মাসিক লক্ষ টাকা বেতনের চাকুরির আশ্বাস দিয়া কম্বোডিয়ায় লইয়া গিয়া বাংলাদেশি তরুণদের দুঃসহ জীবনযাপনে বাধ্য করা হয় বলিয়া দীর্ঘদিন ধরিয়া অভিযোগ শোনা যাইতেছিল। মঙ্গলবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে উহারই স্পষ্ট কিন্তু ভয়ংকর চিত্র উঠিয়া আসিয়াছে। ভুক্তভোগীর বরাতে সেখানে বলা হইয়াছে, কম্বোডিয়া যাওয়ার পর তাহাদের অন্য দালালের নিকট বিক্রয় করিয়া দেওয়া হয়। এইভাবে চার-পাঁচ দফা বিক্রয়ের পরও চাকুরি দূরস্থান; আটক রাখিয়া প্রহার করিয়া দেশে অবস্থানরত পরিবারের নিকট হইতে মুক্তিপণ না আনিলে ভুক্তভোগীর মুক্তি মিলে না। অন্যদিকে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়িতে ধার-কর্জ করিয়া সংগৃহীত ৯ হইতে ১৪ লক্ষ টাকা দালালের হস্তে তুলিয়া দিয়া সংশ্লিষ্ট পিতা-মাতা পড়িতেছেন বিপাকে। সমকালের প্রতিবেদনে শুধু মুন্সীগঞ্জের বহু ভুক্তভোগী তরুণের কথা বলা হইলেও ডেইলি স্টার বাংলার গত ২০২৩ সালের জানুয়ারি মাসের অপর প্রতিবেদনে বলা হইয়াছিল, কয়েক সহস্র বাংলাদেশি তরুণ কম্বোডিয়ায় ‘দাসত্বের’ জীবন অতিবাহিত করিতেছিল।
কম্বোডিয়ার এই চিত্র বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশী তরুণদের জন্য ভয়ংকর বার্তা বলিয়া আমরা মনে করি। ইউরোপে উচ্চ বেতনের চাকুরির প্রলোভন দেখাইয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের তরুণদের যুদ্ধক্লিষ্ট লিবিয়ায় লইয়া গিয়া সীমাহীন নিপীড়ন-নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের ঘটনা এখন কাহারও অজানা নহে। তরুণদের বলা হয়, লিবিয়া হইতে রাবারের নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়া ইতালিতে পৌঁছাইতে পারিলেই তাহাদের সচ্ছল জীবনযাপনের স্বপ্ন ধরা দিবে। বাস্তবে যতজন এই অবৈধ ও বিপজ্জনক পথ দিয়া ইতালিতে পৌঁছাইতে পারে, তাহার কয়েক গুণ মানুষের স্বপ্নের মৃত্যু হয় লিবিয়ার বন্দিশিবিরে নির্যাতন ও অনাহারে মৃত্যুবরণ করিয়া। উহাদের মধ্যে যাহারা ভূমধ্যসাগরে ডুবিয়া মরে, তাহারা সংবাদমাধ্যমের পাদপ্রদীপে স্থান পাইলেও আরও কতজন যে অন্তরালেই থাকিয়া যায়, কে জানিবে! আলোচ্য প্রতিবেদন আরও হতাশাজনক এই কারণে, উন্নত ইউরোপ নহে; কম্বোডিয়ার ন্যায় উন্নয়নশীল দেশে প্রেরণের নামেও বাংলাদেশি তরুণদের প্রতারণার ফাঁদে ফেলা সম্ভব হইতেছে!
স্বীকার্য, বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত, বিশেষত মানসম্মত মজুরিভিত্তিক কর্মসংস্থানের। তাই বলিয়া বাংলাদেশ ত্যাগ করিয়া কম্বোডিয়া যাইবার যুক্তি কী? স্পষ্টতই এই ক্ষেত্রে দালাল চক্র সরলচিত্ত অভিবাসপ্রত্যাশীদের ‘স্বপ্ন’ দেখাইয়া থাকে। এইখানেই রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখিতে হইবে। কারণ রাষ্ট্র একদিকে পল্লি অঞ্চল, বিশেষত দরিদ্র পরিবারভুক্ত তরুণদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করিতে ব্যর্থ হইতেছে, অন্যদিকে তাহাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানও করিতে পারিতেছে না। উপরন্তু আন্তর্জাতিক এই মানব পাচারচক্রের দেশীয় দালালেরা প্রকাশ্যে বিচরণ করিলেও উহাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নামমাত্র। এমনকি এই বিষয়ে যথেষ্ট জনসচেতনতা গড়িয়া তোলা হইতেছে না। সাধারণত ইউরোপে যাইবার পথে বাংলাদেশিদের প্রাণহানি বা আটকের ন্যায় বৃহৎ ঘটনা ঘটিলেই সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। রাষ্ট্রও নড়িয়াচড়িয়া বসে। কিন্তু আলোচনা থিতাইয়া গেলেই সকল কিছু তথৈবচ।
স্মরণ করা যাইতে পারে, ২০১৫ সালের মে মাসে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি গভীর জঙ্গলে অভিবাসনপ্রত্যাশীদের গণকবরে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের কঙ্কাল উদ্ধার হইয়াছিল। তৎপূর্বে থাইল্যান্ডের বিভিন্ন উপকূলীয় চিংড়ি খামারে বাংলাদেশিদের শ্রমদাসরূপে নিযুক্তির তথ্যও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হইয়াছিল। কিছুদিন এই সকল বিষয়ে ব্যাপক আলোচনা চলিলেও উহা বন্ধের কোনো কার্যকর তৎপরতা দেখা যায় নাই। উপরন্তু বাংলাদেশি অভিবাসীদের ভোগান্তির মানচিত্র থাইল্যান্ড অতিক্রম করিয়া কম্বোডিয়াতেও বিস্তৃত হইয়াছে। আমরা মনে করি, অভিবাসনের নামে তরুণদের প্রতারিত করার দেশি-বিদেশি ফাঁদ যেই কোনো উপায়ে অনতিবিলম্বে বন্ধ করিতে হইবে। সাধারণ মানুষ ও বিদেশগামীদের এই সকল প্রতারণা-সংক্রান্ত তথ্য জানাইতে হইবে। অন্যথায় ক্রমবর্ধমান হারে দরিদ্র পরিবারগুলি একদিকে প্রতারণা, অন্যদিকে ঋণের জালে জড়াইবার কারণে বহুবিধ সামাজিক সংকট সৃষ্টি হইতে পারে।
