আমাদের দেশে এআই নিয়ে আলোচনা মূলত ঘুরপাক খায় চাকরি হারানো কিংবা যন্ত্র মানুষকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ঘিরে। কিন্তু আসল প্রশ্ন ভিন্ন–বিশ্বের সবচেয়ে দুষ্প্রাপ্য উৎপাদন-উপকরণ কার হাতে; কে কাকে কোন শর্তে তা ব্যবহার করতে দিচ্ছে। উনিশ শতকে এই উপকরণ ছিল কয়লা ও ইস্পাত, বিশ শতকে তেল, একুশ শতকে সেই জায়গা নিয়েছে কম্পিউটিং সক্ষমতা, অর্থাৎ বিপুল হিসাব-নিকাশ চালানোর যন্ত্রশক্তি।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘এআই ইনডেক্স ২০২৬’ অনুযায়ী, ২০২৫ সালে তৈরি উল্লেখযোগ্য এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) মডেলের প্রায় সবই যুক্তরাষ্ট্র ও চীনের। চিপ বা চ্যাটজিপিটির মতো বড় এআই মডেল তৈরির দৌড়ে বাংলাদেশ নেই। উপরন্তু ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজনে ‘প্যাক্স সিলিকা’ ঘোষণাপত্রে সই করে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ইসরায়েল ও অস্ট্রেলিয়া। লক্ষ্য হলো খনিজ ও বিদ্যুৎ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, ক্লাউড অবকাঠামো ও অত্যাধুনিক এআই মডেলের সরবরাহব্যবস্থা ‘বিশ্বস্ত’ দেশগুলোর হাতে রাখা। পরে সংযুক্ত আরব আমিরাতসহ আরও অনেকে যোগ দেয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্ত হয় প্রতিবেশী ভারতও। আট মাসের মধ্যে স্বাক্ষরকারীর সংখ্যা সাত থেকে বেড়ে হয় ২৫; সেখানে বাংলাদেশ নেই, আমন্ত্রণও আসেনি। অথচ আমাদের প্রযুক্তিগত ভবিষ্যতের শর্ত লেখা হচ্ছিল ঠিক সেই টেবিলেই। আগামী দুই দশকে কোন শর্তে আমরা চিপ, ক্লাউড সেবা ও উন্নত এআই মডেল ব্যবহারের সুযোগ পাব, পরাশক্তিরা সে নিয়ম বানাচ্ছে, আর আমরা নীরব দর্শক।

ক্ষমতার চাবি কার হাতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বেসরকারি এআই বিনিয়োগ ছিল ২৮ হাজার ৫৯০ কোটি ডলার, চীনে এক হাজার ২৪০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার পাঁচ হাজার ৪২৭টি, যা দ্বিতীয় অবস্থানের চেয়ে দশ গুণেরও বেশি। ২০২২ সাল থেকে বিশ্বে কম্পিউটিং সক্ষমতা বছরে গড়ে ৩ দশমিক ৩ গুণ হারে বাড়ছে। এর জন্য প্রয়োজনীয় চিপের ৬০ শতাংশের বেশি জোগায় একটি মাত্র কোম্পানি, এনভিডিয়া। কোনো কৌশলগত উপকরণের ওপর এমন একক নিয়ন্ত্রণ শিল্প যুগের ইতিহাসে বিরল। এদিকে ২০২৬ সালের মার্চে সেরা মার্কিন ও সেরা চীনা মডেলের সক্ষমতার ব্যবধান নেমে এসেছে মাত্র ২ দশমিক ৭ শতাংশে। ফলে প্রতিযোগিতা এখন আর ভালো মডেল বানানোয় আটকে নেই; কে কত চিপ, বিদ্যুৎ ও পুঁজি জমাতে পারে, সেটাই মুখ্য। এতে বিশ্বে নতুন এক স্তরবিন্যাস তৈরি হচ্ছে। একদিকে প্যাক্স সিলিকার মতো বাছাই করা জোট, যারা সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং নিজেদের মধ্যে সুবিধা ও প্রতিশ্রুতি বিনিময় করে। অন্যদিকে আছে সেসব দেশ, যাদের প্রযুক্তি দরকার কিন্তু সরবরাহে কোনো হাত নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ৮৮টির বেশি দেশ ও সংস্থা ‘নয়াদিল্লি ঘোষণা’ অনুমোদন করে। এর অন্যতম ফল ‘এআইয়ের গণতান্ত্রিক বিস্তার সনদ’; যা স্বেচ্ছামূলক এবং আইনি বাধ্যবাধকতাহীন। তবে এখানেও আমরা নেই।

