মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্বের সব আঞ্চলিক-আন্তর্জাতিক অর্থনীতিতে। জ্বালানি নিরাপত্তা ব্যহত হওয়ায় এবং মূল্য বেড়ে যাওয়ায় শিল্পোৎপাদনে ও মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব পড়ছে। দরিদ্র মানুষের জীবনযাত্রা আরো কঠিন ও দুর্বহ হয়ে উঠছে, সেই সাথে জ্বালানি ও গ্যাস-বিদ্যুতের সংকট থেকে কেউই মুক্ত নয়। তবে দেশের প্রধানতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত কৃষির উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানার উৎপাদন ব্যহত হওয়ায় বিদেশ থেকে দ্বিগুণ দামে সার আমদানির উদ্যোগ নিতে হচ্ছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে গ্যাস, সারসহ পেট্টোক্যামিকেল পণ্য সরবরাহে অনিশ্চয়তার কারণে চলতি মওসুমে কৃষকের হাতে ন্যায্য দামে সার পৌছে দেয়া অসম্ভব হতে পারে। বিশেষত হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা এ আশঙ্কা বাড়িয়ে তুলেছে। গ্যাস-বিদ্যুতের চলমান সংকট জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। আশার কথা হচ্ছে, জ্বালানি সংকট অতিক্রম করে আমাদের কৃষকরা কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম হলেও সার সংকট আরো বেড়ে গেলে এর বিরূপ প্রভাবে খাদ্য উৎপাদন কমে গেলে খাদ্য ঘাটতির যোগান ও মূল্যস্ফীতির প্রভাব সামলানো সরকারের জন্য অনেক কঠিন হয়ে উঠতে পারে। যুদ্ধের কারণে জ্বালানি সংকটে শিল্পোৎপাদন ও রফতানি বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা যদি কৃষি উৎপাদনে সমানভাবে পড়তো তা আমাদের জন্য অনেক বড় সামাজিক-অর্থনৈতিক সংকট, বিশৃঙ্খলা ও খাদ্যাভাবের কারণ হয়ে উঠতো।

আমাদের কৃষকরা সব ধরণের রাজনৈতিক ও প্রাকৃতিক চ্য্যালেঞ্জ মোকাবেলা করে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পুরণ করতে সক্ষম হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তায় স্বনির্ভরতা আমাদের জন্য অনেক বড় অর্জন। এমনিতেই কৃষিজমি হ্রাস ও জলবায়ু পরিবর্তনজণিত বিরুপ প্রভাবে কৃষিখাতের উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এসব কারণে সারাবিশ্বেই কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। বিশ্বের সব অঞ্চলেই খাদ্য মূল্যসহ সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ছে। সীমিত কৃষি জমির উপর নির্ভরশীল আমাদের মতো ঘনবসতিপূর্ণ রাষ্ট্রের জন্য এসব বাস্তবতা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আর আমাদের দেশে খাদ্যমূল্য, গ্যাস, বিদ্যুত ও পানির মত জরুরি সেবা খাতের বিষয়গুলো সামাজিক-রাজনৈতিক বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি কুশীলবরা সদা সক্রিয় রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তোলার রাজনৈতিক কারসাজি কোনো নতুন বিষয় নয়। ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে মার্চমাসে একই দিনে দেশের বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে সারের দাবিতে কৃষকদের আন্দোলনের উপর পুলিশের গুলিবর্ষণে বেশ কিছু মানুষ হতাহত হওয়ার ঘটনা পরবর্তী সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচনে বিরূপ প্রভাব ফেলেছিল। একইভাবে ২০০৬ সালে চাপাই নবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে কয়েকজন কৃষক ও সাধারণ মানুষ হতাহত হয়েছিল। বিশেষত আওয়ামী লীগের পরিকল্পিত ইন্ধনে ও প্রাচারণায় এসব ঘটনা পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছিল। তারেক রহমান সরকারের প্রতি জনগণকে বিক্ষুব্ধ করে তুলতে গ্যাস-বিদ্যু ও সারের সংকট ঘণীভুত করে তোলার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে তীক্ষè নজর রাখতে হবে।

সরকার জ্বালানি সংকটকে বিশেষ গুরত্বের সাথে বিবেচনা করছে। ইতিমধ্যে জাপানসহ বিভিন্ন দেশের জ্বালানি সহযোগিতা নিয়ে কথাবার্তা চলছে। তবে তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের যে কোনো নিরাপত্তার প্রশ্নে শি জিন পিংয়ের সর্বাত্মক সহায়তার বার্তা তারেক রহমানের সরকারের অনেক বড় অর্জন। এ সুযোগ কাজে লাগাতে সময় ক্ষেপণ না করে বাস্তব সম্মত উদ্যোগ নিতে হবে। ভারত নির্ভরতা ও পশ্চিমা প্রতিবন্ধকতাকে অজুহাত দেখিয়ে কেউ যেন সুৃযোগ হাতছাড়া করার ফাদে ফেলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। খাদ্যমূল্যসহ দেশের সামগ্রিক মূল্যস্ফীতি সাধারণ মানুষের আয়ের সাথে সঙ্গতিহীন হয়ে পড়েছে। সেই সাথে গ্যাস-বিদ্যুতের সংকট জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করেছে। পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বিক্ষুদ্ধ করে রাস্তায় নামানো খুব সহজ।

দেশের গ্রামাঞ্চলে লোডশেডিং ও বিদ্যুত বিভ্রাট অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিচ্ছে। স্থানীয় জনসাধারণের রোষানল থেকে বাঁচতে দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সরকারের কাছে নিরাপত্তা দাবি করছেন। অন্যদিকে বিদ্যমান সার সংকটকে কাজে লাগাতে অসাধু সিন্ডিকেট কৃত্রিমভাবে সংকট বাড়িয়ে সারের দাম বাড়িয়ে দিচ্ছে। গতকাল ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের মূল্য সরকার নির্ধারিত মূল্য থেকে বস্তা প্রতি ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। সার, বীজ ও কীটনাশকের বাড়তি মূল্য কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সামনের দিনগুলোতে খাদ্য পণ্যের মূল্য বেড়ে খাদ্য নিরাপত্তায় সংকট সৃষ্টি করতে পারে। গ্যাস, বিদ্যুত, জ্বালানি ও কৃষি উৎপাদনের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যে কোনো আশঙ্কার বিরুদ্ধে অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা আমলা ও স্বৈরাচারের দালালদের ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পূর্ণ সতর্ক থাকতে হবে। গ্যাস, বিদ্যুত ও সারের সংকটকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় জরুরি উদ্যোগ নিতে হবে।