দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বৈদেশিক কর্মসংস্থান খাত। বিএমইটি বা জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর এক তথ্যে জানা যায়, গত দুই দশকে দেশ থেকে প্রায় দেড় কোটি মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমন করেছেন। বাংলাদেশের জনশক্তি রফতানির সবচেয়ে বড় ও ট্র্যাডিশনাল শ্রমবাজার হিসেবে সউদি আরব ও মধ্যপ্রাচ্যের পরই মালয়েশিয়ার অবস্থান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রফতানিতে প্রায়শ নানাবিধ সংকট ও প্রতিবন্ধকতা দেখা গেলেও সেখানে জনশক্তি রফতানি কখনো বন্ধ হয়নি। পরিবর্তিত রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় একসময় মালয়েশিয়ার শ্রমবাজারের উপর নির্ভরতা বেড়েছে। রিক্রুটিং সংক্রান্ত দুর্নীতি, অস্বচ্ছতা ও সিন্ডিকেটেড মুনাফাবাজির কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বাড়তি মনোযোগ ও বিধিনিষেধ আরোপ করে জি-টু-জি চুক্তিতে কম খরচে বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগও নেয়া হয়েছিল। কিন্তু সরকারের প্রয়োজনীয় উদ্যোগ এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর অসহযোগিতার কারণে সেসব চুক্তি অনুসারে জনশক্তি রফতানি লক্ষ্যমাত্রা সফল হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে সৃষ্টি হওয়া অনাকাক্সিক্ষত জটিলতায় জনশক্তি রফতানিতে স্থবিরতা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব সৃষ্টি করছে। গতকাল ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ মাস ধরে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি কার্যত বন্ধ থাকলেও এমন একটি গুরুত্বপূর্ণ থ্রাস্ট সেক্টরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও বিলিয়ন ডলারের ক্ষতি সত্ত্বেও সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো উদ্যোগ নেই।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে অহেতুক ব্যয়বাহুল্য, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং স্থবিরতার পেছনে সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও আইনগত বাধ্যবাধকতা পালনে প্রয়োজনীয় নজরদারিতে সরকারের ব্যর্থতার দায় রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, ব্যুরো অব ম্যান পাওয়ার (বিএমইটি) এবং মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়হীনতার কারণে মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে অচলাবস্থা দেখা দিয়েছে বলে এ সেক্টরের অংশীজনরা মনে করেন। মালয়েশিয়ার অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অসামান্য অবদান রয়েছে। সেখানকার চলমান উন্নয়ন কর্মকা-ে বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা থাকলেও রিক্রুটিং সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় বৈধ পথে কর্মসংস্থানের পথ বন্ধ রয়েছে।

এ সুযোগে ইন্দোনেশিয়া, নেপালসহ বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি নিয়োগের হার বাড়ছে। মালয়েশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশে দীর্ঘদিন ধরে জনশক্তি নিয়োগে অনাকাক্সিক্ষত জটিলতা নিরসনে সরকারের ব্যর্থতা বিস্ময়কর। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারেন না। এ সংকট নিরসনে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ে একাধিকবার বৈঠক হলেও কাজের কাজ কিছুই না হওয়ার পেছনে কী ফ্যাক্টর বা কারা জড়িত, সে বিষয়ে সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্ত্বেও মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের সংকট নিরসনে সরকারের কূটনৈতিক ব্যর্থতা অস্বাভাবিক বিষয়। গত বছর মে মাসে মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ১৫টি সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ বন্ধ রাখলেও চলতি বছর পুনরায় নিয়োগ শুরু হলে বাংলাদেশ, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও পাকিস্তানি শ্রমিকদের নিবন্ধন পরিক্রমায় বাংলাদেশ সবার চেয়ে পিছিয়ে আছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন শুরু হওয়া জনশক্তি নিবন্ধনে বাংলাদেশের পিছিয়ে থাকার বাস্তবতা হতাশাজনক।

মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ বৈদেশিক কর্মসংস্থানের বাজার সৃষ্টিতে সরকারের প্রত্যক্ষ উদ্যোগ ও সহযোগিতার ভূমিকা খুবই কম। তবে দেশের বিপুল জনশক্তির কর্মসংস্থান এবং রেমিটেন্স নির্ভর অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে এ খাতের জটিলতা ও প্রতিবন্ধকতাসমূহ দূর করার ক্ষেত্রে সরকারের কূটনৈতিক উদ্যোগসহ নজরদারি ও সমন্বয়কের ভূমিকার বিকল্প নেই। দেশের অর্থনীতির বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রের নানামুখী ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। পাসপোর্ট ও ভিসা জালিয়াতিসহ কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় চক্রের তৎপরতার কথা নানা মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতীয়দের ভুয়া ডকুমেন্ট, ভিসা জালিয়াতির কারণে ইউরোপ আমেরিকায় ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের জন্য বাড়তি কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ অনেকটা স্থবির হয়ে পড়ায় প্রায় দেড় কোটি মানুষের বৈদেশিক কর্মস্থান থেকে আসা রেমিটেন্সের উপর দেশের অর্থনৈতিক নির্ভরশীলতা বেড়েছে। এ খাতের উপর শ্যেনদৃষ্টি, পরিকল্পিত নিরব নাশকতায় মালয়েশিয়ার মতো অন্যান্য শ্রমবাজারে বিরূপ প্রভাব সৃষ্টি হলে দেশে বড় ধরনের সামাজিক-অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বল্গাহীন লুটপাট ও শত শত বিলিয়ন ডলার পাচারের কারণে এমনিতেই দেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টরসহ আর্থিক খাত বিপর্যয়ের সম্মুখীন। তবে নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও চলতি বছরে দশ লক্ষাধিক কর্মী বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে। অর্থবছরের প্রথমার্ধে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনৈতিক ধস ঠেকাতে বড় ভূমিকা রেখেছে। তবে এ সেক্টরের বিরুদ্ধে ষড়ন্ত্র এবং অপতৎপরতাও থেমে নেই। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে সমন্বয়হীনতা, শেয়ারবাজারে ধস অব্যাহত রয়েছে। পাচার হওয়া বিপুল অর্থের কিয়দংশও ফেরত আনতে পারেনি সরকার। মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের সমস্যা নিরসনে ব্যর্থতা ও নতুন নতুন সমস্যা সৃষ্টির পেছনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যর্থতাসহ বিভিন্ন দেশের মিশনগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পর্যালোচনার দাবি রাখে। বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া ও মুখোশধারী ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে আমলাতান্ত্রিক জটিলতাসহ ভেতর থেকে কাজ করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারকে অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে হবে।