চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ সময় শিক্ষকদের শ্রেণিকক্ষে থাকার কথা। অথচ, তারা মাঠে আন্দোলন করছেন। এ মুহূর্তে ঢাকায় পাঁচটি শিক্ষক সংগঠন আন্দোলনে আছে। এগুলো হলো, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ ঐক্য পরিষদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে দু’ সপ্তাহের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।
এমপিওভুক্তির দাবিতে ২ নভেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। দেশের প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। দশম গ্রেডে বেতনভাতাসহ তিন দফা দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা এমপিওভুক্তির গেজেট প্রকাশসহ বিভিন্ন দাবিতে প্রায় এক মাস ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন। সংগঠনগুলোর তরফে জানানো হয়েছে, তাদের দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এর অর্থ আরো অনির্দিষ্ট সময় বিদ্যালয় ও মাদরাসাগুলোতে ক্লাস হবে না। যথাসময়ে পরীক্ষা হওয়াও অনিশ্চিত। অভিভাবক মহলে সঙ্গতকারণেই উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, এভাবে শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই অভিমতের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, আমাদের শিক্ষক ও শিক্ষক সংগঠনগুলোর আন্দোলনের দস্তুর এমনই। সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের জন্য শিক্ষর্থীদের ক্ষতি করার ব্যবস্থা অবলম্বন করা হয়, যা অন্যায্য ও অনুচিত। আন্দোলনরত শিক্ষকদের দাবি-দাওয়া ন্যায়সঙ্গত ও যৌক্তিক। কিন্তু এজন্য আন্দোলন করার সময় এটা নয়।
পরীক্ষার আগ দিয়ে আন্দোলনের নামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা মোটেই শিক্ষকসুলভ হতে পারে না। শিক্ষকদের যেসব দাবি-দাওয়া, তা অনেক পুরানো। বিগত স্বৈরাচারের সময়কালে তারা এভাবে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে পারেননি। অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের একটা জোয়ার চলছে। শিক্ষকরাও এই জোয়ারের বাইরে নেই। সরকার সব আন্দোলনকারীদের ব্যাপারেই সহানুভূতিশীল ও নমনীয়। এই সুযোগটি নিচ্ছে পতিত স্বৈরাচার, দেশে অরাজকতা সৃষ্টির জন্য। কোনো কোনো রাজনৈতিক দলের তরফেও আন্দোলনে সমর্থন দেয়া হচ্ছে। দলীয় সংগঠন ও নেতাদের উস্কানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে।
কিছুদিন আগে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে যে আন্দোলন হয়ে গেল, তার পেছনে জামায়াতে ইসলামীর ইন্ধন ও সক্রিয় ভূমিকার কথা কারো অজানা নেই। পতিত আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এখন জামায়াতপন্থী শিক্ষকনেতা হিসাবে পরিচিত দেলাওয়ার হোসেন আজিজী ছিলেন ওই আন্দোলনের নেতা। পরিতাপের বিষয়, তার আন্দোলনকে সরকার তথা শিক্ষা উপদেষ্টা সিআর আবরার প্রশ্রয় দেন। পর্যবেক্ষকদের মতে, শিক্ষকদের চলমান আন্দোলনগুলোর পেছনেও জামায়াতের প্ররোচনা আছে। শিক্ষামন্ত্রণালয়ের সমর্থন আছে। তা না হলে আন্দোলন প্রলম্বিত হয় কী করে? ওয়াকিবহাল মহলের অজানা নেই, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর জামায়াতে ইসলামী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও ক্ষেত্র দখল করার মিশনে নামে।
