দেশের অর্থনীতি ক্রমাবনতিশীল পরিস্থিতির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। এই ধারাবাহিক অবনতি রোধ করা সম্ভব হচ্ছে না। পতিত স্বৈরাচার সাড়ে ১৫ বছরে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতিকে প্রায় নিঃশেষ করে দিয়ে গেছে। চরমভাবে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেও দেড় বছরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। বিনিয়োগ বাড়েনি। কর্মসংস্থান গতিশীল হয়নি। ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের ধস থামানো যায়নি। গত নভেম্বরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি বরাবরই সাধারণ মানুষের ওপর দুঃসহ চাপ সৃষ্টি করে। মূল্যস্ফীতি বাড়লেও মানুষের আয় বাড়েনি। অনেকের বরং কমেছে। অনেকে বেকার হয়েছে চাকরি হারিয়ে।
মূল্যস্ফীতির জেরে দারিদ্র্য ও পুষ্টিহীনতার চক্রে পতিত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। বিনিয়োগ বন্ধ্যাত্ব অব্যাহত আছে। কী দেশি বিনিয়োগ, কী বিদেশি বিনিয়োগÑ সব বিনিয়োগেই আস্থার সংকট প্রকট। বিনিয়োগ বাড়ার লক্ষণ তো নয়ই, কমার লক্ষণ স্পষ্ট। অন্তর্বর্তী সরকার বিনিয়োগে গতি আনার জন্য বিনিয়োগ সম্মেলন পর্যন্ত করেছে। তার ফল ইতিবাচক বলে প্রমাণিত হয়নি। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বলেছেন, এখন ব্যাংক ঋণের সুদের হার প্রায় ১৫ শতাংশ। এই সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা বাড়ানো সম্ভব নয়। অন্যদিকে কর-শুল্কও বেশি। এ অবস্থায় দেশি বিনিয়োগকারীরা হাত গুটিয়ে রয়েছেন। বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষায় আছে নির্বাচিত সরকারের। বিনিয়োগ না বাড়ায় কর্মসংস্থানও বাড়ছে না। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে।
এতে দেড়-দু’ লাখ কর্মজীবী বেকারের খাতায় নাম লিখিয়েছে। ব্যাংক খাতের অবস্থা শোচনীয় বললেও কম বলা হয়। চার-পাঁচটি ব্যাংক কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। অধিকাংশ ব্যাংক নানা সংকটে ভুগছে। পতিত স্বৈরাচারের সময় ব্যাংকগুলোকে পরিকল্পিতভাবে ফোকলা করা হয়েছে। ব্যাংক খাত থেকে টাকা লুটে নেয়া হয়েছে, পাচার করা হয়েছে বিদেশে। ব্যাংক খাতের একটি বড় সংকট খেলাপি ঋণ। এ ঋণ এখন ৬ লাখ ৪৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এ মুহূর্তে ব্যাংকগুলোকে ভয়াবহ তারল্য সংকট মোকাবিলা করতে হচ্ছে। ব্যাংক যদি সবল না থাকে, তবে অর্থনীতি সবল থাকতে পারে না। শেয়ার বাজার বিনিয়োগের একটা ক্ষেত্র এবং বিনিয়োগযোগ্য অর্থের শক্তিশালী উৎসও বটে। পতিত স্বৈরচারের আমলে শেয়ার বাজার দফায় দফায় লুণ্ঠিত হয়েছে। এখন শেয়ার বাজারে যেমন বিনিয়োগ আসছে না, তেমনি শেয়ার বাজার বিনিয়োগযোগ্য অর্থের যোগানদাতার ভূমিকাও রাখতে পারছে না। সামষ্টিক অর্থনীতির নাজুক হাল বড় রকমে উদ্বেগের কারণে পরিণত হয়েছে।
অর্থনীতির পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। তার প্রাথমিক কিছু পদক্ষেপ জনমনে আশার সঞ্চার করেছিল। ব্যাংক খাতের প্রতি নজর দেয়া ও পাচারকৃত অর্থ ফেরৎ আনার চেষ্টার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার সবচেয়ে বড় যে পদক্ষেপ নিয়েছিল, তাহলো অর্থনীতির চলচিত্র নির্ণয়ে একটি শ্বেতপত্র প্রণয়ন করা। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অত্যন্ত কম সময়ে অনেক খেটে-খুটে একটি প্রতিবেদন প্রণয়ন ও সরকারের কাছে হস্তান্তর করেছিল। অর্থনীতিসংক্রান্ত ওই প্রতিবেদন বা শ্বেতপত্রে অর্থনীতির যে চিত্র বেরিয়ে আসে, তাকে ভয়াবহ বলে অভিহিত করা যায়। অর্থনীতির সংস্কার ও পুনর্গঠনে কিছু সংস্কারপ্রস্তাব দেয়া হয়েছিল। ড.
