স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেয়েছে। এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশ বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে বর্তমানে যে স্বল্প সুদে ঋণ ও শুল্কমুক্ত সুবিধা পায়, তা বন্ধ বা কমে যাবে। এলডিসি থেকে উত্তরণের জন্য দেশের যে অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল, অন্তর্বর্তী সরকারের আমলসহ বর্তমান সরকার পর্যন্ত তা অর্জন করা যায়নি। ফলে এই তালিকা থেকে উত্তরণের সময় পেছানোর বিষয়টি সবসময়ই ছিল। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে নির্ধারিত ২০২৬ সালের ২৪ নভেম্বরের সময়সীমা পেছানোর উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগ বর্তমান বিএনপি সরকারও অব্যাহত রাখে এবং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে তা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত করতে সক্ষম হয়। বৃহ¯পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক প্লেনারি মিটিংয়ে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর ফলে বাংলাদেশ প্রস্তুতি নেয়ার জন্য অতিরিক্ত সময় পাচ্ছে। তবে দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি, স্থবির বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্যের যে চরম মন্দাবস্থা চলছে, তা কাটানোর পথটি যথেষ্ট কঠিন এবং এই সময়সীমার মধ্যে সক্ষমতা অর্জনের জন্য সরকারের জন্য সহজ নয় বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বর্তমান সরকারের প্রথম বাজেট (২০২৬-২৭) পেশ করার পর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বজেটোত্তর সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে চার বছর সময় লাগবে। স্বাভাবিকভাবে ধরে নিলে বলা যায়, এলডিসি থেকে উত্তরণে যে তিন বছর সময় বাংলদেশ পেয়েছে, এই সময়ের মধ্যে উত্তরণের সম্ভাবনা কম। উত্তরণ ঘটাতে হলে জিডিপি প্রায় ৭ শতাংশে উন্নীত করতে হবে। বিশ্বব্যাংক, আইএমএফসহ জিডিপির যে হিসাব দিচ্ছে, তাতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.২ থেকে ৪ এর মধ্যে হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৩.৪৯ শতাংশ। অর্থাৎ দেশের অর্থনীতির অগ্রগতি বলতে কিছু নেই, বরং তা পেছনের দিকে হাঁটছে।

যদিও বলা হয়ে থাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এন্তার লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল এবং উত্তরাধিকার সূত্রে সেই ঝুড়ি অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার পেয়েছে। তবে বর্তমান সরকারের এখন ৯ মাস চলছে। এই সময়ে অর্থনীতির হিসাব করলে দেখা যাচ্ছে, প্রায় সবসূচক নিম্নগামী। মানুষের আয় কমে যাওয়া, মূল্যস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন ও আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতা, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকট, ছোট ছোট দোকানপাট এমনকি মার্কেট বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের জীবনযাপন গভীর সংকটে নিপতিত।

অর্থনৈতিক এই শোচনীয় পরিস্থিতির জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং ইরানযুদ্ধে বৈশ্বিক অর্থনীতি টালমাটাল হওয়ার নেতিবাচক প্রভাব অস্বীকার করা যায় না। তবে সাধারণ মানুষের যে ইমিডিয়েট বা চলমান সংকট, তা নিরসনে সরকারের যে জরুরি পদক্ষেপ নেয়া দরকার, তা কতটা নিচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। পর্যবেক্ষকদের মতে, সরকারের ৯ মাসে অর্থনৈতিক সাফল্য নেই বললেই চলে। আবার বৈশ্বিক মন্দাবস্থার মধ্যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যে স্বস্তিতে রয়েছে, তা নয়। তারা এই মন্দাবস্থা কাটাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি দেশগুলো পরিকল্পিত পদক্ষেপ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পেয়েছে। আমাদের কোনো ক্ষেত্রেই কোনো সাফল্য পরিলক্ষিত হচ্ছে না।

বরং সবক্ষেত্রই মন্দ থেকে মন্দ অবস্থার দিকে যাচ্ছে। অনেকে বলে থাকেন, ড. ইউনূস সরকারের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোও অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যে রয়েছে। জীবনযাপন কষ্টের মধ্যে পড়ায় ফ্রান্স, ইতালির মতো দেশগুলোতে জনগণ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও জ্বালাও-পোড়াও আন্দোলন করছে। ভারতে মোদি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, সেক্ষেত্রেও বেকারত্ব ও অর্থনৈতিক মন্দা অন্যতম কারণ হয়ে রয়েছে। দেশে দেশে এসব আন্দোলনের পেছনে বড় কোনো রাজনৈতিক কারণ নয়, অর্থনৈতিক সংকটের কারণ। আমাদের দেশের মানুষ চরম কষ্ট ও ধৈর্য্য ধারণ করে সরকারকে সময় দিয়ে দেখছে সরকার কী করে। অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত ঠিক না হলে তাদের এই ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে যেতে খুব বেশি সময় লাগবে না।