খুব পরিকল্পিতভাবে দলটি শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব শিক্ষায় জামায়াতীকরণ করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, মাদরাসা শিক্ষা অর্থদফতর, মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে জামায়াতপন্থীদের বসানো হয়েছে। জামায়াতীকরণের কারণে সচিবকে অন্য মন্ত্রণালয়ে বদলী করা হলেও তার বসানো লোকজন স্ব স্ব পদে বহাল আছেন। তাদের দাপটে শিক্ষা উপদেষ্টা ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছেন। প্রধান উপদেষ্টারও এদিক নজর দেয়ার ফুরসত নেই। ফলে আন্দোলনের পর আন্দোলন আসছে।
সরকার কিছুই করছে না। এ মুহূর্তে সরকারের জন্য দুটি পথই খোলাÑ হয় আন্দোলনকারীদের দাবি মেনে নিতে হবে। নাহয় আন্দোলন থামাতে কঠোর হতে হবে। দাবি মেনে নেয়ার মতো অর্থ সরকারের হাতে নেই। এখন সরকার চালানোই দুষ্কর হয়ে উঠেছে। অর্থনীতি এতটাই অবনতিশীল যে, এই সরকারের সময় তার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দাবি-দাওয়া মেনে নেয়ার ঘোষণা দিয়ে যদি সেই ঘোষণার বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে সরকারের আরো আন্দোলনের সম্মুখীন হতে হবে। শক্তিবলে আন্দোলন দমন করতে চাইলে সরকারের সমালোচনার শেষ থাকবে না। সেক্ষেত্রে সরকারের উচিত হবে, আন্দোলনকারীদের সঙ্গে বসা, তাদের সাথে আলাপ-আলোচনা করা। দেশের সংকটময় পরিস্থিতি, সরকারের সামর্থের অভাব, শিক্ষার্থীদের স্বার্থ ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা।
তাদের দাবি-দাওয়ার যৌক্তিকতা স্বীকার করে সরকারকে এটা বলতে হবে, এমুহূর্তে তাদের দাবি-দাওয়া মানা সম্ভব হবে না। তাদের দাবি-দাওয়া আগামী নির্বাচিত সরকারই দেখবে। অর্থ উপদেষ্টা সম্প্রতি বলেছেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার। তার এ কথার জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। সরকারের আর্থিক অবস্থা তার চেয়ে কেউ বেশি জানেন না। শিক্ষকদের পূর্বাপর আন্দোলনসহ শিক্ষার যে সামগ্রিক সংকট, তার জন্য শিক্ষা উপদেষ্টা দায় এড়াতে পারেন না। এটা স্বীকার করতেই হবে, শিক্ষক হিসেবে তিনি যতই কৃতিত্বের পরিচয় দিয়ে থাকুন না কেন, উপদেষ্টা বা মন্ত্রণালয়ের সর্বশীর্ষ ব্যক্তি হিসেবে তার পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। তিনি জামায়াতপন্থী সচিবের হাতে নিজেকে সমর্পণ করে তার পদের প্রতি সুবিচার করতে পারেননি।
তিনি জামায়াতের মিশন সফল করতে সহায়তা করেছেন। তিনি শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর আন্দোলনকে অব্যাহত রাখতে একের পর এক বৈঠকের আয়োজন করেছেন এবং শেষ পর্যন্ত তার দাবি মেনে তাকে হিরো বানিয়েছেন। দেলোয়ার হোসেন আজিজীর অনুপ্রেরণায় পাঁচ পাঁচটি শিক্ষক আন্দোলনের জন্ম হয়েছে, যা নিয়ে সরকার বিব্রত ও সংকটে। সবচেয়ে বড় কথা, শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ও শীর্ষপদে যেসব জামায়াতপন্থীকে বসানো হয়েছে, তাদের সরানোর কোনো পদক্ষেপ নেননি। শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেছেন, আমরা শুরুতেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছিলাম। আমরা বলেছিলাম, তারা মিলেমিশে জামায়াত ও আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। শিক্ষক নেতা আজিজীকে আন্দোলনে নামিয়েছে জামায়াত। শিক্ষা উপদেষ্টা তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। অধ্যক্ষ সেলিম ভুইয়ার এ বক্তব্য স্পষ্ট। অতঃপর শিক্ষা উপদেষ্টা তার পদে অবস্থান করবেন কি না, সেটি তার ব্যাপার। পরিশেষে আমরা আশা করবো, উদ্ভূত সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।
