতে থাকিতেছে, উহা খতাইয়া দেখিতে হইবে।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই। সফলতার ধারায় তাহাদের উত্তরোত্তর অগ্রসর হইতে হইবে। তবে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের হতাশ হইলে চলিবে না। মাধ্যমিক ও সমমানের এই ধাপ সবাইকেই অতিক্রম করিতে হইবে। একাগ্রতা ও একনিষ্ঠভাবে চেষ্টা করিলে সফলতা আসিবেই। তবে সামগ্রিকভাবে শিক্ষার নীতিনির্ধারকদের দেশের শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে ভাবিতে হইবে। অযথা নকলভীতির সম্প্রসারণ না করিয়া শিক্ষার্থীবান্ধব ও নমনীয় পরীক্ষা পদ্ধতি গ্রহণ জরুরি।
