গত ২২ জানুয়ারি রাজনৈতিকদলগুলো আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার কাজ শুরু করেছে। ভোটারদের মন জয় করার জন্য রাজনৈতিক দলগুলো লাগাতার সভা-সমাবেশ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। যেদিন প্রচার-প্রচারণা শুরু হয়, সেদিনই দেশের বিভিন্ন পত্রপত্রিকায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয় যে, যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে ‘বন্ধু’ হিসেবে পেতে আগ্রহী।

ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ঢাকার একজন মার্কিন কূটনীতিক মন্তব্য করেছেন যে, বাংলাদেশ বর্তমানে অনেকটা ইসলামপন্থী ধারায় মোড় নিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো ফলাফল করবে। পাশাপাশি এ কথাও বলা হয়েছে, জামায়াত যদি ক্ষমতায় এসে শরিয়াহ আইন বা এমন কোনো বিতর্কিত নীতি চাপিয়ে দেয়, যা ওয়াশিংটনের স্বার্থবিরোধী, তবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর ট্রাম্প প্রশাসন ১০০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপের মতো কঠোর পদক্ষেপ নিতে পারে। এই প্রতিবেদন প্রকাশের পর জামায়াতের নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাক্টিভিস্টরা উল্লসিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র তাদের স্বীকৃতি দিয়েছে, বন্ধুত্ব করতে চায় এবং যুক্তরাষ্ট্র জেনে গেছে, জামায়াত ক্ষমতায় আসছেÑএমন মতপ্রকাশ করে তারা বেশ খোশ মেজাজে রয়েছে। অন্যদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাই এক বিবৃতিতে বলেছেন, ডিসেম্বরের ওই আলোচনাটি ছিল, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি রুটিনমাফিক অফ দ্য রেকর্ড বৈঠক। সেখানে অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেয় না। জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গেই তারা কাজ করবে।

অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বেশ গুরুত্ব দিয়ে এই প্রতিবেদন এমন সময়ে (প্রথম দিন) প্রকাশ করেছে, যখন রাজনৈতিক দলগুলো উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণায় নেমেছে। এ ধরনের প্রতিবেদনে জামায়াতে ইসলামীর উজ্জীবিত হওয়া স্বাভাবিক। এই প্রতিবেদনের মাধ্যমে এ ধারণা হওয়া অস্বাভাবিক নয় যে, যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীর পক্ষে, এমন ন্যারেটিভ তৈরির পদক্ষেপ নিয়েছে। এটাও ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্র তার স্বার্থে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। সে চাচ্ছে, বাংলাদেশে আগামীতে এমন একটি দুর্বল সরকার গঠিত হোক, যাতে তার সুবিধা হয়। কারণ, দেখা গেছে, যেসব দেশে দুর্বল ও অস্থিতিশীল সরকার থাকে, সেসব দেশে যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল কিংবা লুটপাট করার পথ খুঁজে।

আমরা দেখেছি, ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র কীভাবে হামলা চালিয়ে দেশগুলো ধ্বংস ও লুটপাট করেছে। সর্বশেষ, ঘোষণা দিয়ে সে ভেনেজুয়েলার নির্বাচিত সরকারকে উৎখাত করে বিশাল তেল ও খনিজ সম্পদ দখল করে দেশটিকে অস্থিতিশীল ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ কথা বিশ্বব্যাপী প্রচলিত, ‘যুক্তরাষ্ট্র যার বন্ধু হয়, তার শত্রুর প্রয়োজন নেই’। তার দৃষ্টি যে দেশের প্রতি পড়েছে, তার ক্ষতি ছাড়া কিছু হয়নি। স্বার্থের জন্য বন্ধুবেশে সে হাজির হয়, স্বার্থ উদ্ধার হয়ে গেলে ধ্বংস করে সটকে পড়ে। বাংলাদেশে ওয়ান-ইলেভেন সরকারের সময় যে নির্বাচন হয়েছিল এবং তার মাধ্যমে যে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, তা ছিল এই যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ প্রযোজিত।

বলা হয়ে থাকে, ওই সরকার গঠনের পেছনে মূল ভূমিকায় ছিলেন ঢাকাস্থ তৎকালীণ মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস। তার ষড়যন্ত্রে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। সেই একই আভাস এখন পাওয়া যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। তাদের যুক্তি হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এবং দিচ্ছে। অন্তর্বর্তী সরকারও জামায়াত-এনসিপিকে তার কর্মকা-ের মধ্য দিয়ে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখেছেন। ফলে যুক্তরাষ্ট্র কি চাচ্ছে, তা বোধকরি ব্যাখ্যা করে বলার কিছু নেই।

