ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এই যুদ্ধ আবারও মনে করিয়ে দিচ্ছে– যুদ্ধের অর্থনৈতিক, সামাজিক ও মানবিক অভিঘাত বহন করে জনসাধারণ। ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি, তেল সরবরাহে অস্থিরতা, হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা বিশ্বব্যাপী জনজীবনে প্রভাব ফেলেছে; বিশেষত বাংলাদেশের মতো দেশের মানুষকে বাজার, জ্বালানি, পরিবার ও ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে।

যুদ্ধ শুধু অস্ত্রের সংঘর্ষ নয়; অর্থনৈতিক কাঠামোও তৈরি করে। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বরাজনীতিতে যুদ্ধ ঘিরে বিশাল শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়িয়ে গেছে। ওই বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ মানব সভ্যতাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। কোটি মানুষের মৃত্যু, শহরের পর শহর ধ্বংস এবং অর্থনৈতিক বিপর্যয় বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল। সেই সময়েই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়; আন্তর্জাতিক আইন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয় এবং যুদ্ধ নিয়ন্ত্রণের নানা কাঠামো গড়ে ওঠে। বিশ্ব তখন তাত্ত্বিকভাবে শান্তির পথে আগানোর পথ খুঁজছিল।

একই সময়ে যুদ্ধকেন্দ্রিক অর্থনীতিও শক্তিশালী হয়ে ওঠে। অস্ত্রশিল্প, সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা প্রতিযোগিতা মিলিয়ে বিশাল শিল্প কাঠামো গড়ে ওঠে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সামরিক ব্যয় বেড়ে ২ দশমিক ৭১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অথচ জাতিসংঘের হিসাব বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ক্ষুধা দূর করতে বছরে মাত্র ৯৩ বিলিয়ন ডলার প্রয়োজন। অর্থাৎ এক বছরের সামরিক ব্যয়ের সামান্য অংশ দিয়েই বিশ্বের ক্ষুধা সমস্যার বড় অংশের সমাধান করা সম্ভব।

সহজভাবে বললে, যুদ্ধ শুরু হলে অস্ত্র কারখানা ব্যস্ত হয়ে ওঠে; সামরিক প্রযুক্তির বাজার প্রসারিত হয়; অস্ত্র রপ্তানি বাড়ে। অন্যদিকে শান্তির অর্থনীতি সম্পূর্ণ ভিন্ন পথে এগোয়। সেখানে রাষ্ট্রের সম্পদ বিনিয়োগ হয় কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে। যুদ্ধের অর্থনীতি যেখানে সংঘাতকে কেন্দ্র করে সক্রিয় থাকে, শান্তির অর্থনীতি সেখানে সহযোগিতা, উৎপাদন এবং মানব উন্নয়নকে অগ্রাধিকার দেয়। এখানেই একটি মৌলিক প্রশ্ন উঠে আসে– অর্থনীতির অগ্রগতি ও মানবকল্যাণে কোনটি বেশি দরকার? যুদ্ধ, নাকি শান্তি? অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস ও জন মেনার্ড কেইনস– বিশ্বের নাম করা তিন অর্থনীতিবিদের মতবাদে পার্থক্য থাকলেও বিস্ময়করভাবে যুদ্ধের বিপরীতে শান্তির পক্ষে তিনজনের কাছ থেকেই শক্তিশালী তাত্ত্বিক ভিত্তি পাওয়া যায়।

অ্যাডাম স্মিথের ভাষায়, অর্থনীতির প্রাণ হলো বাজার, লেনদেন, আস্থা ও শ্রম বিভাগ। তাঁর মতে, বাজার তখনই ভালো কাজ করে, যখন সমাজে পূর্বানুমানযোগ্যতা থাকে। অর্থাৎ চুক্তি টিকে থাকবে, পণ্য চলাচল করবে এবং বিনিয়োগ নিরাপদ থাকবে। যুদ্ধ এই ভিত্তিকেই ভেঙে দেয়। যুদ্ধে বন্দর অনিরাপদ হয়; জ্বালানি ব্যয় বাড়ে; সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে এবং বিনিয়োগ স্থগিত বা স্থবির হয়। হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা আবারও দেখাচ্ছে, যুদ্ধের প্রথম ধাক্কাই পড়ে বাণিজ্য ও জ্বালানি বাজারে। তাই বলা যায়, অ্যাডাম স্মিথের বাজার অর্থনীতি শান্তির ওপরেই নির্ভরশীল। কার্ল মার্কস অর্থনীতির কেন্দ্রে দেখেছিলেন মানুষের শ্রমশক্তিকে। তাঁর বিশ্লেষণে শ্রমই উৎপাদনের প্রধান উৎস। কিন্তু যুদ্ধ সেই শ্রমশক্তিকেই ধ্বংস করে। যুদ্ধে মানুষ নিহত, আহত ও বাস্তুচ্যুত হয়। স্কুল, হাসপাতাল, কলকারখানা ধ্বংস হয়। কৃষিজমিও অনিরাপদ হয়ে ওঠে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে, সংঘাত দীর্ঘ মেয়াদে মানবসম্পদ গঠনকে বাধাগ্রস্ত করে এবং উৎপাদন ক্ষমতা স্থায়ীভাবে কমিয়ে দিতে পারে। অর্থাৎ যুদ্ধ শুধু বর্তমান আয়ই নষ্ট করে না; ভবিষ্যৎ আয় তৈরির সক্ষমতাও ক্ষতিগ্রস্ত করে।

