দেশের অর্থনীতিকে এক ভয়াবহ অবস্থায় রেখে গেছে অন্তর্বর্তী সরকার। সরকার আয়ের চেয়ে ব্যয় বেশি করে যাওয়ায় রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্যবস্থায় রয়েছে। পাশাপাশি বিপুল বকেয়া রেখে গেছে। অর্থনীতির এই দৈন্যদশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আমরা বারবার বলেছি, অন্তর্বর্তী সরকার নতুন সরকারের ওপর একটি ঋণনির্ভর অর্থনীতি রেখে যাচ্ছে, যেখানে অর্থ বলতে কিছু নেই। এখন জনগণের প্রাত্যাহিক চাহিদা মেটানোই দায় হয়ে পড়েছে। অর্থাভাবে জনপ্রত্যাশা কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে সরকারের দায়িত্বশীল অনেকেই চিন্তিত। অর্থনীতিবিদদের মতে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ক্ষমতাকে প্রলম্বিত করার বাসনা নিয়ে চলতে গিয়ে অর্থনীতির কোনো উন্নতি করতে পারেনি।

স্বৈরাচার হাসিনার ফোকলা করে যাওয়া অর্থনীতিকে টেনে তুলতে পারেনি। উল্টো অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। গতকাল দৈনিক বণিকবার্তার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকাওে বাজেট ঘোষণা করেছিল। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৩১৭ কোটি এবং উন্নয়ন খাতে ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম ৬ মাসে সরকার ব্যয় করেছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা যার মধ্যে পরিচালন খাতে ২ লাখ ২০ হাজার ৪৬৩ কোটি এবং উন্নয়ন খাতে ৩১ হাজার ৮৪১ কোটি টাকা ব্যয় করেছে। একই সময়ে রাজস্ব আহরণ হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৫৩ কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩৩ কোটি টাকা, যার মধ্যে বোশির ভাগই ঋণ নিয়ে মেটানো হয়েছে। এ পরিসংখ্যান থেকে বুঝতে অসুবিধা হয় না, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে কোথায় রেখে গিয়েছে। কীভাবে ঋণের বোঝা নতুন সরকারের উপর চাপিয়ে দিয়েছে। অথচ ড. ইউনূস অন্তর্ববর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর বিশ্বপ্রশংসায় ভেসে গিয়েছিলেন। পরশক্তি থেকে শুরু করে আর্ন্তজাতিক আর্থিক সংস্থাগুলো মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দেখা যাচ্ছে, তার কিছুই অন্তর্বর্তী সরকার আনতে পারেনি।

পরিসংখ্যান অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণের সময় বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে ২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা পেয়েছে। এই ভারি বোঝা বহন করেই তাকে চলতে হচ্ছে এবং হবে। অর্থনীতিবিদদের মতে, রাষ্ট্রীয় কোষাগারের সীমিত সামর্থ্য, বাড়তে থাকা ঋণের বোঝা এবং জনমুখী প্রতিশ্রুতির চাপ, এই তিন সমস্যা মোকাবেলা করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সরকারের রাজনৈতিক যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে অর্থ সংস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়বে। আমরা পুনঃপুনঃ বলেছি, সরকারকে এমন এক সময় যাত্রা শুরু করতে হয়েছে, যখন রোজা এবং এ সময় গ্যাস-বিদ্যুতের চাহিদা, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বমুখী থাকে।