দেবপ্রিয় ভট্টাচার্য পরে হতাশা ব্যক্ত করে বলতে বাধ্য হয়েছেন যে, সরকার ওইসব সংস্কারপ্রস্তাব বাস্তবায়নে কোনো আগ্রহই প্রদর্শন করেনি। শ্বেতপত্রে সুপারিশকৃত সংস্কারগুলো বাস্তবায়নে সরকার কেন আগ্রহ দেখায়নি, সরকারই তা বলতে পারবে। বাস্তবে আমরা দেখছি, অর্থনীতি দিনকে দিনই অবনত হচ্ছে। অর্থনীতি শক্তিশালী ও গতিশীল না হলে দেশের কাক্সিক্ষত উন্নয়ন-অগ্রগতি হয় না, হওয়া সম্ভব নয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত বছরের চেয়েও স্লথগতির শিকারে পরিণত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সূত্র মতে, চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে এডিপির মোট বরাদ্দের মাত্র পৌনে ১২ শতাংশ অর্থ খরচ হয়েছে। গত অর্থবছরে একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ও বাস্তাবায়নের হারÑ দুইটাই বেশি ছিল। দুঃখের কথা, বরাদ্দকৃত অর্থের ৫ শতাংশও খরচ করতে পারেনি ৮টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ। সংসদ বিষয়ক মন্ত্রণালয় তার বরাদ্দের ১ টাকাও খরচ করতে পারেনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির সুচারু বাস্তবায়ন দেশের ধারাবাহিক উন্নয়নের জন্য অপরিহার্য। যদি তা না হয় বা ব্যাহত হয় তবে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হতে বাধ্য। এ কথা উল্লেখের অপেক্ষা রাখে না এডিপি বাস্তবায়নে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অনেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজ পায়। মানুষের আয় বাড়লে ক্রয় ক্ষমতাও বাড়ে। এতে অর্থনীতি উজ্জীবিত ও গতি লাভ করে। এডিপি বাস্তাবায়নে ধীরগতি বা বাস্তবায়ন না হওয়া উভয় ক্ষেত্রে মস্তবড়ো ক্ষতি।
অর্থনীতির উন্নয়ন ও পুনরুদ্ধার নির্ভর করে অনেক কিছুর ওপর। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ক্ষেত্রে প্রধান বাধা রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলার অবনতি ইত্যাদি। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়লে উৎপাদন, রফতানি ও কর্মসংস্থান বাড়বে স্বয়ংক্রিয়ভাবেই। মানুষের আয়-রোজগার বাড়বে, বেকারত্ব কমবে, সামাজিক শান্তি ও স্বস্তির পরিবেশ তৈরি হবে। নিঃসন্দেহে অর্থনীতির পুনর্গঠন ও পরিচালনা অত্যন্ত কঠিন কাজ। এ জন্য প্রয়োজন শক্তিশালী সরকার। অন্তর্বর্তী সরকার সাময়িক সরকার, সে কারণে দুর্বল সরকারও বটে। তার পক্ষে শক্ত হাতে সবকিছু করা অনেক সময় সম্ভব হয়ে উঠে না। এ জন্য আবশ্যক একটি নির্বাচিত সরকার।
দেশের খ্যাতিমান রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী-উদ্যোক্তারা মনে করেন, জবাবদিহিমূলক ও স্থিতিশীল সরকার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব না। এ জন্য নির্বাচনের বিকল্প নেই। বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে নির্বাচিত সরকার যে জরুরি সে কথা বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরাও মনে করেন। আগামী ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষিত হয়েছে। দেশি-বিদেশি সকল মহল ওইদিন নির্বাচন হোক চাইলেও পতিত স্বৈরাচার ও তার প্রভুদেশ চাইছে না, তা স্পষ্ট। তারা নানাভাবে নির্বাচন বানচাল করার ছক এঁকে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচনের তফশিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনাসহ বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃংখলা ও নাগরিক নিরাপত্তা সুরক্ষায় সরকারের ব্যর্থতা ধরা পড়েছে। এতে সর্বমহলে উদ্বেগ-শংকা বেড়েছে। নির্বাচনের এখনো অনেক দিন বাকী। এই সময়ে নির্বাচন বানচালকারীদের সকল অপকর্ম প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে দেশ কারা চালাবেন, কীভাবে দেশ চলবে, তা নির্ধারিত হবে ওই নির্বাচনের মাধ্যমে। বলা বাহুল্য, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চিয়তা কেটে যাবে। দেশ ও সমাজে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