অন্যদিকে জন মেনার্ড কেইনস দেখিয়েছেন, রাষ্ট্রের নীতি অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পারে। কেইনসের মতে, অর্থনীতি টেকাতে হলে রাষ্ট্রকে মানুষের চাহিদা, বিনিয়োগ ও কর্মসংস্থানের পক্ষে দাঁড়াতে হয়। কিন্তু যুদ্ধ রাষ্ট্রীয় খরচের অগ্রাধিকার বদলে দেয়। যুদ্ধে লিপ্ত রাষ্ট্র হাসপাতাল, স্কুল, গবেষণাগার বা কৃষি সম্প্রসারণের বদলে বাজেট বরাদ্দ করে অস্ত্র, ঘাঁটি ও সামরিক মোতায়েনে। এতে রাষ্ট্রের ব্যয় হয় ঠিকই; কিন্তু সেই ব্যয় মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে হয় না। ধ্বংসকে টেকসই করার পেছনে খরচ করে! নেতিবাচক শান্তি (সহিংসতাহীনতা) ও ইতিবাচক শান্তির (ন্যায়বিচার ও সমতা) ধারণার প্রবর্তক জোহান গালতুং ‘ইতিবাচক শান্তি’ ধারণার মাধ্যমে উন্নয়ন ও ন্যায়ের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। যেখানে শান্তি নিজেই একটি অর্থনৈতিক সম্পদ।

বাস্তবে পৃথিবীর বেশির ভাগ মানুষ যুদ্ধ চায় না। তারা চায় নিরাপদ পরিবার, স্থিতিশীল সমাজ ও উন্নয়নের সুযোগ। তবু দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে যুদ্ধের পরিবেশ বারবার তৈরি হয়। বিশেষত অস্ত্রশিল্প, সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা খাতের সঙ্গে যুক্ত বিশাল অর্থনৈতিক স্বার্থ রয়েছে। ফলে সংঘাতের রাজনীতি অনেক সময় সচেতনভাবেই উস্কে দেওয়া হয়। যদিও যুদ্ধের কারখানা অল্প কিছু মানুষকে ধনী করতে পারে; অন্যদিকে, শান্তির সমাজে কোটি মানুষকে সক্ষম করে তোলার মাধ্যমে সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তির বিস্তার ঘটাতে পারে, যা শেষ পর্যন্ত মানব সভ্যতার প্রকৃত শক্তিকে তুলে ধরে। এই জায়গাতেই ‘শান্তির অর্থনীতি’ ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেনেথ বোল্ডিং, অমর্ত্য সেন ও জাঁ টিনবারগেন– বিখ্যাত এই তিন অর্থনীতিবিদের চিন্তাকে একসঙ্গে দেখলে শান্তির অর্থনীতির স্পষ্ট কাঠামো পাওয়া যায়। কেনেথ বোল্ডিং দেখিয়েছেন, অতিরিক্ত সামরিক ব্যয় দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে; অন্যদিকে অমর্ত্য সেন ব্যাখ্যা করেছেন, সংঘাতের মূল কারণ অস্ত্র নয় বরং বৈষম্য, দারিদ্র্য ও সুযোগের অভাব। আর জাঁ টিনবারগেন বলেছেন, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা যত বাড়বে, যুদ্ধ তত অলাভজনক হয়ে উঠবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বহু দেশ শত্রুতা থেকে সহযোগিতার পথে এগিয়েছে। অর্থনৈতিক সহযোগিতা সেখানে রাজনৈতিক সংঘাত কমাতেও ভূমিকা রেখেছে। এশিয়াতেও গত কয়েক দশকে বহু দেশ যুদ্ধের পরিবর্তে বাণিজ্য ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তাই বিশ্বরাজনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু যুদ্ধ থামানো নয়; বরং এমন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে উন্নয়ন, মানবসম্পদ এবং সহযোগিতাই হবে শক্তির উৎস। কারণ শেষ পর্যন্ত সত্যটি খুবই সরল। শান্তি শুধু যুদ্ধের অনুপস্থিতি নয়; শান্তিই মানব সভ্যতার সবচেয়ে বড় উৎপাদনশীল শক্তি। যুদ্ধের কারখানা কিছু মানুষকে ধনী করে। শান্তির সমাজ কোটি মানুষকে সক্ষম করে তোলে। পৃথিবীকে সুন্দর করে। বাঁচার আগ্রহ তৈরি করে। মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন