ঈদুল আজহার আর মাত্র ৫ দিন বাকি। এরই মধ্যে ঈদ করতে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে শহরের মানুষ। আমাদের দুই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শেকড়ের টানে শহর ছেড়ে লাখ লাখ মানুষের গ্রামে ফেরার অভিযাত্রা নাগরিক জীবনের অভিজ্ঞতার অন্যতম অনুসঙ্গ। ঈদের ছুটিতে একসঙ্গে লাখ লাখ মানুষের ঘরে ফেরার চাপ সামগ্রিকভাবে সড়ক, নৌ ও রেলপথ বিভাগকে সামলাতে হয়। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা সরকারের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথের গণপরিবহনে মানুষের ভোগান্তি, বিড়ম্বনা ও নিরাপত্তাহীনতা সরকারের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। পতিত আওয়ামী লীগ সরকার ১৬ বছরে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে লক্ষ কোটি টাকা ব্যয় করেও পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনভোগান্তি লাঘবে তেমন কোনো অগ্রগতি দৃশ্যমান করতে পারেনি। এ থেকে বোঝা যায়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়ন করলেই গণপরিবহনে বিশৃঙ্খলা ও জনভোগান্তি দূর করা যায় না। এর জন্য প্রয়োজন হয় আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার সাথে সাথে সামগ্রিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন, আইনগত সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারকে একমাসের মধ্যে ঈদুল ফিতরের ঈদযাত্রা নির্বিঘ্ন করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তবে সেটি খুব সুখকর অভিজ্ঞতা ছিল না। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়, পথে পথে যাত্রীদের বিড়ম্বনা এবং যাওয়া-আসার পথে অস্বাভাবিক হারে দুর্ঘটনায় শত শত মানুষ হতাহতের শিকার হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির এক বিবৃতি থেকে জানা যায়, ঈদুল ফিতরের সময় ৩১৫টি বড় দুর্ঘটনায় ৩২২ জন যাত্রী নিহত এবং ৮২৬ জন যাত্রী আহত হয়েছে। সড়কপথে দুর্ঘটনার হার অনেক বেশি হলেও নৌ ও রেলপথেও কয়েকটি দুর্ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এক ঈদ যাত্রায় শত শত মানুষের মৃত্যু ও আহত হওয়ার বাস্তবতা মেনে নেয়া যায় না। এর নেপথ্য কারণসমূহ চিহ্নিত করে উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। শুধু ঈদযাত্রাকে সামনে রেখে তড়িঘড়ি যেনতেন প্রকারে রাস্তা মেরামত ও ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় মার্কা গাড়িগুলোকে মেরামত ও রং লাগিয়ে রাস্তায় নামিয়ে গণপরিবহণের সমস্যা দূর করা সম্ভব নয়। এর জন্য সরকারকে দৃঢ় নীতিগত অবস্থান এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। সড়ক পরিবহনে শৃঙ্খলা, নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে এ খাতের বিনিয়োগ, জনশক্তিসহ সামগ্রিক বিষয়গুলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। খানাখন্দে ভরা রাস্তা, অপরিকল্পিত বাঁক, রাস্তার উপর বেআইনী বাসস্ট্যান্ড, হাটবাজার এবং ফিটনেসবিহীন গাড়ির অদক্ষ চালকদের দিয়ে গণপরিবহনে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা অসম্ভব।

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার উন্নয়ন যেমন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। একইভাবে ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করার মধ্য দিয়ে সরকার তার সদিচ্ছা ও সক্ষমতার প্রতিফলন ঘটাতে পারে। ঈদুল ফিতরে শত শত দুর্ঘটনা, তিনশতাধিক মানুষের মৃত্যু ও আটশতাধিক মানুষ আহত হওয়ার মতো উদ্বেগজনক ঘটনার অভিজ্ঞতার আলোকে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বিড়ম্বনা ও দুর্ঘটনা কতটা কমিয়ে আনা সম্ভব তা এখন দেখার বিষয়। এটি হতে পারে সরকারের সক্ষমতা ও ইমেজ প্রতিষ্ঠার জন্য একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বিগত অন্তর্বর্তী সরকারের সময় ঈদযাত্রায় কিছুটা স্বস্তি এবং নিরাপত্তার চিত্র দেখা গেলেও নতুন সরকারের আমলে বিড়ম্বনা, বাড়তি ভাড়া, চাঁদাবাজি ও দুর্ঘনায় হতাহতের মাত্রা মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিতে পারে।

স্বাভাবিকভাবেই সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সমর্থক এবং বিরোধীদলের নেতাকর্মীরা সরকারবিরোধী প্রচারণা ও জনমত গঠনে সুযোগ নিতে চাইবে। বছরের শেষ দিকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলার অবনতি, নারী ও শিশুদের উপর পৈশাচিক ঘটনাবলী স্থানীয় নির্বাচনে সরকারি দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা অস্বীকার করার উপায় নেই যে, দেশে রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে সরকারকে সময় দেয়া প্রয়োজন। তবে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঈদযাত্রায় জনদুর্ভোগ লাঘবের জনপ্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে যে ক্ষোভ ও জনরোষের সৃষ্টি হবে তাতে স্থানীয় নির্বাচনে সরকারি দলের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। বিএনপির নির্বাচনী ইশতেহারে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বাসরুট রেশনালাইজেশন, নতুন সড়ক আইন, সড়ক-মহাসড়কে বিভিন্ন ধরনের পরিবহনের জন্য পৃথক লেন এবং জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। নির্বাচনী ইশতেহারের এসব প্রতিশ্রুতি ও সরকারের পরিকল্পনা যেন শুধু কাগুজে প্রতিশ্রুতি হয়ে না থাকে, সেদিকে লক্ষ রেখে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তার আগে গণপরিবহনে চাঁদাবাজি, অনলাইনে টিকিট কারসাজি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো বিড়ম্বনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল কোর্টের বাড়তি নজরদারি নিশ্চিত করতে হবে। ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও শুভ হোক এই প্রত্যাশা আমাদের।