অন্যদিকে, বাংলাদেশের সাথে চীনের সুদৃঢ় সম্পর্ক নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যে মন্তব্য করেছেন, চীনা দূতাবাস এর তীব্র নিন্দা জানিয়েছে। গত বৃহস্পতিবার দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন এবং গোপন উদ্দেশ্যপ্রণোদিত। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন একাই বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। এখানে অন্য কারো সাথে বিশেষ করে তার প্রবল প্রতিপক্ষ চীনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক সে বরদাস্ত করতে পারছে না। অথচ চীন কখনো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেনা। সে বাংলাদেশের অন্যতম উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগী। এক দেশের সাথে আরেক দেশের এ ধরনের সম্পর্ক থাকাই স্বাভাবিক। এতে অন্যকোনো দেশের উদ্বেগ প্রকাশের কিছু নেই।

দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশ ও চীনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে যুক্তরাষ্ট্র বাগড়া দিচ্ছে। তার এই বাগড়া দেয়া এবং আক্রমণাত্বক বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, সে বাংলাদেশকে নিজের করায়ত্বে নিতে চায়। এজন্য আসন্ন নির্বাচনে সে এমন এক সরকার বিশেষ করে দুর্বল সরকার চায়, যে তার কথার বাইরে যাবে না। তার নিয়ন্ত্রণে থাকবে এবং তার কথামতো চলবে। এজন্য হয়ত সে জামায়াতে ইসলামীর পক্ষ হয়ে সাফাই গাওয়া শুরু করেছে। নির্বাচনের আগে এমন ন্যারেটিভের তৈরি করতে চেষ্টা করছে যে, জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। বলা বাহুল্য, এই ন্যারেটিভ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে। ওয়ান-ইলেভেনের সরকারের সময়ের নির্বাচনের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইতোমধ্যে বিএনপির তরফ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে। যদি এ ধরনের কিছু হয়, তাহলে এ অনুমান অমূলক হবে না যে, ওয়ান-ইলেভেনের মতোই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র পর্দার অন্তরালে হস্তক্ষেপ করেছে।

গত বৃহ¯পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার বাসভবন যমুনায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাকে বলেছেন, এবারের নির্বাচন উৎসবমুখর হবে। এটি ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য একটি মানদ- তৈরি করবে। প্রধান উপদেষ্টা আগেও এ নির্বাচন ঐতিহাসিক ও বিশ্বের সেরা উদাহরণ হয়ে থাকবে বলে বলেছেন। দেশের মানুষও তাই চায়। তবে ইতোমধ্যে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে আগেভাগে বিভিন্ন মন্তব্য ও আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করছে, তাতে নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যখন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কূটনীতিকরা বলেন, ‘আমরা তাদের (জামায়াতে ইসলামী) বন্ধু হিসেবে পেতে চাই’, তখন এ শঙ্কা জাগা স্বাভাবিক।

অন্যদিকে, দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এসব ব্যাপারে খুব একটা সচেতন রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে না। পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা প্রশ্নাতীত এবং নিরঙ্কুশ বিজয় লাভ করবে। তবে পর্দার অন্তরালে বা কূটনৈতিক মহলের গতিবিধি কোনদিকে, সে ব্যাপারে দলটি উদাসীন। দলটি জেনেও না জানার ভান করে রয়েছে। কোনো উদ্যোগী হচ্ছে না। শুধু মাঠের বড় বড় জনসভা ও জনপ্রিয়তায় যে কাক্সিক্ষত ফলাফল আসবে না, তার আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। কূটনৈতিক মহল ও বিশ্ব গণমাধ্যমের গতিবিধি কি, তা দলটি উপেক্ষা করে যাচ্ছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিশ্বের যেসব বিখ্যাত গণমাধ্যম তারেক রহমানকে ‘বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই গণমাধ্যমই এখন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করছে। এক মাসের মাথায় কী এমন হলে যে, বিশ্বগণমাধ্যম এখন উল্টো কথা বলা শুরু করেছে? দুঃখজনক বিষয় হচ্ছে, বিএনপি এই পরিবর্তনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা উপলব্ধি করতে পারছে বলে মনে হচ্ছে না। দলটিকে কেবল বিদেশি কূটনীতিকদের সাথে ফটোসেশন করতে দেখা যায়। এতেই যেন সে সন্তুষ্ট। বিশ্বরাজনীতি কীভাবে পরিবর্তিত হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের ধরন কি এবং এর সাথে খাপ খাইয়ে কীভাবে পলিসি নির্ধারণ করতে হবে, দলটির কর্মকা-ে তার স্পষ্ট কোনো আলামত প্রতিফলিত হচ্ছে না। ফলে দলটির নীতিনির্ধারক ও ডিপ্লোম্যাটিক উইং কি করছে, তা নিয়ে পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠেছে। অথচ দেশের স্বার্থে বিএনপির এখনই সচেতন হওয়া জরুরি। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি যে অবিরত ষড়যন্ত্র চলছে, তা তাকে উপলব্ধি করে দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষকেও ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ও সতর্ক থাকতে হবে।