আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের সূত্রপাত। সাড়ে চার দশক ধরে ধারাবাহিকভাবে এই দ্বন্দ্ব ও বৈরিতা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইউনিপোলার বিশ্বব্যবস্থায় ইরানের বিরুদ্ধে ধারাবাহিক ও অব্যাহতভাবে আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চরমভাবে কোনঠাসা হলেও সামরিক প্রযুক্তিগত ও রাজনৈতিকভাবে ইরানকে পশ্চিমারা দাবিয়ে রাখতে পারেনি। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি ইসরাাইলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি, উস্কানি, টার্গেট কিলিং ও আগ্রাসন অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা চলাকালে গত বছর জুন মাসে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালালে বেশকিছু মানুষ হতাহত হয়। ইরানের পাল্টা হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কাতারে মার্কিন ঘাঁটি আক্রান্ত হওয়ার পর উভয়পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি হয়। ইসরাইল-মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য অর্জিত হয়নি। তবে ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে সেখানকার জনজীবনে নাভিশ্বাস অবস্থা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ ও অসন্তোষকে পুঁজি করে ইরানে গণবিক্ষোভ ও রিজিম পরিবর্তনের আন্দোলন উস্কে দেয়ার পাশাপাশি ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানে সরাসরি সামরিক হামলার হুমকি অব্যাহত রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অত্যন্ত সফলতার সাথে মার্কিন-ইসরাইলী প্ররোচনায় সৃষ্ট গণআন্দোলন দমন করতে সক্ষম হয় এবং দেশের জনগণ সরকারের পক্ষে রাজপথে নেমে আসার মধ্য দিয়ে ইরানে মার্কিনী ও ইসরাইলী ফল্স ফ্ল্যাগ অপারেশন ব্যর্থ হওয়ার পর এখন সরাসরি বিমান হামলা তথা সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পশ্চিমা বিশ্বের সাথে মধ্যপ্রাচ্যসহ সাবেক ঔপনিবেশিক দেশগুলোর বহুমুখী স্বার্থদ্বন্দ্ব রয়েছে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বশংবদ হয়ে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থরক্ষার চেষ্টা করে আসলেও নিজেদের স্বার্থরক্ষা করে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে সম্পর্ক বজায় রাখা প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে ইরান একমাত্র ব্যতিক্রম। তারা ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, হুমকি ও বৈরিতা মোকাবেলা করেই নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ অক্ষুণœ রাখতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে স্বাধীন-সার্বভৌম আঞ্চলিক শক্তি হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিতে অনুঘটকের ভূমিকা পালন করেছে।

পরিবর্তিত বিশ্ববাস্তবতায় চীনের মধ্যস্থতায় তুরস্ক, সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন নিরাপত্তা সমীকরণ গড়ে উঠেছে। ইরানে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক হামলায় সউদি আরব তার মাটি ও আকাশ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানিয়ে ইরানকে বার্তা দিয়েছে। সম্ভবত অন্যান্য আরব দেশও সউদি আরবের পদাঙ্ক অনুসরণ করে ইরানে হামলায় নিজেদের ভূমি ও আকাশপথ ব্যবহার করা থেকে বিরত থাকবে। ইরানের নিজস্ব প্রযুক্তি ও সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরানের ইতিবাচক মনোভাব মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক রাজনৈতিক-অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করেছে। মোসাদের গোয়েন্দা জাল ছিন্ন করে রিজিম চেঞ্জের ষড়যন্ত্র মোকাবেলায় ইরান সরকারের সক্ষমতা মার্কিনীদের জন্য অনেক বড় প্রত্যাঘাত। জুন মাসে ১২ দিনের যুদ্ধে পরাজয়ের গ্লানি এবং গণআন্দোলনকে ব্যর্থ করে দেয়ার প্রত্যাঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেদের মুখ রক্ষায় ইরানের ওপর বড় ধরনের যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে। ইরানে মাকিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন বৃহত্তর ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধ এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।

অব্যাহত পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের জন্য দায়ী। রিজিম পরিবর্তনের অন্য সব চেষ্টার পাশাপাশি অর্থনৈতিক সংকট বাড়িয়ে জনদুর্ভোগ ও অসন্তোষকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলতে মিডিয়া ক্যাম্পেইন চালিয়েছে। সেই সাথে সংক্ষুব্ধ জনতার মধ্যে মোসাদের এজেন্টদের ঢুকিয়ে নাশকতা ও হত্যাকা- ঘটিয়ে আন্দোলনকে ভয়াবহ ধ্বংসাত্মক পর্যায়ে উন্নীত করে খামেনির পতন নিশ্চিত করাই ছিল তাদের টার্গেট। মোসাদের শত শত গোয়েন্দা এজেন্ট আটক, আন্দোলন দমন এবং অপরাধীদের শাস্তির মুখোমুখি করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময়ে ইরানে সামরিক হামলার ঘোষণা দিয়েছেন।

ইতোমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে, ইরানে বর্তমান শাসন ব্যবস্থা বদল করে পশ্চিমারা নিজেদের বশংবদ শাসক বসাতে চায়। সাবেক রাজবংশের যুবরাজ রেজাশাহ বিদেশে বসে সক্রিয় ভূমিকা পালন করছে। তবে গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রিজিম চেঞ্জের পশ্চিমা এজেন্ডা জনগণের অপূরণীয় দুর্ভোগ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন ছাড়া কোথাও সুফল বয়ে আনেনি। এ ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, মিশর ও ইয়েমেনের দৃষ্টান্ত দেয়া যায়। একেকটি রিজিম চেঞ্জের মধ্য দিয়ে দেশগুলোর রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও অখ-তা ভূলুণ্ঠিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী যুদ্ধনীতি ও আগ্রাসন বিশ্বব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। তাদের সামরিক আগ্রাসন অনেকটা ইতিহাসের ‘মাৎস্যন্যায়’ ফিরিয়ে এনেছে। বিশ্বের শান্তি ও নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। যে কোনো বিচারে ইরানে নতুন কোনো সামরিক হামলা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বে এক ভয়াবহ সামরিক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। জনগণই সকল ক্ষমতার উৎস। দেশের শাসনব্যবস্থা কেমন হবে তা দেশের জনগণই ঠিক করবে। বিদেশি হস্তক্ষেপে সরকার বদলের যে কোনো তৎপরতায় জনগণের কোনো কল্যাণ নেই। ইরানের পারমাণবিক প্রকল্প কিংবা সরকার বদলের যে কোনো এজেন্ডা সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে ও বিশ্বে বড় ধরনের সামরিক-অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এ ধরনের কোনো হঠকারি সিদ্ধান্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে। জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়কে আগে থাকতেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।