সাধারণ মানুষকে স্বস্তিতে সিয়াম পালন করতে হলে, নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করাসহ পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিস্থিতিকে নিজের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিগত সময়ে যে পরিমান বকেয়া রেখে যাওয়া হয়েছে, তা পরিশোধ করে সমন্বয় করা অত্যন্ত কঠিন। বর্তমানে বিদ্যুৎ খাতে বকেয়া রয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। আমরা চেষ্টা করছি, পরিস্থিতি সামাল দিতে। এর মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা রয়েছে। তা বাস্তবায়ন করতে ২০ হাজার কোটি টাকা লাগবে। রাষ্ট্রের অর্থনৈতিক যে দুরবস্থার চিত্র ফুটে উঠেছে, তাতে নতুন সরকারকে অত্যন্ত সতর্ক ও সচেতন হয়ে চলতে হবে। কারণ, দেশের অর্থনীতির এই দুরবস্থা নতুন নয়। শেখ হাসিনার শাসনামল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার পর্যন্ত শোচনীয় পরিস্থিতির মধ্যেই রয়ে গেছে। আশা করা হয়েছিল, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দ্রুতই অর্থনীতিকে চাঙা করতে পারবে। তা সে করতে পারেনি। উল্টো ঋণ করে চলতে চলতে দেশকে লাখ লাখ কোটি টাকার ঋণের মধ্যে ডুবিয়ে গেছে। অর্থনীতির এই ডুবন্ত অবস্থা থেকে এখন নতুন সরকারকে টেনে তুলতে হবে। কাজটি কঠিন, তবে সরকার দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারলে, আশা করা যায়, অর্থনীতিকে শক্ত মাটির উপর দাঁড় করাতে পারবে।

নতুন সরকারকে বিপাকে ফেলার জন্য বহু ধরনের রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয়। সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়িয়ে তোলার ষড়যন্ত্রও হবে। বিশেষ করে রোজায় যেসব সংকট প্রকট হয়ে উঠে, সেগুলো সামাল দিতে না পারলে, জনগণের মধ্যে সরকারের প্রতি বিরূপ ধারণা জন্মাবে। এ সময় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ ও জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। দিন দিন গরম বাড়ছে, ঈদের আগে আরও বাড়বে। সরকারকে এ বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। জনঅসন্তোষ যাতে না বাড়ে, মানুষ স্বস্তিতে থাকে, এ ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকারের সময় মানুষ যতই কষ্টে থাকুক না কেন, এ নিয়ে কোনো টুঁ শব্দ করা হয়নি। যারা অন্তর্বর্তী সরকারের ঘোর সমর্থক এবং সরকারের অংশ হয়ে ক্ষমতা ভোগ করেছে, তারা কোনো কথা বলেনি।

একই পরিস্থিতিতে তারা এ সরকারের সময় চুপ থাকবে না। সোরগোল করবে। ফলে সরকারকে এ ব্যাপারে সর্তক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের শুরুর সময়ের মতো পরাশক্তি ও বিশ্বব্যাংকসহ আর্থিক সংস্থাগুলো নতুন সরকারকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি এবং বিভিন্ন উপদেশ ও পরামর্শ দিচ্ছে। সরকারকে মনে রাখতে হবে, এসব উপদেশ খয়রাত করে লাভ নেই। তাকে তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে। অন্তর্বর্তী সরকারকেও তারা অনেক উপদেশ-পরামর্শ দিয়েছে। তাতে কোনো লাভ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ ব্যাপারে গভীর চিন্তা করতে হবে। তাকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, দেশের অর্থনীতি দুর্বল এবং মানুষের জীবনযাপন কষ্টকর হলে যেকোনো দেশের সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। সরকারের পতন ঘটে। শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল শোচনীয় অর্থনীতি। অন্তর্বর্তী সরকার তা থেকে বের হতে পারেনি। কাজেই সরকারের প্রথম কাজ হচ্ছে, অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। প্রথমে নজর দিতে হবে, সাধারণ মানুষের নিত্যকার সমস্যা ও প্রয়োজনীয়তার দিকে। অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যার সমাধান করতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী প্রতিশ্রুতি ধীরে বাস্তবায়নের উদ্যোগ নিলেও খুব একটা সমস্যা হবে না। তবে সবার আগে মানুষের চলমান দুর্ভোগ ও সমস্যা নিরসন করতে হবে।