ইতোমধ্যে বিরোধীদলের পক্ষ থেকে এ নিয়ে আন্দোলন ও সভা-সমাবেশ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করতে সরকারকে হুঁশিয়ারিও দেয়া হচ্ছে। অভাব-অনটন ও জীবনযাপনে দুর্ভোগে পড়া সাধারণ মানুষ যদি তাদের আন্দোলনে যোগ দেয়, তাহলে সরকার চরম বেকায়দায় পড়বে। এ সুযোগ নেবে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন সরকার তা কতটা সমাল দিতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। বলা বাহুল্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিরোধীদলের সরকারবিরোধী রাজনীতির ইস্যু বন্ধ করার একমাত্র হাতিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা। সাধারণ মানুষকে স্বস্তিতে রাখা। বাস্তবতা হচ্ছে, তারা স্বস্তিতে নেই। এটা সরকারের জন্য খুবই অ্যালার্মিং বিষয়। চারদিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল দেশে ফিরেছেন।

এই সফরে জাপান আগামী ৫ বছরে বাংলাদেশকে প্রায় ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (যা প্রায় ৬৩০ থেকে ৬৩৫ কোটি মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে প্রায় ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যদিও জাপান থেকে প্রতিশ্রুত বিনিয়োগ আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে স্বৈরাচার শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সময় জাপানের সঙ্গে একাধিক চুক্তি, ঋণচুক্তি ও সমঝোতা হয়েছে। এসব উদ্যোগের বাস্তবায়ন হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে নানা সমস্যায় এসব প্রতিশ্রুতি ঝুলে গেছে। ড.

ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, সউদী আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দাতা সংস্থা দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দেশের মানুষ দেখেছে, উদ্যোগ না থাকায় সেসব প্রতিশ্রুত অর্থের এক টাকাও আসেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের ২১ জুন থেকে ২৬ জুন মালয়েশিয়াসহ চীন সফর করেন। মালয়েশিয়া সফরের কারণে সেখান থেকে সুফল পাওয়া শুরু হয়েছে। তবে তাঁর চীন সফর ছিল ঐতিহাসিক। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং যেভাবে তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান, তা ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে চীন বাংলাদেশে অঢেল বিনিয়োগসহ সবধরনের অর্থনৈতিক সহায়তার ‘ব্ল্যাংক চেক’ দিয়েছে। বলা বাহুল্য, চীন বাংলাদেশের শীর্ষ উন্নয়ন অংশীদার, অবকাঠামোগত উন্নয়নসহ প্রযুক্তি ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে তার অংশগ্রহণ রয়েছে। চীনই বিশ্বে এখন একমাত্র বৃহৎ বিনিয়োগকারি দেশ। উন্নত বিশ্ব থেকে শুরু করে দক্ষিণ এশিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে বিনিয়োগ করছে। দেশগুলোও চীনের দিকে ঝুঁকেছে। চীনের প্রতি বাংলাদেশের জনগণেরও জোরালো সমর্থন রয়েছে। তারা চায় বাংলাদেশ চীনের বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতা নিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে। তাকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। এই করিডোর হলে বাংলাদেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এক অসীম সম্ভাবনার দুয়ার খুলে যাবে। ফলে এলডিসি থেকে উত্তরণে যে তিন বছর সময় পাওয়া গেছে, অর্থনীতিবিদদের মতে, এই সময়ে চীনের বিনিয়োগ যত বেশি আনা যায়, তত দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এছাড়া বাংলাদেশের সামনে আপাতত তেমন কোনো বিকল্প নেই। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র নিজেকে সুপার পাওয়ার দাবি করলেও এখন আর তার সেই অবস্থা নেই। সে একটি ক্ষয়ীষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। তার পক্ষে এখন আর কোনো দেশকে টেনে তোলা সম্ভব নয় এবং সে তা পারবেও না। উল্টো সেও এখন চীনের কাছে হাত পাতছে। ফলে বাংলাদেশকে এলডিসি উত্তরণের যে সময়টুকু পেয়েছে, সেক্ষেত্রে চীনের বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এলডিসি থেকে উত্তরণে আমাদের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারিনি। বারবার পেছাতে হয়েছে। এর অর্থ হচ্ছে, এই তালিকা থেকে উত্তরণে বিগত সরকারগুলো অর্থনীতিকে এগিয়ে নিতে এবং উন্নত করতে পারেনি। বর্তমান সরকারের ওপর এ চ্যালেঞ্জ এসে পড়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে, সরকারের ৯ মাস চললেও এখন পর্যন্ত বিনিয়োগে কোনো সুখবর নেই। বিনিয়োগ আনতে পারেনি। রফতানি বাণিজ্যের দুই বড় স্তম্ভ গার্মেন্ট ও জনশক্তিও খুব একটা ভালো অবস্থায় নেই। অর্থনৈতিক সংকটের কারণে পোশাক ক্রেতা দেশগুলো বাংলাদেশে অর্ডার কমিয়ে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাতিল করছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের অনেকে চাকরি হারাচ্ছে, দেশে ফিরছে। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জনশক্তি রফতানি ভয়াবহ সংকটে পড়বে। রেমিট্যান্স কমে যাবে। অর্থনীতিতে তা বড় ধরনের অভিঘাত তৈরি করবে। এমতাবস্থায়, অর্থনৈতিক সংকট কাটাতে সরকারকে দ্রুত পরিকল্পনা ও তার বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে জোর উদ্যোগ নিতে হবে। কর্মসংস্থান, মানুষের আয় বাড়ানোসহ ব্যবসা-বাণিজ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে যেসব দেশ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা যেভাবে যত দ্রুত পারা যায়, দেশে আনতে হবে। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে এর বিকল্প নেই।