যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং দুই দেশের চলমান বাণিজ্যযুদ্ধ প্রশমিত করার বিষয়ে সম্মত হয়েছেন। গত বৃহ¯পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে দুজনের মুখোমুখি বৈঠকে বেশ কিছু বিষয়ে সমাধানে পৌঁছানোর দাবি করেছেন তারা। আলোচনার পর যুক্তরাষ্ট্র চীনা পণ্যে কিছু শুল্ক কমানোর এবং চীন গুরুত্বপূর্ণ বিরল খনিজের সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ছয় বছর পর ট্রা¤েপর সঙ্গে এটিই ছিল সির প্রথম সাক্ষাৎ। এই বৈঠককে ট্রাম্প ‘মহান সাফল্য’ হিসেবে অভিহিত করে বলেছেন, আমার মনে হয়, এটা ছিল এক অসাধারণ বৈঠক। তিনি শি জিন পিংকে অত্যন্ত শক্তিশালী দেশের অসাধারণ নেতা বলে প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আগামী বছরের এপ্রিলে চীন সফর করার কথা জানান।
আলোচনার ফলে চীনের গুরুত্বপূর্ণ বিরল খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তি হয়েছে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ও এক বছরের জন্য কিছু রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিশ্চিত করেছে, যার মধ্যে বিরল খনিজও রয়েছে। অন্যদিকে, শি জিন পিং বলেছেন, একটি ঐকমত্যে পৌঁছানো গেছে এবং তিনি যত দ্রুত সম্ভব পরবর্তী কার্যক্রম শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সব সময় মতের মিল হয় না, তবে তাদের উচিৎ অংশীদার ও বন্ধু হওয়ার জন্য চেষ্টা করা। চীন ও যুক্তরাষ্ট্র বৃহৎ দেশ হিসেবে যৌথ দায়িত্ব পালন করতে পারে। দুই দেশ ও সমগ্র বিশ্বের কল্যাণে আরও বড় এবং বাস্তব সাফল্য অর্জনে একসঙ্গে কাজ করতে পারে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এ বছরের শুরুর দিকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে বর্ধিত হারে শুল্ক নীতি ঘোষণা করেন। এতে সবচেয়ে বেশি শুল্কারোপ করা হয় চীনের পণ্যের ওপর। এ নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি শুল্কারোপ যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর ৫৭ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করে। পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে অধিক হারে শুল্কারোপ করে। গত বৃহস্পতিবার ট্রাম্প ও শি জিন পিংয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪৭ শতাংশ করেছে। এছাড়া ফেন্টালিন সম্পর্কিত শুল্ক ২০ শতাংশের জায়গায় ১০ শতাংশ করেছে।
বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্য এবং নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। দুই দেশের মধ্যে বহু আগে থেকেই এ নিয়ে প্রতিযোগিতা চলছে। কে কার চেয়ে এগিয়ে যাবে, এ নিয়ে এক ধরনের লড়াই চলছে। তাদের মধ্যকার যেকোনো ধরনের টানাপোড়েন শুরু হলে এর নেতিবাচক প্রতিক্রিয়া সারাবিশ্বে পড়ে। প্রায় সব দেশ এতে আক্রান্ত হয়। ফলে বিশ্ববাণিজ্য স্থিতিশীল রাখতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মধ্যে ভারসাম্যমূলক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ব্যত্যয় ঘটলে বিশ্ববাণিজ্য টালমাটাল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র যখন তার প্রধান অর্থনৈতিক প্রতিপক্ষ চীনকে শায়েস্তা করার জন্য চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্কারোপ করে, তখন তা বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
কারণ, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে সারাবিশ্বের অর্থনীতি কম-বেশি যুক্ত। এই দুই দেশকে বিশ্ব অর্থনীতির অন্যতম পাইপ লাইনও বলা হয়। এদের কোনোটির মধ্যে অর্থনীতির স্বাভাবিক সম্পর্কে বিঘœ ঘটলে তার নেতিবাচক প্রতিক্রিয়া ব্যাপক আকার ধারণ করে। তবে চীনের পণ্যের ওপর ট্রাম্পের আগ্রাসী শুল্কারোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। কারণ, তারা চীনের পণ্যের ওপর বেশি নির্ভরশীল। এতে পণ্যের অতিরিক্ত দাম যেমন তাদের ওপর পড়ে, তেমনি তাদের সংক্ষুব্ধ করে তোলে। এ নিয়ে দেশটির জনগণ ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ক্ষেত্রে চীন অত্যন্ত ধৈর্য্যরে পরিচয় দেয়। সে ‘ধীরে চলো নীতি’ নিয়ে এগিয়ে যায়। এতে সুফলও মিলেছে। ট্রাম্প তার সিদ্ধান্তের ক্ষেত্রে নমনীয় হতে বাধ্য হয়েছে। চীন মনে করে, বিশ্বব্যাপী পণ্যের আমদানি-রফতানি সহজীকরণ ও পারস্পরিক সহযোগিতায় প্রত্যেক দেশের জনগণ উপকৃত হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের জীবনকে সহজ ও স্বস্তিদায়ক করার ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির বিকল্প নেই। ট্রাম্পের শুল্কারোপ নীতির কারণে যুক্তরাষ্ট্রের জনগণের জীবনযাপনে যে নেতিবাচক প্রতিক্রিয়া ও ক্ষুব্ধতা সৃষ্টি করে, তা ছিল নজিরবিহীন। এতে ট্রাম্প আত্মপোলব্ধির মাধ্যমে বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত প্রধান প্রতিপক্ষ চীনের সাথে তাকে আপসরফায় যেতে হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিংয়ের বাণিজ্য সংক্রান্ত যে বৈঠক হয়েছে, তা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতি গতিশীল হবে এবং সব দেশ উপকৃত হবে। ট্রাম্প নিজেও বুঝতে পেরেছেন, অর্থনীতিতে গোয়ার্তুমি চলে না। বুঝতে পেরেই শি জিন পিংয়ের সাথে তার বৈঠককে ‘অসাধারণ সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন এবং এ আলোচনাকে ১০ নম্বরের মধ্যে ১২ বলে অভিহিত করেছেন। এটা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য তো বটেই বিশ্বের জনগণের জন্যও স্বস্তিদায়ক। বলা বাহুল্য, অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া কোনো জাতিই এগুতে পারে না। জীবনযাপনেও সুখ নিশ্চিত হয় না। এজন্য পরাশক্তিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমঝোতা ও ভরসাম্যমূলক সম্পর্ক জরুরি। মানুষের সুখ নির্ভর করে সমৃদ্ধির ওপর। এই সমৃদ্ধি আসে অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে। বিভিন্ন রাষ্ট্রেরর পারস্পরিক ও আন্তরিক সহযোগিতা বিশ্ব্যব্যাপী অর্থনৈতিক বিকাশ তরান্বিত করে। আমরা আশা করব, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সমঝোতা বিশ্বকে উপকৃত করবে এবং এ প্রয়াস চলমান থাকবে।