চিপ যখন কূটনীতির হাতিয়ার ২০২৫ সালের জানুয়ারিতে বাইডেন প্রশাসন ‘এআই ডিফিউশন’ কাঠামো চালু করে, যেখানে দেশগুলোকে কয়েক স্তরে ভাগ করে ঠিক করা হয় কে কত চিপ পাবে। মে মাসে ট্রাম্প প্রশাসন তা বাতিল করে। ডিসেম্বরে শর্তসাপেক্ষে চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির অনুমতি মেলে। ২০২৬ সালের জানুয়ারিতে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক বিধি হয়, সঙ্গে যুক্ত হয় ২৫ শতাংশ শুল্ক ও পরিমাণগত সীমা। কয়েকদিনের মধ্যে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেশীয় কোম্পানিগুলোকে মার্কিন চিপের বদলে দেশীয় বিকল্প ব্যবহারের নির্দেশ দেয়। ৩১ মে মার্কিন বাণিজ্য দপ্তর জানায়, চীনা মালিকানাধীন কোম্পানি বিদেশে থাকলেও এসব চিপ কিনতে পারবে না। এনভিডিয়া নিজেই বার্ষিক প্রতিবেদনে শেয়ারহোল্ডারদের জানিয়েছে, চীনের বিশাল ডেটা সেন্টার বাজারে তারা কার্যত প্রবেশাধিকার হারিয়েছে। ছোট ও উন্নয়নশীল দেশের জন্য বার্তাটি পরিষ্কার–কম্পিউটিং সক্ষমতায় আপনার প্রবেশাধিকার এখন অন্য এক পরাশক্তির ঘরোয়া রাজনীতির মর্জির ওপর নির্ভরশীল। ১৯৪৫ সালে অর্থনীতিবিদ আলবার্ট হার্শম্যান দেখিয়েছিলেন, অসম বাণিজ্য-নির্ভরতা কীভাবে বড় রাষ্ট্রের হাতে নীরব প্রভাবের হাতিয়ার হয়ে ওঠে। রাষ্ট্রবিজ্ঞানী হেনরি ফ্যারেল ও আব্রাহাম নিউম্যান একে বলেছেন ‘অস্ত্রে পরিণত পারস্পরিক নির্ভরতা’। বৈশ্বিক নেটওয়ার্কের কেন্দ্রে থাকা রাষ্ট্র চাইলে যে কোনো সময় দরজা বন্ধ করে দিতে পারে। এআইয়ের সরবরাহ ব্যবস্থায় এখন সেই ক্ষমতারই মহড়া চলছে।

সত্য অস্বীকারের নতুন অজুহাত গণতন্ত্রের ঝুঁকিও তৈরি হচ্ছে ভিন্ন জায়গায়। ডিপফেক ভিডিও একাই নির্বাচনের ফল উল্টে দিয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি। তবে বড় বিপদ অন্যখানে। কেইলিন জ্যাকসন শিফ, ড্যানিয়েল শিফ ও নাতালিয়া বুয়েনোর ২০২৪ সালের গবেষণা দেখিয়েছে, রাজনীতিক নিজের বিরুদ্ধে প্রকাশিত সত্য তথ্যকে ‘ভুয়া’ বা ‘ডিপফেক’ বলে উড়িয়ে দিলে উল্টো তাঁর সমর্থন বাড়তে পারে। গবেষকরা এর নাম দিয়েছেন ‘মিথ্যাবাদীর মুনাফা’। যেসব দেশে জবাবদিহি অনেকটাই নির্ভর করে ফাঁস হওয়া অডিও, ছবি বা নথির ওপর, সেখানে এটি ক্ষমতাবানদের জন্য বড় আশীর্বাদ। লড়াইটা শুধু চিপে সীমিত নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-আইইএর প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা দ্বিগুণের বেশি বেড়ে প্রায় ৯৪৫ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাবে, যার প্রধান চালিকাশক্তি এআই। ফলে বিদ্যুৎ, পানি, গ্যাস, পুঁজি ও জমি নিয়েও প্রতিযোগিতা তীব্র হবে। জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশের জন্য এটি দূরের বিষয় নয়।

বাংলাদেশের করণীয় প্রথম কাজ হলো, কম্পিউটিং সক্ষমতায় প্রবেশাধিকারকে শুধু তথ্যপ্রযুক্তি বিভাগের কারিগরি বিষয় না ভেবে পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখা। শুল্কমুক্ত বাজার বা শ্রম অভিবাসনের মতো এ প্রশ্ন আলোচনার টেবিলে জোরালোভাবে তুলতে হবে। দ্বিতীয়ত, একই অবস্থানে থাকা উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে জোট বাঁধতে হবে। এলডিসি জোট, ওআইসি ও জলবায়ু সম্মেলনে দর-কষাকষির অভিজ্ঞতা এখানে বড় পুঁজি।

তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জরুরি কাজ হলো নিজেদের ডেটার মূল্য বোঝা। ১৭ কোটির বেশি মানুষের ভাষা, স্বাস্থ্য রেকর্ড, আর্থিক লেনদেন ও চলাচলের তথ্য এ যুগের মূল্যবান জাতীয় সম্পদ। ‘জাতীয় এআই নীতিমালা ২০২৬-৩০’-এর খসড়া ও ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর গুরুত্ব এখানেই। কোন শর্তে এসব তথ্য দেশের বাইরে যাবে, তা এখনই ঠিক করতে হবে। নইলে আমাদের ডেটা বিনামূল্যে বিদেশে যাবে, আর তা দিয়ে তৈরি সেবা আমাদেরই কিনতে হবে চড়া দামে। এআই ক্ষমতার পুরোনো রাজনীতি শেষ করছে না, বরং ক্ষমতার মাপকাঠি নতুন করে ঠিক করছে। আগামী দুই দশকে এগিয়ে থাকবে সেই দেশগুলো, যারা এআই নিয়ে বাগাড়ম্বর না করে প্রবেশাধিকারের শর্ত নিয়ে কঠিন দর-কষাকষি করতে পারবে। বাংলাদেশের সামনে তাই প্রশ্নটা হলো, যে টেবিলে এআইয়ের শর্ত লেখা হচ্ছে, সেখানে কি আমরা থাকব, নাকি সব চূড়ান্ত হওয়ার পর পত্রিকার পাতায় পড়ে জানব? মো. ওবায়দুল্লাহ: পিএইচডি গবেষক, আন্তর্জাতিক সম্পর্ক, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র