জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দের উপর যেইভাবে মঙ্গলবার হবিগঞ্জে এবং বৃহস্পতিবার সিলেটে হামলা হইয়াছে, উহা অনভিপ্রেত। চব্বিশের গণঅভ্যুত্থানের দুই বৎসর উদযাপনের অংশ হিসাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এইরূপ হামলা হতাশাজনক। ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী এইরূপ হামলার মধ্য দিয়া কেবল রাজনৈতিক শিষ্টাচারই লঙ্ঘন করেন নাই; স্পষ্টত ফৌজদারি অপরাধও সংঘটিত করিয়াছেন। উপরন্তু মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির উপর হামলা এবং তৎপ্রেক্ষিতে বুধবারের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা, সমস্ত দিবসের ঘটনাপ্রবাহের পরও বৃহস্পতিবার হামলার অঘটন ঘটিয়াছে। বারংবার হামলার অঘটন কেবল ক্ষমতাসীন দলের অসহিষ্ণুতার পরিচায়ক নহে; একই সঙ্গে আইনশৃঙ্খলার প্রতিও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।

স্বীকার্য, এনসিপি নেতৃবৃন্দ তাহাদের সভা-সমাবেশ ও কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীর ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য প্রদান করিয়া আসিতেছেন। আমরা জানি, চব্বিশের গণঅভ্যুত্থানে এনসিপি গঠনকারী ছাত্রনেতৃত্ব, বিএনপি, জামায়াতে ইসলামীসহ দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করিয়াছে। কিন্তু এনসিপি নেতৃবৃন্দ যেইভাবে সেই জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা রাজনৈতিক দল বিএনপিকে চিত্রিত করিতে চাহিয়াছে, উহা গ্রহণযোগ্য নহে। আবার, সেই অভ্যুত্থানকে স্মরণ করিয়া এনসিপির জুলাই পদযাত্রার ন্যায় শান্তিপূর্ণ কর্মসূচিকেও বিএনপির স্বাগত জানাইবার কথা। সেইখানে উস্কানি কিংবা হামলার প্রশ্নই বা আসিবে কেন?

বস্তুত, উস্কানিমূলক বক্তব্য অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু যে কোনো বক্তব্যের জবাবে হামলাও কখনোই গ্রহণযোগ্য হইতে পারে না। ক্ষমতাসীন দলরূপে বিএনপির দিক হইতেই অধিকতর দায়িত্বশীল আচরণ কাম্য ছিল। দলটি বরং উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে উত্তম কথা দিয়া উদাহরণ সৃষ্টি করিতে পারিত।

আমরা দেখিয়াছি, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় চক্ষে গুরুতর আঘাত পাইয়াছিল কলেজ শিক্ষার্থী ও এনসিপির কর্মী আলিফ চৌধুরী। বৃহস্পতিবার তাহার বাম চক্ষে অস্ত্রোপচার সম্পন্ন হইলেও দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয় নাই। বিবদমান পক্ষগুলির নিকট আমাদের প্রশ্ন, এই শিক্ষার্থীর চক্ষের আলো তাহারা ফিরাই দিতে পারিবে? আমরা দেখিতে চাহিব, তাহার উন্নততর চিকিৎসা ও ভবিষ্যৎ জীবন যথাসম্ভব মসৃণ করিতে সরকার অগ্রসর হইবে। হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করিয়া গত কয়েক দিনেই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা লইয়া প্রশ্ন উঠিয়াছে। আইনের দৃষ্টিতে যে সকলেই সমান, সেইখানে ঐরূপ অবস্থান প্রদর্শনে ব্যর্থ হইয়াছে পুলিশ। ইতোমধ্যে এনসিপির তরফে মামলা হইয়াছে। আমরা প্রত্যাশা করিব, আইন নিজস্ব গতিতে চলিবে। রাজনৈতিক দলগুলিকেও সংযত হইতে হইবে। হামলায় জড়িত যাহারাই থাকুক, দলীয়ভাবে আশ্রয়-প্রশ্রয় দিবার পরিবর্তে শাস্তির আওতায় আনয়ন করিতে হইবে। এই ক্ষেত্রে ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গসংগঠনকে যদ্রূপ দায়িত্বশীল আচরণ করিতে হইবে, তদ্রূপ এনসিপি নেতাকর্মীকেও সংলাপ প্রক্ষেপণ ও আচরণে সংযত হইতে হইবে।

এই ক্ষেত্রে আমরা ইহাও স্মরণ করাইয়া দিতে চাহি, ক্ষমতা প্রদর্শন কাহারও জন্য কল্যাণকর হইতে পারে না। এই আপ্তবাক্য কেবল হবিগঞ্জের ঘটনায় নহে; বর্তমান ও পূর্বের সকল ঘটনার জন্যই প্রযোজ্য। আমরা দেখিয়াছি, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দেড় বৎসরের শাসনামলে এনসিপি নেতাকর্মীর মধ্যে আইন স্বীয় হস্তে তুলিয়া লইবার প্রবণতা স্পষ্ট ছিল। বিশেষত মব সন্ত্রাস সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলিয়াছিল। এনসিপির কতিপয় নেতাকর্মী যেমন মব সন্ত্রাসে উস্কানি দিয়াছেন, তেমনই অন্তর্বর্তী সরকারও কার্যত নীরব থাকিয়া সন্ত্রাসে উৎসাহ জোগাইয়াছে। ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনসহ আওয়ামী লীগ নেতাকর্মীর গৃহে ও ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা হইয়াছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জামায়াত সমর্থিত সাধারণ সম্পাদক যেই বেপরোয়া আচরণ করিয়া আসিতেছেন, সেইখানেও এনসিপি নেতাকর্মীর উৎসাহ বৈ আপত্তি দেখি নাই। কিন্তু হবিগঞ্জের ঘটনা প্রমাণ করিল– ক্ষমতা প্রদর্শন নহে; আইনের শাসনই সকল পক্ষের জন্য উত্তম। আইনকে তাই সর্বত্রই নিজস্ব গতিতে চলিতে দিবার মধ্যেই সকলের কল্যাণ।