দেশের অভিবাসন খাতের সম্প্রসারণের পথে অন্যতম চ্যালেঞ্জ হলো উচ্চ অভিবাসন ব্যয়। যদিও বিভিন্ন গন্তব্যে কর্মী প্রেরণের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু বাস্তবে নির্ধারিত অভিবাসন ব্যয়ের সঙ্গে কর্মীদের প্রকৃত ব্যয়ের বড় ব্যবধানের অভিযোগ রয়েছে; প্রমাণও রয়েছে। এজন্য প্রধানত দায়ী মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগের শুরুতেই অভিবাসন ব্যয়ের অসংগতি আবারো সামনে এসেছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করলেও বেসরকারি রিক্রুটিং এজেন্সি-সংশ্লিষ্টদের দাবি, ৬-৭ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। অর্থাৎ সরকারি নির্ধারিত ফির সঙ্গে প্রকৃত ব্যয়ের ব্যবধান ৪-৫ লাখ টাকা। ২০২৪ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে সরকার অভিবাসন ব্যয় নির্ধারণ করেছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু বাস্তবে অনেক কর্মীকে ৫-৬ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে বলে সংশ্লিষ্টদের অনেকে দাবি করেছে। তবে শুধু মালয়েশিয়া নয়, অন্যান্য শ্রমবাজারেও সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এর অর্থ হলো, সমস্যা শুধু অভিবাসন ব্যয়ের পরিমাণ নিয়ে নয়, বরং সরকার নির্ধারিত ব্যয় কার্যকর না হওয়া ঘিরেও। এক্ষেত্রেই প্রশ্ন জাগে যৌক্তিক অভিবাসন ব্যয় নির্ধারণ, নিয়ন্ত্রণ এবং ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে সরকারের ভূমিকা নিয়ে।

পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয় ও বেসরকারি মালিকানায় বৈদেশিক শ্রমবাজারে কর্মী প্রেরণ করে থাকে। তবে বেসরকারি অংশীজনদের অবশ্যই সব কাজ নির্দিষ্ট নিয়ম মেনে, রাষ্ট্রীয় অবগতির মাধ্যমে সম্পন্ন করতে হয়। বাংলাদেশের মতো হাজার হাজার রিক্রুটিং এজেন্সিও সেসব দেশে নেই; তার পরও কর্মী পাঠাতে বিশেষ কোনো অনিয়ম হয় না, বিশৃঙ্খলা ঘটে না। ভারতই এক্ষেত্রে বড় দৃষ্টান্ত। কর্মী প্রেরণের ক্ষেত্রে চীন, ভিয়েতনামের রাষ্ট্রীয় কাঠামোও বেশ শক্তিশালী।

এদিকে দেশে মাত্রাতিরিক্ত রিক্রুটিং এজেন্সি রয়েছে, যার সংখ্যা আড়াই হাজারের বেশি। বিভিন্ন রিক্রুটিং এজেন্সি, সিন্ডিকেট, দালাল শ্রেণীর মাধ্যমে অবৈধ পথে কর্মী পাঠানো, অতিরিক্ত অর্থ আত্মসাৎসহ মানব পাচারের মতো অপরাধগুলো মূলত সংঘটিত হচ্ছে বেশি। আবার অনেকেই রিক্রুটিং এজেন্ট বা দালালের মাধ্যমে বৈধভাবে বিদেশে গিয়েও কাজ পান না। পরে দেশে ফিরে আসেন কিংবা বাধ্য হয়ে এমন কোনো কাজে যুক্ত হন, যা ওই দেশ কর্তৃক অনুমোদিত নয়। এর প্রভাব পড়েছে বৈদেশিক শ্রমবাজার ধরে রাখার ওপর। সাম্প্রতিক বছরগুলোয় গন্তব্য দেশগুলোর অনেকেই বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করেছে, যার মধ্যে মালয়েশিয়াও একটি। সুতরাং পুরো অভিবাসন খাতে এক ধরনের বিশৃঙ্খলা ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বিদ্যমান, যার শুরুটা হয় ব্যয় থেকেই।

উচ্চ অভিবাসন ব্যয়ের পেছনে কয়েকটি কাঠামোগত কারণ বণিক বার্তার প্রতিবেদনে উঠে এসেছে। বিদেশী নিয়োগকর্তার কাছ থেকে চাহিদাপত্র সংগ্রহ, ভিসা প্রক্রিয়া, মধ্যস্বত্বভোগীদের কমিশন এবং রিক্রুটিং এজেন্সির বিভিন্ন পর্যায়ের লেনদেনের ওপর কার্যকর নজরদারি না থাকায় ব্যয় বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে বলে জানা গেছে। এগুলো কাটিয়ে ওঠা জরুরি। এক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার সুযোগ রয়েছে। যেমন ভিয়েতনাম সংশ্লিষ্ট আইনের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স, আর্থিক জামানত ও সার্ভিস চার্জ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। দেশটিতে কর্মীর বেতন ও চুক্তির মেয়াদ অনুযায়ী সার্ভিস চার্জের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়। বিদেশী নিয়োগকর্তা সার্ভিস চার্জের কোনো অংশ বহন করলে কর্মীর কাছ থেকে শুধু অবশিষ্ট অর্থ নেয়ার বিধান রয়েছে।

আবার ব্যয় নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সুযোগও বাড়ানো যেতে পারে। যেমন দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর অভিজ্ঞতা রয়েছে। এ ব্যবস্থায় দুই দেশের সরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে কর্মী নির্বাচন, ভাষা পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। ফলে বেসরকারি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমে। অন্যান্য শ্রমবাজারেও এ ধরনের দ্বিপক্ষীয় সরকারি নিয়োগ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেয়াই বাঞ্ছনীয়। তবে বেসরকারি এজেন্সিগুলোর ভূমিকা পুরোপুরি বাদ দেয়ার প্রয়োজন নেই, বরং তাদের কার্যক্রমকে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা যেতে পারে।

শুধু আইন বা নীতিমালা প্রণয়ন করলেই অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশের ক্ষেত্রে প্রথমেই গন্তব্য দেশ, পেশা ও নিয়োগের ধরন অনুযায়ী যৌক্তিক অভিবাসন ব্যয় নির্ধারণ করা প্রয়োজন। এ ব্যয় নির্ধারণে ভিসা, মেডিকেল পরীক্ষা, প্রশিক্ষণ, বিমান ভাড়া ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রকৃত খরচ বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে কোন ব্যয় নিয়োগকর্তা বহন করবেন এবং কোনটি কর্মীর ওপর বর্তাবে, তা স্পষ্ট করতে হবে। এজেন্সির বৈধ সার্ভিস চার্জের সীমাও নির্ধারণ করা দরকার। তবে সিন্ডিকেটের মাধ্যমে চাহিদাপত্র কেনা কিংবা মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক কমিশনকে কোনোভাবেই বৈধ অভিবাসন ব্যয়ের অংশ করা যাবে না। এছাড়া জরুরি হলো, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নিয়োগ প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা এবং প্রতিটি ধাপে কার্যকর তদারকি নিশ্চিত করা।