উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও উৎপাদনের সাথে জড়িয়ে আছে আত্রাই নদী। দিনাজপুর, নওগাঁ ও নাটোরসহ বিস্তীর্ণ এলাকার ধান, গম, ভুট্টা ও রবিশস্য চাষে এই নদীর পানি, সেচের উৎস হিসেবে ব্যবহার হয়। ওই এলাকার যোগাযোগ ব্যবস্থায়ও সহায়ক আত্রাই। তবে নওগাঁর আত্রাই উপজেলা এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি পয়েন্টে যোগাযোগের প্রতিবন্ধকতাও এই আত্রাই নদী। নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া সীমান্তে নদীটি প্রবাহিত হয়েছে। ওই স্থানে আত্রাই প্রায় ১২০ মিটার প্রশস্ত। এই পয়েন্টে কোনো পাকা সেতু নেই। দুই পাড়ের অন্তত ৩০ থেকে ৪০ গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা খেয়া নৌকা। বর্ষায় বৃষ্টির পাশাপাশি উজানের পানির চাপে নদী ফুলে ওঠে। তখন তীব্র স্রোত থাকে। তখন খেয়া নৌকা দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ওই এলাকায় সেতু না থাকায় কোনো ভারী যানবাহন, অ্যাম্বুলেন্স বা পণ্যবাহী ট্রাক নদী পার হতে পারে না। এক পাড় থেকে অন্য পাড়ে বিকল্প পথে যেতে হয়। বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরে আত্রাই সদর বা নাটোরের অন্য সড়ক ব্যবহার করতে হয়। সেতু না থাকায় অত্র এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই। নদীর একপাশে বাড়ি অন্যপাশে ফসলি জমি। অর্থনীতি ও জীবনযাত্রায় তাদের সঙ্কট তৈরি করছে। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন, খাজুরা বাজারে যাতায়াত এবং শিক্ষার্থীদের চলাচলেও সমস্যা হচ্ছে। খাজুরায় আলিম মাদরাসা ও উচ্চবিদ্যালয় আছে। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীকে যাতায়াত করতে হয় খেয়া পার হয়ে। গতকাল নয়া দিগন্তে প্রকাশ হওয়া খবর থেকে জানা গেছে, যোগাযোগ সহজ না হওয়ায় এক মণ ধানে ২০০ টাকা বা তারও বেশি লোকসান গুনতে হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে গ্রামীণ অর্থনীতির। জরুরি চিকিৎসাসেবা পেতে দেরি হচ্ছে। ঘুরপথে যাতায়াতের কারণে অপচয় হচ্ছে শ্রম। এসব কারণে ওই পয়েন্টে একটি সেতু নির্মাণের প্রস্তাব ছিল দীর্ঘদিনের। আশার কথা হলো- সম্প্রতি এই জনদাবিটি ‘ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল’ বা ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। এতে এলাকার মানুষের মনে আশা জেগেছে। তবে অনেক সময় জনগুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব কাগজে-কলমে অথবা ডিপিপিতে অন্তর্ভুক্ত হলেও অনুমোদন, অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের ধাপে গিয়ে দীর্ঘসূত্রতায় পড়ে যায়। সেটি নিয়ে এলাকাবাসীর শঙ্কাও আছে। নওগাঁ ও নাটোরের সীমানায় এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন করা হোক। এ জন্য আত্রাই ও নলডাঙ্গা উপজেলার সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় দরকার হবে। যেকোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করতে হবে। মানসম্মত ও টেকসই সেতু নির্মাণে একযোগে কাজ করতে হবে। সেতুটি বানানো হলে ওই এলাকার কৃষিতে গতি পাবে। কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ হবে। সেটি এখন নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা ও তৎপরতার ওপর।
Opinion সম্পাদকীয়
