প্রায় পৌনে দুই বছর ধরে সারাদেশে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনাবাহিনী পর্যায়ক্রমে ব্যারাকে ফিরতে শুরু করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও বিদেশে পালিয়ে যাওয়ার সাথে সাথে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীও লাপাত্তা বা নিষ্ক্রিয় হয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় উপনীত হয়। সে সময় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছিল। ৫ আগস্ট থেকে ঢাকাসহ মেট্রোপলিটন সিটিগুলোতে সেনাবাহিনীর পাশাপাশি জুলাই যোদ্ধাদেরকেও আইনশৃঙ্খলা ও ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। চব্বিশের আগস্টের প্রথম সপ্তাহে মাঠ পর্যায়ে সেনা মোতায়েনের পর সেনা প্রধান ওয়াকার-উজ-জামান বলেছিলেন, পুলিশ সক্রিয় হয়ে উঠলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন। অন্তর্বর্তী সরকারকে বিব্রত ও ব্যর্থ করে দিতে সীমান্তের ওপার থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য, নানা দাবি-দাওয়া সামনে এনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে লেলিয়ে দেয়া, মব সন্ত্রাসের মাধ্যমে সারাদেশে একটি নিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টি করা হয়। এ প্রেক্ষিতে সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে। জাতির ক্রান্তিকালে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার ক্ষেত্রে সেনাবাহিনী অসামান্য ভূমিকা পালন করেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সেনাপ্রধান বলেছিলেন, নির্বাচিত সরকার শপথ গ্রহণের পর সেনাবাহিনী পর্যায়ক্রমে ব্যারাকে ফিরতে শুরু করবে। সরকার দায়িত্ব গ্রহণের ৩ মাসের মাথায় সেনাবাহিনী এখন ব্যারাকে ফিরতে শুরু করেছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল অন্তর্বর্তী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতিশ্রুতি বাস্তবায়নে সেনাবাহিনী অনুসরণযোগ্য ভূমিকা পালন করেছে। তার এ ভূমিকার জন্য জাতির রাজনৈতিক-গণতান্ত্রিক উত্তরণ তরান্বিত হয়েছে। বিশৃঙ্খলা, নিষ্ক্রিয়তা ও অসহযোগিতার কঠিন সময়ে মাঠ পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা সেনাবাহিনীর গৌরবজনক অতীতকেই স্মরণ করিয়ে দিয়েছে। জাতিসংঘের শান্তি মিশনের প্রধান শরিক হিসেবে চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে চলেছে। নিজদেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে, রাজনৈতিক বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতায় আর্ত-মানবতার সেবায় সেনাবাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে এসেছে। জুলাই অভ্যুত্থান -পরবর্তী সময়ে এক অনিশ্চিত গন্তব্যের পথে ধাবমান বাংলাদেশকে শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশে প্রত্যাবর্তনের নেপথ্য অণুঘটক বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অবদান তথা গৌরবময় ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পুলিশের নিষ্ক্রিয়তায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনীর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে পতিত স্বৈরাচারের সহযোগীর ভূমিকা রাখার যে অভিযোগ রয়েছে তার দায় তাদের ব্যক্তিগত। সামগ্রিকভাবে বা প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এর জন্য দায়ী নয়।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত আমাদের সেনাবাহিনী অতীতে প্রতিটি প্রাকৃতিক এবং রাজনৈতিক দুর্যোগ, বিশৃঙ্খলা ও ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছিল তাতে অতীতের মতো সেনাবাহিনী বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অন্তর্বর্তী সময়ের জন্য ক্ষমতা দখল করতে পারতো। কিন্তু সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বরাবরই সিভিল প্রশাসন ও রাজনৈতিক সরকারের প্রতি আস্থা ও সহযোগিতার সম্পর্ক অটুট রাখতে তার দৃঢ় সংকল্পের কথা বার বার বলেছেন। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন। তাকে অকুণ্ঠ ধন্যবাদ। দেড় যুগ পরে দেশে একটি সত্যিকার অর্থে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুলিশের সক্ষমতা নিয়ে এখনো প্রশ্ন থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা অর্জন করতে শুরু করেছে।
এ সময় সেনাবাহিনীর ব্যারাকে প্রত্যাবর্তন সঠিক সময়। মব সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে সৃষ্ট বিশৃঙ্খলা প্রশমন করে মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তা বোধ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন উদ্যমে কাজ করতে হবে। মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারের দোসররা বসে নেই। তারা দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র চালিয়ে যাবেই। বিরোধী রাজনৈতিক দলগুলোও সরকারবিরোধিতার নামে ফায়দা লাভের চেষ্টা করছে। এমতাবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধীচক্রসহ দুর্বৃত্তরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা থাকতে হবে। দেশ আর কখনোই আগের মতো বিচারহীনতার সংস্কৃতিতে ফিরে যাবে না। দেশে শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনী নেপথ্যে ও নিরবে যে গৌরবময় ভূমিকা রেখেছে, সরকারকে তার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। মাঠে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর সর্বস্তরের সদস্য, কর্মকর্তা ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে আমরা জাতির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
